হরতালে বাধা দিলে সহ্য করা হবে না: মুজাহিদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৭ জুন বিএনপির ডাকা হরতালে বাধা না দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ। তিনি বলেছেন, ‘এই হরতালে নির্যাতন, আঘাত হবে জনতার বিরুদ্ধে আঘাত। জনতা এই আঘাত নীরবে সহ্য করবে না।’আমার দেশ পত্রিকার প্রকাশনা বন্ধ ও সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে আজ রোববার বিকেলে পুরানা পল্টনের গলিতে ঢাকা মহানগর জামায়াত আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।জামায়াত বিকেল সাড়ে চারটায় পুরানা পল্টন মোড়ে বিক্ষোভ সমাবেশ করার ঘোষণা দিয়েছিল। কিন্তু পুলিশের ধাওয়া ও লাঠিপেটা খেয়ে তারা দলের ঢাকা মহানগর কার্যালয়ের গলিতে সমাবেশ করে। মুজাহিদ বিক্ষোভের উদ্দেশে জড়ো হওয়া দলের নেতা-কর্মীদের মারধর ও গ্রেপ্তারের নিন্দা ও প্রতিবাদ জানান।সমাবেশে সরকারকে ‘বাঁকা’ আঙ্গুলে ঘি তোলার হুমকি দেন মুজাহিদ। তিনি বলেন, ‘আমরা সরকারকে বারবার বলেছি বিরোধী দলের প্রতি ভদ্র ও গণতান্ত্রিক আচরণ করুন। এত বলার পরও সরকার নির্যাতন-নিপীড়ন চালিয়ে যাচ্ছে। তাতে বোঝা যায়, সোজা আঙ্গুলে ঘি উঠবে না।’পল্টন মোড়ে সমাবেশ করতে সরকারি অনুমতির উল্লে¬খ করে তিনি বলেন, ‘কার কাছে অনুমতি নিব। সরকারের বিরুদ্ধেই তো এই কর্মসূচি। তার কাছ থেকে অনুমতি নেওয়ার অর্থ হয় না।’ চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচনের পরিণতি দেখে সরকারের ঘুম ভাঙা উচিত বলেও মন্তব্য করেন তিনি।জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামান বলেন, সরকারই জানান দিয়েছে, তাদের সময় আর বেশি নেই। কিন্তু লাঠি ও পুলিশের জোরে তারা ক্ষমতায় টিকে থাকতে চায়।এ টি এম আজহারুল ইসলাম বলেন, ‘বীর চট্টলাবাসীর পথ ধরে আসুন স্বৈরাচারের পতন ঘটাই।’সভাপতির বক্তব্যে রফিকুল ইসলাম খান পুলিশকে সাহস থাকলে পোশাক খুলে জামায়াত-শিবিরকে মোকাবিলা করতে বলেন।ঢাকা মহানগর জামায়াত সেক্রেটারি সাংসদ এ এইচ এম হামিদুর রহমান আযাদ, সহকারী সেক্রেটারি নুরুল ইসলাম বুলবুল, আবদুল হালিম বক্তব্য দেন।