হরতালে বাধা দিলে কঠোর কর্মসূচি: বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপি সরকারকে হুঁশিয়ার করে দিয়ে বলেছে, হরতালে বাধা দেওয়া হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে। হরতালের আগেই দেশের বিভিন্ন স্থানে দলীয় নেতা-কর্মীদের ওপর পুলিশ ও সরকারের সমর্থকেরা হামলা ও নির্যাতন চালাচ্ছে, এমন অভিযোগও করেছে দলটি। আজ রোববার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন এসব কথা বলেন। খোন্দকার দেলোয়ার বলেন, ‘সরকারকে বলব এই শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দিয়ে আড়িয়ল বিলের মতো কোনো পরিস্থিতির সৃষ্টি করবেন না। আমাদের বাধ্য করবেন না কঠিন কোনো কর্মসূচি দিতে।’ তিনি অভিযোগ করেন, হরতাল সামনে রেখে সরকারের পুলিশ বাহিনী ও সন্ত্রাসী ক্যাডাররা বিএনপির নেতা-কর্মীদের ওপর নির্যাতন ও হয়রানি চালাচ্ছে।আড়িয়ল বিলে বিমানবন্দর নিয়ে সহিংস ঘটনায় খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার, পুঁজিবাজারে অস্থিরতার জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, নির্বাচন কমিশনের পদত্যাগসহ কয়েকটি দাবিতে বিএনপি কাল সোমবার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল পালন করবে। ইতিমধ্যে হরতাল সফল করতে দলটি ব্যাপক প্রস্তুতি সম্পন্ন করেছে। সংবাদ সম্মেলনে হরতাল পালনের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন করেন সাংবাদিকেরা। প্রশ্নের জবাবে হরতালের পক্ষে যুক্তি দেখিয়ে বিএনপি মহাসচিব বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষের জীবনধারণ কঠিন হয়ে পড়েছে। পুঁজিবাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীরা সর্বস্বান্ত হয়ে গেছে। এটাই বাস্তবতা। কিন্তু এসব সমস্যার দিকে সরকারের কোনো নজর নেই। তিনি বলেন, বিএনপি জনস্বার্থে এই হরতাল পালন করছে।সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীকে জামিনে মুক্তি দেওয়ার দাবি জানান বিএনপির মহাসচিব। তিনি বলেন, সাকা চৌধুরীর বিরুদ্ধে এখনো কোনো অভিযোগপত্র দেওয়া হয়নি। তাঁর বিরুদ্ধে যে মামলা আছে তা জামিনযোগ্য। খোন্দকার দেলোয়ার দাবি করেন, গত বৃহস্পতিবার আপন ফুফুর মৃত্যুর কারণে সাকা চৌধুরীকে প্যারোলে মুক্তি দেওয়া উচিত ছিল। কিন্তু তা করা হয়নি। সাকা চৌধুরীর শারীরিক অবস্থার কথা উল্লেখ করে তিনি বলেন, কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে এর দায় সরকারের। জনগণও এটা ভালোভাবে নেবে না। " সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার, মির্জা আব্বাস, সহসভাপতি আবদুল্লাহ আল নোমান, চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।