হরতালে প্রাণহানি হলে দায়িত্ব খালেদা জিয়ার: স্বরাষ্ট্রমন্ত্রী (অডিও)
স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর আগামীকালের হরতাল অযৌক্তিক বলে মন্তব্য করেছেন। আর এ অযৌক্তিক হরতালে কারও প্রাণহানি হলে তার দায়দায়িত্ব বিরোধীদলীয় নেতা খালেদা জিয়াকে নিতে হবে বলেও জানান তিনি।আজ রোববার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৩তম জন্মদিন উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভার আয়োজন করা হয়। শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ আয়োজিত আলোচনা সভা শেষে মন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আগামীকাল খালেদা জিয়া যে হরতাল আহ্বান করেছেন, সেই আহ্বান অযৌক্তিক ও অনৈতিক। এ ধরনের হরতাল জনজীবনে দুর্ভোগ সৃষ্টি ও দেশের আর্থসামাজিক উন্নয়ন ব্যাহত করে। দরিদ্র জনসাধারণের জীবিকা অর্জনের পথে বাধা সৃষ্টি করে। আমরা জনস্বার্থে হরতাল প্রতিহত করতে সর্বাত্মক পদক্ষেপ নেব।’মহীউদ্দীন খান আলমগীর আরও বলেন, ‘১৯৭১ সাল থেকে এরা বাংলাদেশের জনসাধারণকে ক্রীড়নক হিসেবে ব্যবহার করে নিজের স্বার্থসিদ্ধি করতে চেয়েছে। জনহত্যায় লিপ্ত হয়েছে। কাজেই কালকে বা এর পরে কোনো সময় যদি দেশে বিশৃঙ্খলার কারণে কোনো জনমানুষের জীবন বিপন্ন হয়, তাহলে এর পুরো দায়িত্ব খালেদা জিয়া ও তাঁর দোসরদের নিতে হবে।’ এ ছাড়া, হরতালে নৈরাজ্য সৃষ্টিকারীদের তাত্ক্ষণিক বিচার করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি ভ্রাম্যমাণ আদালতও দায়িত্ব পালন করবে বলে জানান তিনি।গতকাল শনিবার বিকেলে মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার পশ্চিম গোবিন্দল রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত শোক সমাবেশে ভাষণ দেন খালেদা জিয়া। তিনি বলেন, ‘আন্দোলন করতে গেলে হয়তো আরও কিছু প্রাণহানি হবে। জানমালের ক্ষতি হবে। কিন্তু দেশের স্বার্থে, মানুষের স্বার্থে এই ক্ষতি মেনে নিতে হবে।’