কয়েকটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া গতকাল রোববার সারা দেশে বিএনপির ডাকা হরতাল শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে। রাজধানীতে হরতালকারীদের সঙ্গে পুলিশ ও সরকার-সমর্থদের পৃথক সংঘর্ষে বিএনপির সাংসদ শহীদ উদ্দীন চৌধুরীসহ অন্তত ৭০ জন আহত হন। হরতালকারীরা ঢাকায় অন্তত পাঁচটি বাস ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। ভোলা ও আখাউড়ায় ‘জনদুর্ভোগের কথা বিবেচনা করে’ বিএনপির নেতারা দুপুর ১২টার পর হরতাল প্রত্যাহার করেন।হরতালের সময় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মির্জা আব্বাস, আবদুল মান্নান, আহমেদ আজম খান, সহসভাপতি শমসের মবিন চৌধুরী, সাংসদ শহীদ উদ্দীন চৌধুরীকে গ্রেপ্তার করা হয়। শহীদ উদ্দীন ও মির্জা আব্বাস পুলিশি পাহারায় চিকিৎসাধীন আছেন। আবদুল মান্নান ও আহমেদ আজম খানসহ ছয়জন গতকালই ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত থেকে জামিন নিয়ে মুক্তি পেয়েছেন। বাকি চারজন হচ্ছেন চান মিয়া, আবু জাফর, জুয়েল ও মনির হোসেন। এঁদের বিরুদ্ধে হরতাল চলাকালে পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে তেজগাঁও থানায় পুলিশ বাদী হয়ে মামলা করে।ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (জনসংযোগ) ওয়ালিদ হোসেন জানান, গাড়ি ভাঙচুর, অবৈধ জমায়েত, সরকারি কাজে বাধাদান, পুলিশের ওপর হামলা ইত্যাদি অভিযোগে হরতালের ১২ ঘণ্টায় রাজধানীতে ১৬৭ জনকে আটক করা হয়েছে।প্রথম আলোর প্রতিনিধিদের পাঠানো তথ্য অনুযায়ী হরতালের সময় ঢাকার বাইরে সারা দেশে আটক করা হয় অন্তত ৯৭ জনকে।রাজধানীর কয়েকটি স্থানে পুলিশের মারমুখী ভূমিকা দেখা গেছে, তারা হরতাল-সমর্থকদের বেধড়ক পিটিয়েছে। রাজধানীতে দোকানপাট, কল-কারখানা, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ছিল। সরকারি দপ্তরগুলো খোলা থাকলেও কাজকর্ম ছিল শিথিল। যান চলাচল ছিল সীমিত। অল্প কিছু বাস চললেও রিকশা চলেছে প্রায় স্বাভাবিকভাবে। চলেছে হিউম্যান হলারও। শেয়ারবাজারে লেনদেন স্বাভাবিক ছিল।রাজধানীর গাবতলী, সায়েদাবাদ, মহাখালী থেকে দূরপাল্লার কোনো বাস ছাড়েনি। সদরঘাট থেকে কয়েকটি লঞ্চ ছেড়ে গেছে। কমলাপুর স্টেশন থেকে রেল চলাচল স্বাভাবিক ছিল, তবে যাত্রী ছিল কম।গ্যাস, বিদ্যুৎ ও পানিসংকট; দখল, টেন্ডার, চাঁদাবাজি, ছাত্রী লাঞ্ছনা ও চাকরিচ্যুতি বন্ধ, ভারতের সঙ্গে অসম চুক্তি বাতিল, নির্বাচন কমিশনের পদত্যাগ, দ্রব্যমূল্য বৃদ্ধি, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, বিচার বিভাগ দলীয়করণ ও গণমাধ্যমের ওপর হস্তক্ষেপ বন্ধ করাসহ বিভিন্ন দাবিতে বিএনপি এ হরতাল ডাকে।বিক্ষিপ্ত সংঘর্ষ, শাহবাগ: প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাতটায় শাহবাগ মোড়ে বিএনপি ও ছাত্রদলের কর্মীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষ হয়। পুলিশ ও ছাত্রলীগের ধাওয়ার মুখে ছাত্রদলের কর্মীরা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ঢুকে পড়লে সেখানে সরকার-সমর্থক কর্মচারীদের সঙ্গে তাদের আবার সংঘর্ষ বাধে। উভয় সংঘর্ষে বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক ও সাংসদ শহীদ উদ্দীন চৌধুরীসহ ছাত্রদলের অন্তত ২০ জন কর্মী আহত হন। ঘটনাস্থল থেকে হরতাল-সমর্থক সাতজনকে গ্রেপ্তার করে পুলিশ।দুপুর একটার দিকে বঙ্গবন্ধু মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন শহীদ উদ্দীনকে আটক করে পুলিশ। এখন তিনি পুলিশি পাহারায় বেসরকারি ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এর আগে ছাত্রদলের কিছু কর্মী আজিজ সুপার মার্কেটের সামনে একটি বাসে আগুন দেওয়ার চেষ্টা করে। তাদের ছোড়া ঢিলের আঘাতে বাসের যাত্রী হারুন খান (৪০) আহত হন।হরতাল চলাকালে শাহবাগ এলাকা দিয়ে এবং মিরপুর রোডে অল্প কিছু বাস চলতে দেখা গেছে। দুপুর ১২টার দিকে সড়ক ভবনের সামনে হরতাল-সমর্থকেরা দু-তিনটি বাসের কাচ ভাঙচুর করে এবং একটি বাসে আগুন দেওয়ার চেষ্টা করে।শাহজাহানপুর: বেলা ১১টার দিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে শাহজাহানপুরের বাসার সামনে থেকে গ্রেপ্তার করে পুলিশ। আগের রাতে পল্টন থানায় দায়ের হওয়া গাড়ি পোড়ানোর মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়। প্রতিবাদে তাঁর স্ত্রী আফরোজা আব্বাসের নেতৃত্বে মিছিল বের করা হয়। পুলিশ ও র্যাব মিছিলে লাঠিপেটা করে। মিছিলকারীরা আব্বাসের বাসার গলিতে ঢুকে পড়লে পুলিশ সেখানেও হামলা চালায়। এ সময় অন্তত ২০ জন আহত হয় বলে প্রত্যক্ষদর্শীরা দাবি করেন। র্যাব-পুলিশ বাসার ভেতর ভাঙচুর করে, কাজের লোকজনকে মারধর করেছে বলে আফরোজা আব্বাস অভিযোগ করেন।বেলা ১১টার দিকে যুবদলের একটি মিছিল শাহজাহানপুরের রূপালী ব্যাংকের সামনে পুলিশের তাড়া খায়। এ সময় পুলিশ মসজিদসংলগ্ন গলি থেকে তিনজনকে আটক করে। কিছুক্ষণ পর সেখানে র্যাব অভিযান চালিয়ে আরও দুজনকে আটক করে। রেলওয়ে কলোনিতে পৃথক অভিযানের সময় রফিক নামের এক নিরীহ কিশোরকে বেধড়ক পেটায় পুলিশ।অবরুদ্ধ বিএনপির কার্যালয়: সকাল থেকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ছিল কার্যত অবরুদ্ধ। পুলিশ কার্যালয়ের সামনের রাস্তার দুই মাথায় কাঁটাতারের বেড়া দিয়ে অবরোধ তৈরি করে। সকাল থেকে দুপুর পর্যন্ত বিএনপির শ দুয়েক নেতা-কর্মী কার্যালয়ের সামনে অবস্থান করে মিছিল করেন। তবে তাঁরা ব্যারিকেড ভাঙার কোনো চেষ্টা করেননি।বিএনপির কার্যালয়ের দিকে যাওয়ার বিভিন্ন গলিতেও পুলিশ অবস্থান নেওয়ায় নেতা-কর্মীদের অনেকেই ওই এলাকায় ভিড়তে পারেননি। বেলা সাড়ে ১১টার দিকে বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দাবি করেন, ওই সময় পর্যন্ত হরতাল শতভাগ সফল হয়েছে। জনগণ স্বতঃস্ফূর্তভাবে হরতাল পালন করেছে। স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন ও জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বাইরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় নেতাদের দেখা যায়নি।তবে সকাল আটটার দিকে বিজয়নগরের কাছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মঈন খানের নেতৃত্বে একটি মিছিল বের হয়। মিছিলের পেছন থেকে পুলিশ একজন কর্মীকে আটক করলে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়।গুলিস্তান-পল্টন-মতিঝিল-প্রেসক্লাব এলাকা: এই এলাকাগুলোতে কোনো পিকেটিং ছিল না। তবে পল্টন মোড়ে সকাল থেকেই পুলিশের দুটি জলকামান প্রস্তুত ছিল। মোড়ে মোড়েও পুলিশের অবস্থান ছিল। খাবারের দোকান ছাড়া এলাকার অধিকাংশ ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ ছিল। ব্যাংক-বিমা, অফিস-আদালত খোলা থাকলেও বাইরে থেকে দরজা বন্ধ ছিল। ভেতরে কাজকর্ম হয়েছে। দুপুরের পর বঙ্গবন্ধু এভিনিউয়ে কিছু ব্যবসাপ্রতিষ্ঠান খুলতে দেখা যায়।মিরপুর ১০ নম্বর: প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, সকাল সাড়ে সাতটার দিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়ার নেতৃত্বে মিছিল বের হলে মিরপুর ১০ নম্বরের কাছে পুলিশ ধাওয়া করে। এ সময় তাঁদের ওপর আওয়ামী লীগের সমর্থকেরা হামলা চালালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।এরপর সরকার-সমর্থকেরা মিরপুর গার্লস আইডিয়াল ল্যাবরেটরি ইনস্টিটিউটের পাশের গলিতে হরতাল-সমর্থকদের ওপর হামলা চালায়। এতে সিটি করপোরেশনের কাউন্সিলর বিএনপির নেত্রী কামরুন্নেসাসহ ১১ জন আহত হন।সকাল সাড়ে ১০টার দিকে সেনপাড়া-পর্বতা এলাকায় হরতালের সমর্থনে একটি মিছিলে পুলিশ ও আওয়ামী লীগের কর্মীরা বাধা দিলে ধাওয়া-পাল্টাধাওয়া হয়। হরতালকারীরা একটি মিনিবাস ভাঙচুর করে।দুপুর দুইটার দিকে বিএনপির কর্মীদের একটি মিছিল সনি সিনেমা হলের সামনে পুলিশের ধাওয়ায় ছত্রভঙ্গ হয়ে যায়। তার আগে দুপুর পৌনে ১২টায় পল্লবী বাসস্ট্যান্ডের কাছে দুটি ককটেলের বিস্ফোরণ হয়। পুলিশ ঘটনাস্থল থেকে দুই যুবককে গ্রেপ্তার করে।সকালের দিকে পল্লবী থেকে দু-একটি বাস গুলিস্তানের উদ্দেশে ছেড়ে যায়। দুপুরের পর বাসের সংখ্যা বেড়ে যায়। বিক্ষিপ্তভাবে সিএনজিচালিত কিছু অটোরিকশাও চলেছে। রাস্তায় রিকশা চলাচল ছিল স্বাভাবিক।কাপ্তানবাজারে পুলিশের লাঠিপেটা: সকালে ঢাকার মেয়র সাদেক হোসেন খোকার নেতৃত্বে একদল নেতা-কর্মী কাপ্তানবাজার ব্যবসায়ী সমিতির সামনে অবস্থান নেন। বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ নেতা-কর্মীদের ধাওয়া করে। পুলিশের তাড়া খেয়ে বেশ কিছু নেতা-কর্মী কাপ্তানবাজারের দক্ষিণ পাশের রাস্তায় ঢুকে পড়েন। পুলিশ সেখানেও হানা দেয়। এ সময় বিএনপির কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন।পরে নেতা-কর্মীরা আবার জড়ো হয়ে সাদেক হোসেনের নেতৃত্বে মিছিল করেন। মিছিলটি নবাবপুর রোডে যাওয়ার পর পুলিশ বাধা দেয় এবং মিছিলটি দুই ভাগ হয়ে যায়। খোকার নেতৃত্বে একদল নেতা-কর্মী আবার নবাবপুর রোডের মাথায় এসে জড়ো হন। পুলিশ এখানেও লাঠিপেটা করে এবং যুবদলের নেতা বাবুল ও সোহাগ এবং ছাত্রদলের নেতা আবদুর রহিমকে গাড়িতে তুলে নেয়।বেলা ১১টায় সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর রাজিয়া আলীম ও সুরাইয়া বেগমের নেতৃত্বে পাঁচজন নারী নবাবপুর রোডে পৌঁছামাত্র পুলিশ তাঁদের আটক করে।পুরান ঢাকায় সরকারি দলের অবস্থান: পুরান ঢাকার শহীদ মাজার, চকবাজার এবং সংলগ্ন এলাকায় কোনো পিকেটিং ছিল না। সারা দিন মোড়ে মোড়ে আওয়ামী লীগের নেতা-কর্মীদের অবস্থান ছিল। লালবাগ থানা ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের নেতারা সড়কে মোটরসাইকেল মহড়া দেন। অনেকে বাস চালানোর জন্য চালকদের অনুরোধ করেন। জনসন রোড, লক্ষ্মীবাজার, বাংলাবাজার, সদরঘাট এলাকার দোকানপাট বন্ধ ছিল।হরতালের সমর্থনে সকাল পৌনে আটটায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে পিকেটিং করার চেষ্টাকালে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়কসহ পাঁচজন নেতা-কর্মীকে আটক করে পুলিশ।যাত্রাবাড়ী-সায়েদাবাদ: সকাল সোয়া নয়টার দিকে দক্ষিণ যাত্রাবাড়ীর শহীদ ফারুক সড়কে ৩০-৪০ জন বিএনপির কর্মী মিছিল বের করলে পুলিশের বাধার মুখে পড়ে। সাড়ে নয়টার দিকে যাত্রাবাড়ী থানা জামায়াতে ইসলামীর ব্যানারে ছোট একটি মিছিল বিএনপির মিছিলের সঙ্গে যুক্ত হয়। পুলিশের বাধায় মিছিলটি ছত্রভঙ্গ হয়ে গেলে সড়কের দুই পাশে অবস্থান নেন নেতা-কর্মীরা। সোয়া ১০টার দিকে ইট ছুড়লে সেখান থেকে তিনজনকে আটক করে পুলিশ।মোহাম্মদপুর: সকাল থেকে দুপুর পর্যন্ত মোহাম্মদপুরে বিএনপির নেতা ইকবাল হাসান মাহমুদের বাসার সামনের রাস্তায় পুলিশের ঘেরাওয়ের মধ্যে ছিলেন বিএনপির নেতা-কর্মীরা। সেখান থেকে বেরোনোর সময় পুলিশ পাঁচজনকে আটক করে। এর আগে সকাল সাতটায় আসাদ গেট থেকে যুবদলের সভাপতি মোয়াজ্জেম হোসেনের নেতৃত্বে একটি মিছিল বের হয়।মিরপুর রোড, মানিক মিয়া এভিনিউয়ে রিকশা চলাচল করে। এই রাস্তায় বাস চলাচল করতেও দেখা গেছে।ঢাকা বিশ্ববিদ্যালয়: ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো ক্লাস-পরীক্ষা হয়নি। ছাত্রদলের নেতা-কর্মীরা ক্যাম্পাসে ঢুকতে পারেননি। বেলা ১১টার দিকে ক্যাম্পাসে হরতালবিরোধী মিছিল করে ছাত্রলীগ। মিছিল শেষে চারুকলার সামনে সমাবেশ হয়। এতে ছাত্রলীগের কেন্দ্রীয় ও বিশ্ববিদ্যালয় শাখার নেতারা উপস্থিত ছিলেন।মহাখালী, গুলশান ও বাড্ডা: মহাখালী ও বাড্ডা এলাকায় হরতাল-সমর্থক ও পুলিশের মধ্যে কয়েক দফা সংঘর্ষ হয়। মহাখালীতে পুলিশের এক সদস্যসহ ছয়জন আহত হন। বাড্ডায় বিএনপির ১৭ জন নেতা-কর্মী আহত হন। বিএনপির নেতা ওসমান ফারুক ও আলতাফ হোসেনের নেতৃত্বে এ দুটি এলাকায় হরতালের সমর্থনে মিছিল ও সমাবেশ হয়।বেলা দুইটায় ওসমান ফারুক সাংবাদিকদের বলেন, দেড়টার দিকে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা শমসের মবিন চৌধুরীকে মহাখালী ওয়্যারলেস গেট থেকে ধরে নিয়ে গেছে পুলিশ।পুলিশ সূত্র জানিয়েছে, সকালের সংঘর্ষের সময় বাড্ডার লিংক রোড থেকে ২৫ জনকে আটক করা হয়েছে।গুলশানে কোনো পিকেটিং ছিল না। রিকশা ছাড়া কোনো যানবাহন চলাচল করেনি। অধিকাংশ দোকানপাটও ছিল বন্ধ। তবে বেসরকারি অনেক সংস্থা, প্রতিষ্ঠান ও ব্যাংক খোলা ছিল।