হরতালে বাস চালানোর ঘোষণা পরিবহন সমিতির
জামায়াত ও বিএনপির ডাকা টানা তিন দিনের হরতালে রাজধানী ও এর আশপাশে বাস চলাচল করবে বলে জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন সমিতি। তবে হরতালে দূরপাল্লার বাস চলবে কি না, সে বিষয়ে স্পষ্ট করে কিছু বলা হয়নি।আজ শনিবার মতিঝিলে সমিতির এক বৈঠকে হরতালে বাস চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়। এ ছাড়া হরতালে গাড়ি চলাচল যেন বাধাগ্রস্ত না হয়, সে জন্য শহরের গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা জোরদার করতে পুলিশের প্রতি আহ্বান জানানো হয়েছে।সমিতির পক্ষ থেকে জামায়াত-শিবিরের দুই দিনের এবং বিএনপির ডাকা এক দিনের হরতালের বিষয়ে ক্ষোভ ও নিন্দা জানানো হয়। মানবতাবিরোধী অপরাধের দায়ে গত বৃহস্পতিবার জামায়াতের নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীকে ফাঁসির দণ্ডাদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। এর পরপরই সারা দেশে ব্যাপক সহিংসতা শুরু করেন জামায়াত-শিবিরের কর্মীরা। এতে পুলিশসহ ৪০ জন নিহত এবং বিপুল সংখ্যক মানুষ আহত হয়েছেন। সংখ্যালঘুদের ঘরবাড়ি ও উপাসনালয়েও হামলার ঘটনা ঘটেছে।জামায়াত দাবি করেছে, এ ঘটনার প্রতিবাদেই কাল রোববার ও পরদিন সোমবার (৩ ও ৪ মার্চ) সারা দেশে ৪৮ ঘণ্টা হরতালের ডাক দিয়েছে তারা।অপরদিকে সাঈদীর ফাঁসির আদেশের পর সারা দেশে সহিংসতায় নিহতের ঘটনাকে গণহত্যা বলে দাবি করে এর প্রতিবাদে ৫ মার্চ সারা দেশে হরতাল পালনের ডাক দিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।