হরতালে বিক্ষিপ্ত সংঘর্ষ, সড়ক অবরোধ, ভাঙচুর
প্রধান বিরোধী দল বিএনপির গতকাল মঙ্গলবারের হরতালে দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষ, যানবাহন ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ সময় অন্তত ৪২ জন আহত হয়েছেন। আটক করা হয়েছে ১৫ জনকে। হরতাল-সমর্থকেরা জয়দেবপুরে ট্রেনে আগুন দেয়, বরিশালে বেইলি সেতুর পাটাতান খুলে ফেলে, চাঁদপুর, রাঙ্গুনিয়াসহ বিভিন্ন এলাকার সড়কে গাছ কেটে অবরোধ করে।এদিকে সাতক্ষীরার কলারোয়ায় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যানের কার্যালয়ে বোমা বিস্ফোরণে শুকুর আলী (৩৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ছাড়া জামায়াত-শিবিরের সহিংসতায় আহত পুলিশ কনস্টেবলসহ আরও তিনজন মারা গেছেন। এ নিয়ে কয়েক দিনের সহিংসতায় ৭৮ জনের মৃত্যু হয়েছে।ঢাকার বাইরে নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:আরও চারজন নিহত: সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক ও কলারোয়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মানোয়ারা ফারুখের কার্যালয়ে গতকাল বেলা একটার দিকে বোমার বিস্ফোরণ ঘটে। ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম জানান, মানোয়ারা তাঁর কক্ষে কয়েকজনের সঙ্গে কথা বলছিলেন। এ সময় কে বা কারা একটি বোমা ছুড়ে মারে। এতে কলারোয়া উপজেলার কোটা গ্রামের শুকুর আলীসহ ছয়জন আহত হন। তাঁদের মধ্যে চারজনকে যশোর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে বেলা সাড়ে তিনটার দিকে শুকুর আলী মারা যান। এ ব্যাপারে জানতে মানোয়ারা ফারুখের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যায়।কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিকদার আক্কাছ আলী জানান, মানোয়ারা কারও নাম উল্লেখ না করে থানায় অভিযোগ করেছেন। কারা এ বোমা নিক্ষেপ করেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।পীরগাছায় জামায়াত-শিবিরের হামলায় আহত কনস্টেবল মোজাহার আলী গতকাল বেলা ১১টায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে মারা যান। তাঁর বাড়ি দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার নসরতপুর গ্রামে। বগুড়ায় জামায়াতের হরতালে শহরের স্টেশন সড়কে পুলিশের সঙ্গে সংঘর্ষের সময় গুলিবিদ্ধ সেলিম মিয়া শহীদ জিয়াউর রহমান হাসপাতালে গতকাল ভোরে মারা যান। বগুড়া সদর থানার ওসি সৈয়দ সহিদ আলম জানান, এ ঘটনায় সেলিমের বাবা দুদু মিয়া মামলা করেছেন। টাঙ্গাইলে গত ২৩ ফেব্রুয়ারি ১৪ দলের বিক্ষোভ কর্মসূচি চলাকালে শহরের ভিক্টোরিয়া সড়কে শিবিরের সাবেক এক নেতা পরিচালিত কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রে হামলায় আহত জেলা ছাত্রলীগের সহসভাপতি শহীদ সিদ্দিকী গতকাল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। টঙ্গী (গাজীপুর): গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে স্টেশনের মাস্টার জিয়াউদ্দিন সরদার জানান, সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা থেকে তুরাগ এক্সপ্রেস-২ ট্রেনটি জয়দেবপুর স্টেশনে থামে। যাত্রী নেমে যাওয়ার পর পর ট্রেনের একটি কামরায় কে বা কারা আগুন দেয়। স্টেশনের কর্মী ও পুলিশ সঙ্গে সঙ্গেই আগুন নিভিয়ে ফেলে। এর আগেই কয়েকটি আসন পুড়ে যায়। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, টঙ্গীর চেরাগ আলী ও কলেজগেট এলাকায় সকাল নয়টার দিকে হরতালের সমর্থনে মিছিল বের করে বিএনপি। এ সময় কয়েকটি গাড়ি ভাঙচুর ও একটি চলন্ত যাত্রীবাহী বাসে আগুন ধরিয়ে দেওয়া হয়। এতে অন্তত ১০ জন যাত্রী আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফাঁকা গুলি ও কাঁদানে গ্যাসের শেল ছুড়ে পিকেটারদের সরিয়ে দেয়। গতকাল সকালে জামায়াতের গাজীপুর জেলা আমির আবুল হাসেম খান এবং তাঁর দুই ছেলে মো. ফারুক ও মো. ফরিদকে আটক করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। বরিশাল: হরতাল-সমর্থকেরা বরিশাল-মুলাদী সড়কে একটি সেতুর পাটাতন তুলে ফেলে। এ ছাড়া সড়কে গাছের গুঁড়ি ফেলে অবরোধ সৃষ্টি করে। বরিশাল-ভোলা সড়কে তিনটি ট্রাক ভাঙচুর করে পিকেটাররা। এতে বরিশাল থেকে মুলাদী ও হিজলা উপজেলার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিকে বরিশাল নগরের বেশ কয়েকটি স্থানে হরতাল-সমর্থকদের সঙ্গে পুলিশ ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।কুমিল্লা: কুমিল্লা শহরে আজ বুধবার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি। গতকাল বিএনপির ‘শান্তিপূর্ণ হরতাল কর্মসূচিতে গুলিবর্ষণ ও দলীয় কার্যালয় ভাঙচুরের প্রতিবাদে’ এ হরতাল ডাকা হয়। হরতালের সময় বিএনপির একটি অংশ কান্দিরপাড়ের দলীয় কার্যালয়ে, আরেকাংশ একই এলাকার আলী ম্যানশনে অবস্থান নেয়। দুপুর সাড়ে ১২টার দিকে আলী ম্যানশনের সামনে আওয়ামী লীগের মিছিলের পেছনে একটি ককটেল বিস্ফোরিত হয়। এরপর আরও অর্ধশতাধিক ককটেল বিস্ফোরিত হলে এলোপাতাড়ি গুলি চলে। ওই সময় আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা প্রকাশ্যে অস্ত্র বের করে কেউ কেউ গুলি ছোড়েন বলে অভিযোগ ওঠে। রংপুর: বেলা দেড়টার দিকে হরতালের সমর্থনে ছাত্রদলের নেতা-কর্মীরা শহরে মিছিল বের করেন। মিছিলটি শহরের পায়রা চত্বরের কাছে এলে ছাত্রলীগের নেতা-কর্মীরা ধাওয়া করেন। এতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হন। এর আগে দুপুর ১২টার দিকে শহরের রেলওয়ে স্টেশন এলাকায় ছাত্রদল ও ছাত্রলীগের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ায় ১০ জন আহত হন। পীরগাছায় বেলা পৌনে দুইটার দিকে বিএনপির নেতা-কর্মীদের মিছিল থেকে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে হামলা চালানো হয়। পুলিশ ঘটনাস্থল থেকে একজনকে আটক করে।চাঁদপুর: চাঁদপুরে হরতাল-সমর্থক ও বিরোধীদের মধ্যে সংঘর্ষে অন্তত পাঁচজন আহত হন। চাঁদপুর-কুমিল্লা মহাসড়কের ১০ কিলোমিটার এলাকায় সড়কের বিভিন্ন স্থানে গাছ, গাছের গুঁড়ি ফেলে ও টায়ার জ্বালিয়ে অবরোধ করে হরতাল-সমর্থকেরা। বাবুরহাট-মতলব-পেন্নাই সড়ক ও চাঁদপুর-লক্ষ্মীপুর, চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে গাছ ফেলে সড়ক অবরোধ করা হয়। চাঁদপুর-লক্ষ্মীপুর সড়কের পাঁচ কিলোমিটারজুড়ে শতাধিক গাছ কেটে অবরোধ সৃষ্টি করায় হাজারো মানুষ দুর্ভোগে পড়েছে। চাঁদপুর-লাকসাম রেলপথে হাজীগঞ্জ এলাকায় চাঁদপুর শহরের মৈশাদী এলাকায় রেললাইনের স্লিপারে আগুন ধরিয়ে দেওয়া হয়। জেলার বিভিন্ন স্থান থেকে সাতজনকে আটক করে পুলিশ। রাঙ্গুনিয়া (চট্টগ্রাম): বিএনপির নেতা-কর্মীরা চন্দ্রঘোনা, রোয়াজারহাট, ঘাটচেক রাস্তার মাথা, ইছাখালী, পোমরা শান্তির হাট এলাকায় গাছ ফেলে অবরোধ করেন। পুলিশ জানায়, সড়কের পাশের গাছ কেটে চার জায়গায় অবরোধ সৃষ্টি করা হয়। সেগুলো সরিয়ে দেওয়া হয়েছে।নারায়ণগঞ্জ: শহরের ডিআইটি বাণিজ্যিক এলাকায় পুলিশ ও হরতাল-সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে জেলা বিএনপির সভাপতিসহ অন্তত পাঁচজন আহত হন। জেলার বিভিন্ন স্থানে পিকেটাররা ১০টি গাড়ি ভাঙচুর করে। এ ছাড়া শহরের গলাচিপা, কাঁচপুর, রূপগঞ্জের আধুরিয়ায় পিকেটার ও পুলিশের সংঘর্ষ হয়। লক্ষ্মীপুর: টায়ার জ্বালিয়ে, গাছ কেটে অবরোধ করে ও বেশ কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে হরতালকারীরা শহরে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে। রামগঞ্জ উপজেলার রসুলপুর ইসলামিয়া বেড়ি বাজারে হরতাল-সমর্থক ও বিরোধীদের মধ্যে সংঘর্ষে ১২ জন আহত হন। কিশোরগঞ্জ: বেলা একটার দিকে জেলা জজ আদালতের সামনে পুলিশ বক্সের কাছে একটি পিকআপ ভ্যানে আগুন দেয় পিকেটাররা। এ ঘটনায় গাইটাল ডুবাইল এলাকা থেকে চারজনকে গ্রেপ্তার করে পুলিশ। কুড়িগ্রাম: রাজারহাট উপজেলা সদরে হরতাল-সমর্থক ও বিরোধীদের পাল্টাপাল্টি ভাঙচুরের ঘটনা ঘটে। রাজারহাট প্রেসক্লাব, মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়, বিএনপির কার্যালয় ও ১০টি ব্যবসাপ্রতিষ্ঠান ভাঙচুর করা হয়েছে—এ খবর ছড়িয়ে পড়লে আওয়ামী লীগের কর্মীরা বিএনপির সমর্থকদের অন্তত ছয়টি দোকান ভাঙচুর করেন। এসব ঘটনায় তিনটি মামলা হয়েছে।নোয়াখালী: মাইজদী বাজার, সোনাপুর, দত্তেরহাট ও পৌর বাজার এলাকায় সড়কে গাছ ফেলে এবং টায়ার জ্বালিয়ে পিকেটিং করে হরতাল-সমর্থকেরা। হরতালের আগের রাত সাড়ে তিনটার দিকে জেলার কোম্পানীগঞ্জের বসুরহাটে দুটি পিকআপ ভ্যান ও একটি ট্রাকে আগুন দেয় পিকেটররা। ফেনী: ফেনীতে শহরের বারাহিপুর রেলগেট এলাকায় পিকেটাররা পাঁচটি গাড়ি ভাঙচুর করে। বিভিন্ন সড়কে টায়ার জ্বালিয়ে ব্যারিকেড দেয় পিকেটাররা। মঠবাড়িয়া (পিরোজপুর): মঠবাড়িয়া-পিরোজপুর সড়কের কয়েকটি স্থানে গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করেন বিএনপির নেতা-কর্মীরা। এ ছাড়া মঠবাড়িয়া-পাথরঘাটা সড়ক, মঠবাড়িয়া-মিরুখালী সড়ক, আমড়াগাছিয়া ও বেতমোর সড়কে হরতাল-সমর্থকেরা গাছ কেটে ফেলে অবরোধ করে। পুলিশ নাশকতা সৃষ্টির সন্দেহে জামায়াতের নেতা আবদুল মালেক মীর (৪৭), বিএনপির কর্মী নাসির হাওলাদার (৩০) ও আবদুল আলিমকে (২৮) আটক করে। ঝিনাইদহ: ঝিনাইদহ সদর ও হরিণাকুণ্ডু উপজেলার বিভিন্ন এলাকা থেকে ১২ জনকে আটক করে পুলিশ। ভোরে পিকেটাররা গাছ কেটে ও গুঁড়ি ফেলে ঝিনাইদহ-যশোর ও ঝিনাইদহ-চুয়াডাঙ্গা সড়ক অবরোধ করে। সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ সড়কের সীমান্ত বাজার এলাকায় টায়ার জ্বালিয়ে ও গাছের গুঁড়ি ফেলে মহাসড়ক অবরোধ করে পিকেটাররা। এ ছাড়া উল্লাপাড়া উপজেলার কাঁঠালতলা ও শ্রীকোলা, সিরাজগঞ্জ-কাজীপুর আঞ্চলিক মহাসড়কের ফকিরতলা, সিরাজগঞ্জ-নলকা সড়কের চণ্ডীদাসগাতী এলাকায় গাছ ফেলে অবরোধ সৃষ্টি করা হয়।