হরতালে বিক্ষিপ্ত সংঘর্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা, চট্টগ্রাম, রাজশাহীসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষিপ্ত সংঘর্ষের মধ্য দিয়ে গতকাল রোববার বিএনপির ডাকা হরতাল পালিত হয়েছে। তবে ঈদের ছুটির ঠিক আগের এই হরতাল সারা দেশে ব্যাপক জনদুর্ভোগের সৃষ্টি করে। ঢাকায় ঈদ উপলক্ষে বাসের আগাম টিকিট করা যাত্রীদের ভোগান্তি হয়েছে সবচেয়ে বেশি। পরিবহন কোম্পানিগুলো বাস চলবে বলে জানালেও তারা গতকাল দূরপাল্লার বাস চালায়নি। ট্রেনের যাত্রীদের রিকশা ও অন্য পরিবহনে চড়ে ঝুঁকি নিয়ে স্টেশনে যেতে হয়েছে। নারী-শিশুদের ভোগান্তি ছিল অবর্ণনীয়। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে ঢাকা সেনানিবাসের বাড়ি থেকে ‘উচ্ছেদের’ প্রতিবাদে গতকালের এই সকাল-সন্ধ্যা হরতাল ডাকা হয়। হরতাল চলাকালে খালেদা জিয়া গুলশানে তাঁর ছোট ভাই শামীম এস্কান্দারের বাসায় ছিলেন। হরতাল চলাকালে ঢাকার মোহাম্মদপুরের নূরজাহান রোডে একটি যাত্রীবাহী বাসে আগুন লাগানো হয়। ঢাকা জেলা জজ আদালতের সামনে পুলিশের একটি গাড়িতে পেট্রল বোমা নিক্ষেপ করা হয়। একই এলাকায় ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের পাশের একটি রাস্তায় একটি পিকআপ ভ্যানে আগুন লাগানো হয়। মিরপুর, শান্তিনগর ও ফকিরাপুলে বেশ কিছু বাস ভাঙচুর করা হয়। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় এলাকায় পুলিশের সঙ্গে হরতালকারীদের সংঘর্ষ হয়েছে। বিভিন্ন জেলা ও উপজেলা থেকে প্রথম আলোর প্রতিনিধিদের পাঠানো তথ্য অনুযায়ী, যশোর, ঠাকুরগাঁও, বগুড়া, গাইবান্ধা, ফেনী ও ভোলায় ২১টি বাস, ট্রাক ও মোটরসাইকেল ভাঙচুর করেছে হরতালকারীরা। নোয়াখালীর সোনাইমুড়ী ও নড়াইলের লোহাগড়ায় তিনটি বাস ও মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়েছে। এ নিয়ে সারা দেশে ভাঙচুর ও পোড়ানো হয়েছে প্রায় ৩০টি গাড়ি। পিকেটারদের ইটের আঘাতে ও পুলিশের লাঠিপেটায় বিভিন্ন স্থানে ১৮০ জনের মতো আহত হয়েছে। সারা দেশে শনিবার রাতে ও গতকাল হরতাল চলাকালে ২৮৬ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে ঢাকায় হরতালের সময় আটক হয়েছে ৩৪ জন। চট্টগ্রাম শহরের উপকণ্ঠে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কর্নেলহাটসহ আরও দু-একটি স্থানে হরতালকারীরা রাস্তা আবরোধের চেষ্টা করে। চট্টগ্রাম নগরে কয়েকটি গাড়ি ও অটোরিকশা ভাঙচুরের ঘটনা ঘটে। রাজশাহীতে পুলিশের সঙ্গে হরতালকারীদের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। নাটোর, নারায়ণগঞ্জ, কিশোরগঞ্জ ও চাঁদপুরে বিক্ষিপ্ত সংঘর্ষের খবর পাওয়া গেছে। সাভারে হরতালকারীরা সড়ক অবরোধ ও গাড়ি ভাঙচুর করেছে। ঢাকায় প্রায় সব দোকানপাট বন্ধ ছিল। পরিবহন কোম্পানিগুলো আগের রাতে অগ্রিম টিকিট করা ঈদের যাত্রীদের গাড়ি চালাবে বলে জানালেও শুধু শ্যামলী পরিবহনের কিছু বাস ছাড়া দূরপাল্লার কোনো বাস ঢাকা ছেড়ে যায়নি। তবে নগর পরিবহনের বাস ও রিকশা চলাচল যথেষ্ট ছিল। সচিবালয়সহ সব সরকারি-বেসরকারি অফিসে স্বাভাবিক কাজকর্ম হয়েছে। চট্টগ্রাম ও মংলা বন্দরে মালপত্রের ওঠানামা স্বাভাবিক ছিল। ট্রেন ও লঞ্চ চলাচল কিছুটা বিলম্বিত হলেও স্বাভাবিক ছিল। বিমান চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি। ব্যাংক-বিমায় স্বাভাবিক লেনদেন হয়েছে। শেয়ারবাজারেও লেনদেন চলেছে। বিএনপি দাবি করেছে, তাদের আহূত হরতাল সফল হয়েছে। আর স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক বলেছেন, পবিত্র ঈদুল আজহার আগে মানুষকে বাড়তি দুর্ভোগে ফেলার জন্য ডাকা হরতাল জনগণ প্রত্যাখ্যান করেছে।নয়াপল্টন: সকাল থেকেই বিএনপির নেতা-কর্মীরা দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হন। কেন্দ্রীয় নেতারা এসে কার্যালয়ের তিনতলায় অবস্থান নেন। বাইরে কর্মীরা কিছুক্ষণ পর থেমে থেমে বিক্ষোভ মিছিল করেন। তবে বিপুলসংখ্যক পুলিশ তাঁদের ঘিরে রাখে। বেলা সাড়ে ১১টার দিকে বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। পুলিশের লাঠিপেটায় বেশ কয়েকজন কর্মী আহত হন। বিরোধীদলীয় চিফ হুইপ জয়নাল আবদিন ফারুকের হাতেও আঘাত লাগে। পুলিশ দুটি কাঁদানে গ্যাসের শেলও নিক্ষেপ করে। একপর্যায়ে সাত-আটজনকে আটক করে।এরপর বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে আরেক দফা মিছিল হয়। প্রেসক্লাব: বেলা সোয়া ১১টার দিকে রফিকুল ইসলাম মিয়ার নেতৃত্বে মিছিল নিয়ে প্রেসক্লাবের সামনে আসে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতা-কর্মীরা। তাঁরা রাস্তায় দাঁড়িয়ে বিক্ষোভ করতে চাইলে পুলিশ বাধা দেয়। বাধা উপেক্ষা করে তাঁরা রাস্তায় বসে বিক্ষোভ শুরু করেন। তাঁদের ছত্রভঙ্গ করতে পুলিশ মৃদু লাঠিপেঠা ও একপর্যায়ে জলকামান থেকে রঙিন পানি নিক্ষেপ করে। এ সময় কদম ফোয়ারা মোড়ে তাঁরা একটি গাড়ি ভাঙচুর করেন বলে জানায় পুলিশ। পরে আবার আইনজীবীরা হাইকোর্টের প্রধান ফটকের সামনে রাস্তায় বসে ও শুয়ে প্রতিবাদ জানান। প্রত্যক্ষদর্শীরা জানান, ওই সময় সেখান দিয়ে একজন মন্ত্রীর গাড়ি যাচ্ছিল। বিক্ষোভকারীরা ‘ধর ধর’ করে ওঠেন। এ সময় পুলিশের সঙ্গে তাঁদের ধস্তাধস্তি হয়। তাঁদের ছত্রভঙ্গ করতে পুলিশ আবারও সেখানে জলকামান ব্যবহার করে। পুলিশের অতিরিক্ত উপকমিশনার (রমনা অঞ্চল) নুরুল ইসলাম সাংবাদিকদের বলেন, তাঁদের অনুরোধ জানানোর পরও তাঁরা রাস্তা আটকে রাখছিলেন। পুলিশ বাধ্য হয়ে জলকামান ব্যবহার করেছে।ঢাকা বিশ্ববিদ্যালয়: ভোর থেকেই ছাত্রদলের কেন্দ্রীয় ও বিশ্ববিদ্যালয় শাখার নেতা-কর্মীরা সায়েন্স ল্যাবরেটরি-সংলগ্ন পপুলার ডায়গনস্টিক সেন্টারের সামনে জড়ো হন। সকাল সাড়ে সাতটার দিকে তাঁরা মিছিল নিয়ে শাহবাগের দিকে আসার প্রস্তুতি নিলে ধানমন্ডি থানা পুলিশ বাধা দেয়। বিক্ষোভকারীরা পুলিশের একটি মোটরসাইকেল ও একটি প্রাইভেটকার ভাঙচুর করে। পুলিশ ধাওয়া দিয়ে তাঁদের ছত্রভঙ্গ করে দেয় এবং ঘটনাস্থল থেকে নয়জনকে আটক করে। তাঁরা হলেন কেন্দ্রীয় ছাত্রবিষয়ক সম্পাদক এজমাল হোসেন, কেন্দ্রীয় কমিটির সদস্য নিয়াজ মাখদুম, নেত্রকোনা শাখার সভাপতি এস এম মনিরুজ্জামান, নিজামউদ্দিন, মো. সেলিম, বাশার সিদ্দিকি, শাহজালাল খান, তৌহিদুল ইসলাম ও আবু হানিফ।ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুল হক দাবি করেছেন, তাঁরা সকাল ১০টায় বাংলামোটর এলাকায় অবস্থান নিলে ছাত্রলীগের নেতা-কর্মীরা তাঁদের ওপর চড়াও হন। এ সময় তাঁদের চারজন নেতা-কর্মী আহত হন। তবে রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম শিবলী নোমান প্রথম আলোকে জানান, ‘হরতাল চলাকালে এই থানা এলাকায় কোনো মিছিল বা সংঘর্ষের ঘটনা ঘটেনি।’ ছাত্রলীগের বিক্ষোভ: ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে হরতালবিরোধী বিক্ষোভ মিছিল করে। কেন্দ্রীয় সভাপতি মাহমুদ হাসান ও সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরীর নেতৃত্বে মধুর ক্যানটিন থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি চারুকলা ইনস্টিটিউটের সামনে শেষ হলে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ হয়। সমাবেশে বক্তারা বলেন, ঈদের আগে জনগণের দুর্ভোগ সৃষ্টি ও যুদ্ধাপরাধীদের বিচার বিলম্বিত করতে এই হরতাল ডেকেছে বিএনপি। মিরপুর: বিএনপিকে কোনো মিছিল-সভা করতে দেখা যায়নি। স্থানীয় আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনগুলো সকাল থেকে দুপুর পর্যন্ত খণ্ড খণ্ড মিছিল করে। দুপুরের পর প্রায় সব দোকানপাট খোলা দেখা গেছে। প্রত্যক্ষদর্শী ব্যক্তি ও পুলিশ প্রশাসন জানায়, সকালের দিকে মিরপুর-২ নম্বর এলাকায় পিকেটাররা একটি যাত্রীবাহী বাস লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে। মিরপুরের সেনপাড়া, ১০ নম্বর গোলচত্বর এবং ১১ ও ১২ নম্বর এলাকায় সকাল আটটা থেকে ১০টার মধ্যে পিকেটাররা বিভিন্ন গলিমুখ থেকে শিখর পরিবহনের তিনটি বাসসহ বেশকিছু যাত্রীবাহী বাস লক্ষ্য করে ইট-পাথর ছোড়ে। এতে বাসগুলোর জানালার কাচ ভেঙে যায়। পল্লবী থানার উপপরিদর্শক হাবিবুর রহমান প্রথম আলোকে জানান, সকাল থেকে মিরপুরের সব যাত্রীবাহী পরিবহন চলাচল করেছে। তবে সংখ্যায় কম ছিল। দুপুরের পর যাত্রীবাহী বাসগুলো স্বাভাবিক চলাচল শুরু করে। মিরপুর থানার অপারেশন কর্মকর্তা আবু বকর জানান, হরতালের আগের রাতে ১৭ জনকে আটক করে গতকাল তাঁদের আদালতে চালান দেওয়া হয়েছে।পুরান ঢাকা: জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতা-কর্মীরা সকাল নয়টার দিকে বাহাদুর শাহ পার্ক এলাকায় সংগঠিত হওয়ার চেষ্টা করেন। এ সময় কোতোয়ালি থানার পুলিশ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শহীদুল ইসলাম, শিপন মৃধা, ইব্রাহিম ভূঁইয়া ও আরিফ হোসেন নামের চারজনকে আটক করে। সকাল ১০টার দিকে ছাত্রদলের কর্মীরা ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের দক্ষিণ পাশের গলিতে থাকা একটি পিকআপ ভ্যানে েপেট্রল দিয়ে আগুন ধরিয়ে দেয়। ওই আগুনে পাশে দাঁড়িয়ে থাকা পুলিশের একটি পিকআপ ভ্যানে লাগে এবং আসনের একাংশ পুড়ে যায়। এ সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নেতা-কর্মীরা ধাওয়া করলে ছাত্রদলের নেতা-কর্মীরা পালিয়ে যায়। পুলিশ ও র্যা বের সদস্যরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গতকাল সকাল থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে দাঙ্গা পুলিশ অবস্থান নেয়। পাহারা বসায় বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নেতা-কর্মীরাও। জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি কামরুল হাসান ও সাধারণ সম্পাদক গাজী আবু সাঈদের নেতৃত্বে কয়েক দফা হরতালবিরোধী মিছিল হয়। দুপুর ১২টার দিকে হারতালের বিরুদ্ধে মিছিল করে সদরঘাটের ঘাট শ্রমিক লীগ। প্রায় সর্বত্র দোকানপাট ছিল বন্ধ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রাস্তায় গাড়ির সংখ্যা বাড়তে থাকে। সদরঘাট-গাবতলী ও সদরঘাট-মিরপুর রুটের বাস চলাচল করতে দেখা গেছে। রিকশা চলাচল ছিল স্বাভাবিক। যাত্রাবাড়ী-সায়েদাবাদ: অন্য এলাকার তুলনায় যাত্রাবাড়ীতে সকাল থেকেই মানুষের সমাগম আর গাড়ির উপস্থিতি ছিল বেশি। সায়েদাবাদ থেকে নরসিংদীর বেলাব, নারায়ণগঞ্জ ও মাওয়া রুটে কিছু বাস চলতে দেখা যায়। সারা দিনই ‘হিউম্যান হলার’ চলেছে শত শত। চলেছে সিএনজিওচালিত অটোরিকশাও। চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন জেলা থেকে ছেড়ে আসা নাইটকোচগুলো সকাল সাড়ে ১০টার দিকে যাত্রাবাড়ী মোড় পার হয়ে সায়েদাবাদের দিকে যেতে দেখা যায়। বিকেল পর্যন্ত সায়েদাবাদ আন্তজেলা বাসস্ট্যান্ড থেকে দূরপাল্লার কোনো যানবাহন চলাচল করতে দেখা যায়নি। তবে বিকেল সাড়ে তিনটার দিকে চাঁদপুর ও কুমিল্লার বিভিন্ন উপজেলায় যাওয়ার উদ্দেশ্যে বাসগুলোতে যাত্রী নিতে দেখা যায়।দুপুরে দোলাইরপার এলাকার একটি গলি দিয়ে বিএনপির ৫০-৬০ জন নেতা-কর্মীর একটি মিছিল বের হয়। তখন জুরাইন থেকে দোলাইরপাড়ের দিকে আসছিল পুলিশের একটি গাড়ি। মিছিলকারীরা ওই গাড়িটিতে হামলা চালায়। ক্রিকেট ব্যাট দিয়ে গাড়ির সামনের কাচ ভেঙে দেওয়া হয়। পরে পুলিশের ধাওয়া খেয়ে তাঁরা পালিয়ে যান।শ্যামপুর থানার অপারেশন কর্মকর্তা মো. লিয়াকত আলী দাবি করেন, শ্যামপুরের বিএনপিদলীয় সাবেক সাংসদ সালাউদ্দিনের নেতৃত্বে এই হামলা চালানো হয়।এরপর বিএনপির আরেকটি মিছিল যাত্রাবাড়ী মোড় পর্যন্ত যায়। পুলিশ ধাওয়া করলে মিছিলকারীরা কলোনি মোড় দিয়ে পালিয়ে যান।