হরতালে বাধা দিলে আবার হরতাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৩০ নভেম্বরের হরতালে বাধা দেওয়া হলে আবারও হরতাল দেওয়া হবে বলে জানিয়েছেন বিএনপির নীতিনির্ধারকেরা। তবে হরতালের সময় সরকারের আচরণ নমনীয় থাকলে আগামী দু-তিন মাস সভা, সমাবেশ, লংমার্চের মতো কর্মসূচির মধ্যে সীমাবদ্ধ থাকবে বিএনপি। সরকারবিরোধী আন্দোলনের রূপরেখা নিয়ে ২১ ও ২২ নভেম্বর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে। স্থায়ী কমিটির সদস্য মাহাবুবুর রহমান প্রথম আলোকে বলেন, হরতালের আগে ও হরতালের দিন সরকারের আচরণ ভালো থাকলে এবং বিএনপিকে শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করতে দিলে সরকারবিরোধী আন্দোলন কর্মসূচি নমনীয় হবে। কিন্তু সরকার মারমুখী আচরণ করলে আবার হরতাল দেওয়া হবে। ‘শান্তিপূর্ণ হরতাল’ পালনের পর যেসব কর্মসূচি পালন করা হতে পারে, তার মধ্যে আছে খালেদা জিয়ার জেলা সফর। এই কর্মসূচির আওতায় পুরোনো ১৯টি জেলায় আয়োজিত সমাবেশে খালেদা জিয়ার বক্তব্য দেওয়ার কথা আছে। এ ছাড়া দেশব্যাপী সভা, সমাবেশ ও বিক্ষোভ মিছিল করার সিদ্ধান্ত হয়েছে। স্থায়ী কমিটির সভায় ভারতকে বন্দর ব্যবহারের অনুমতি ও টিপাইমুখে প্রস্তাবিত বাঁধ নির্মাণের প্রতিবাদে চট্টগ্রাম ও সিলেটে দুটি লংমার্চ কর্মসূচি পালনেরও সিদ্ধান্ত হয়। বিএনপির এক নেতা বলেন, ‘আমরা প্রকাশ্যে খালেদা জিয়ার বাড়ির ইস্যুতে আন্দোলন করছি না। তবে প্রচ্ছন্নভাবে সেই ইস্যুটি আসছে। এখন আর পেছনে ফেরা যাবে না। তাই আগামী তিন বছর ধারাবাহিকভাবে সরকারবিরোধী আন্দোলন করতে হবে। দলীয় ফোরামে আন্দোলনের প্রাথমিক রূপরেখা তৈরি করা হয়েছে। সরকারের আচরণের ওপর নির্ভর করবে ভবিষ্যতে কোন সময়ে কী কর্মসূচি দেওয়া হবে।’ সূত্র জানায়, বৈঠকে খালেদা জিয়া সব জেলা কমিটি গঠন ও কোন্দল নিরসনের ওপর জোর দিয়েছেন। সাংগঠনিক সমস্যা সমাধানের জন্য দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে দায়িত্ব দেওয়া হয়েছে। কমিটি না থাকা ২০টি জেলায় কমিটি গঠন ও কোন্দলে জড়িয়ে পড়া নেতা-কর্মীদের সঙ্গে আলোচনা করে সমস্যা সমাধানের চেষ্টা করবেন তাঁরা। তবে ঢাকা মহানগর কমিটি নিয়ে সৃষ্ট জটিলতা খালেদা জিয়া নিজেই সমাধান করবেন বলে জানা গেছে।ঢাকা মহানগর কমিটি নিয়ে নতুন জটিলতা: বাড়ি থেকে উচ্ছেদের পর ১৪ নভেম্বর ডাকা হরতালে ঢাকা মহানগর বিএনপি যথেষ্ট সক্রিয় না থাকায় খালেদা জিয়া সিটি করপোরেশনের মেয়র ও বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকার ওপর অখুশি হয়েছেন। এ জন্য শিগগির ঢাকা মহানগর কমিটি ঘোষণার যে উদ্যোগ নেওয়া হয়েছিল তা পিছিয়ে গেছে বলে দলীয় সূত্র জানায়। তাই ৩০ নভেম্বরের হরতালের দিন খালেদা জিয়া কেন্দ্রীয় নেতাদের রাজপথে থাকার জন্য কঠোর নির্দেশ দিয়েছেন। হরতাল সফল করতে প্রস্তুতি চলছে: হরতাল কর্মসূচি সফল করতে খালেদা জিয়া এবার পুরো কর্মকাণ্ড সরাসরি তদারক করছেন। তিনি দলীয় নেতাদের সঙ্গে আলোচনা, করণীয় নির্ধারণ, শরিক ও সমমনাদের সঙ্গে আলোচনা অব্যাহত রেখেছেন। বিএনপির দপ্তর সূত্রে জানা গেছে, ইতিমধ্যে সারা দেশে হরতালের সমর্থনে লিফলেট বিতরণের কাজ শুরু হয়েছে। দেশব্যাপী সভা-সমাবেশ চলছে। হরতালের সমর্থনে ২৯ নভেম্বর সারা দেশে বিক্ষোভ সমাবেশও করা হবে।