হরতালে পুলিশের সঙ্গে মাঠে থাকবে আ.লীগ
বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের বুধ ও বৃহস্পতিবারের হরতাল প্রতিহত করতে মাঠে থাকবে আওয়ামী লীগ। তারা রাজধানীর প্রতিটি ওয়ার্ড ও থানায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়ক হিসেবে কাজ করবে। এ ছাড়া, জনগণের জানমাল রক্ষায় মাঠে থাকবেন আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।এ বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগের ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী প্রথম আলো ডটকমকে বলেন, ‘রাজধানীর সব আসনের সাংসদসহ থানা ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদককে নিজ নিজ এলাকায় অবস্থানের নির্দেশ দেওয়া হয়েছে। তাঁরা সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তা করবেন।’ জানা গেছে, বরাবরের মতোই আগামীকালের হরতালেও আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ও এর পাশের এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করবে সম্মিলিত আওয়ামী সমর্থক জোটের ব্যানারে ২২টি রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।এ ছাড়া, ১৮ দলের হরতালের প্রতিবাদে সকাল থেকেই মাঠে থাকবে আওয়ামী লীগের অঙ্গ ও সমমনা সংগঠনগুলো। এসব সংগঠনের নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবং যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ ও ওলামা লীগ বঙ্গবন্ধু অ্যাভিনিউ এলাকায় অবস্থান নেবে।