হরতালে বাস চালানোর ঘোষণা ঢাকা সড়ক পরিবহন সমিতির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির ডাকা ২৭ জুনের হরতালে রাজধানী এবং এর আশপাশের এলাকায় বাস চালানোর ঘোষণা দিয়েছে ঢাকা সড়ক পরিবহন সমিতি। এ জন্য প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের প্রতি অনুরোধ জানিয়েছে তারা।আজ বৃহস্পতিবার বিকেলে সমিতির কার্যালয়ে এক বৈঠক শেষে বাস চালানোর এ ঘোষণা দেওয়া হয়। বৈঠকে সমিতির সদস্যভুক্ত বাসমালিকেরা বলেন, হরতালে বাস বন্ধ রাখলে তাঁরা ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত হবেন।সড়ক পরিবহন সমিতির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে ফুলবাড়িয়া, সায়েদাবাদ, মহাখালী টার্মিনালের সিটি ও আন্তজেলা রুটে চলাচলকারী বাসের প্রায় ৩০০ মালিক উপস্থিত ছিলেন। প্রায় ১০০ পরিবহন কোম্পানি উপস্থিত থেকে হরতালে বাস চালানোর সিদ্ধান্ত নিয়েছে।এ বিষয়ে সমিতির সাধারণ সম্পাদক খোন্দকার এনায়েত উল্যাহ প্রথম আলোকে বলেন, ব্যবসায়িক দিক ও সাধারণ মানুষের দুর্ভোগের কথা মাথায় রেখে তাঁরা হরতালের দিন বাস চালানোর সিদ্ধান্ত নিয়েছেন।রাজধানীতে কোম্পানিভিত্তিক চলাচলকারী বাসের মালিকদের অন্য সংগঠন অ্যাসোসিয়েশন অব বাস কোম্পানিজের (এবিসি) সভাপতি খোন্দকার রফিকুল হোসেন বলেন, তাঁরাও বাস চালাতে চান। পরিবেশ থাকলে বাস চালাবেন বলে তিনি জানান।সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, সরকারের পরিবহন সংস্থা বিআরটিসি তাদের স্টাফ বাস ও পুরোনো বাসগুলো চালাবে। তবে নতুন কেনা বাসগুলো চালাবে কি না, এ বিষয়টি এখনো নিশ্চিত করেনি সংস্থাটি।