হরতালে বাধা দিলে লাগাতার আন্দোলন : জয়নুল আবদিন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক বলেছেন, সরকার শান্তিপূর্ণ হরতালে বাধা দিলে বিএনপি লাগাতার আন্দোলন চালাবে। আজ শনিবার রাজধানীর হাতিরপুল এলাকায় হরতালের সমর্থনে লিফলেট বিতরণের সময় তিনি এসব কথা বলেন। জয়নুল আবদিন ফারুক বলেন, তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আদালতের রায়ের একটি বড় অংশ ছিল, এ ব্যবস্থা বাতিল হলেও আগামী দুটি নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা কেবল তত্ত্বাবধায়ক সরকার বাতিলের কথা বলেছেন। বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলের প্রতিবেদনে এ কথা জানা গেছে। তিনি অভিযোগ করে বলেন, সরকার ক্ষমতা পাকাপোক্ত করার ষড়যন্ত্র করছে। আর তাই তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলেরও ষড়যন্ত্র চলছে। প্রসঙ্গত, আগামীকাল রোববারের হরতালের সমর্থনে বিএনপি আজ রাজধানীর বিভিন্ন জায়গায় লিফলেট বিতরণ করেছে।