বড় ধরনের কোনো গোলযোগ ছাড়াই গতকাল রোববার রাজধানীসহ সারা দেশে বিএনপি-জামায়াতের ডাকা হরতাল পালিত হয়েছে।তবে ঢাকার বাইরে চট্টগ্রাম, খুলনা, বরিশাল, রংপুর, নারায়ণগঞ্জ, সাতক্ষীরা ও নোয়াখালীতে পুলিশের লাঠিপেটায় বিএনপি ও জামায়াতের অন্তত দেড় শ নেতা-কর্মী আহত হয়েছেন। এর মধ্যে চট্টগ্রামে বিকেলে পুলিশের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের সংঘর্ষে ছয় পুলিশসহ অন্তত ৫০ জন আহত হন।হরতাল চলাকালে ঢাকায় ৭১ জন এবং ঢাকার বাইরে বিভিন্ন জেলায় আরও অর্ধশতাধিক লোককে আটক করেছে পুলিশ। রাজধানীসহ অনেক জেলায় পুলিশের বাধার মুখে বিরোধী দলের নেতা-কর্মীরা রাস্তায় নামতেই পারেননি বলে অভিযোগ রয়েছে।তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলে সংসদের বিশেষ কমিটির প্রস্তাব এবং প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে বিএনপি ও জামায়াতে ইসলামী যুগপৎভাবে এই হরতাল ডাকে।বর্তমান মহাজোট সরকারের আমলে এর আগের পাঁচটি হরতালের তুলনায় গতকালের হরতালে রাজধানীতে যানবাহন চলাচল ছিল অনেক কম। লঞ্চ, ট্রেন ও বিমান ছাড়া দূরপাল্লার আর কোনো যানবাহন চলেনি। দোকানপাটও বন্ধ ছিল। সরকারি দপ্তর ও ব্যাংক খোলা থাকলেও কাজকর্ম ছিল শিথিল।বিএনপির অভিযোগ, হরতালের আগে তাদের নেতা-কর্মীদের বাসায় পুলিশ অভিযান চালিয়ে আতঙ্ক সৃষ্টি ও অনেককে আটক করেছে। হরতালের দিনও তাদের পুলিশ রাস্তায় নামতে দেয়নি।জামায়াত-শিবির পুলিশের চোখ এড়িয়ে রাজধানীর কিছু এলাকায় হরতালের পক্ষে ছোট ছোট চোরাগোপ্তা মিছিল বের করে।নয়াপল্টন ছাড়া রাজধানীর আর কোথাও বিএনপির অবস্থান চোখে পড়েনি। সকালে তেজগাঁও থেকে গুলশানের লিংক রোডে যুবদলের একটি মিছিল বের হয়। পরে পুলিশের বাধার মুখে মিছিলটি পণ্ড হয়ে যায়। যুবদল অভিযোগ করে, মিছিল থেকে পুলিশ পাঁচজনকে আটক করেছে।সকাল নয়টার দিকে মতিঝিলের হীরাঝিল হোটেলের ভেতর থেকে ছাত্রদলের তিন নেতাকে পুলিশ আটক করে। তাঁরা বিএনপির কেন্দ্রীয় নেতা আবদুল্লাহ আল নোমানের সঙ্গে নাশতা খেতে সেখানে গিয়েছিলেন। অবশ্য সন্ধ্যায় তাঁদের ছেড়ে দেওয়া হয়।নয়াপল্টনের ভাসানী হলের সামনে থেকে ছাত্রদলের তিন নেতা-কর্মীকে আটক করে পুলিশ।সকালে সুপ্রিম কোর্ট আঙিনায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি রফিকুল ইসলাম মিয়া ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেনের নেতৃত্বে বিএনপির সমর্থক ২৫-৩০ জন আইনজীবী হরতালের সমর্থনে মিছিল বের করেন।বেলা আড়াইটার দিকে দিলকুশায় রাজউক ভবনের কাছে এনা পরিবহনের একটি বাসে দুষ্কৃতকারীরা আগুন ধরিয়ে দেয়। বাসটি মতিঝিল-মিরপুরের পল্লবী রুটে চলাচল করে।মহানগর পুলিশ জানায়, হরতাল চলাকালে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ৭১ জনকে আটক করা হয়েছে। এ ছাড়া হরতালের আগের রাতে নগরে বাসে আগুন দেওয়ার ঘটনায় নয়টি মামলা হয়েছে।অবরুদ্ধ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়: গতকাল ভোর থেকেই বিপুলসংখ্যক পুলিশ-র্যাবসহ সাদা পোশাকের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ঘিরে রাখেন। নেতা-কর্মীরা কেন্দ্রীয় কার্যালয়ের কাছে ভিড়তে পারেননি। কার্যালয়ে আসার পথে অনেক নেতা-কর্মীকে টেনেহিঁচড়ে পুলিশ তাদের গাড়িতে তুলে নেয়।সকাল সাড়ে ছয়টার দিকে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কেন্দ্রীয় কার্যালয়ে আসেন। এ সময় তিনি মিছিল করার চেষ্টা করলে পুলিশ ছত্রভঙ্গ করে দেয়। পুলিশ বিএনপির সাংসদ নিলুফার চৌধুরী ও শাম্মী আক্তারকে আটকের চেষ্টা করে। টানাহেঁচড়ার একপর্যায়ে তাঁদের ছেড়ে দেওয়া হয়।এ ছাড়া কেন্দ্রীয় কার্যালয়ে এসেছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, যুগ্ম মহাসচিব আমানউল্লাহ আমান, রিজভী আহম্মেদ, প্রচার সম্পাদক জয়নুল আবদিন ফারুক, সাংসদ হারুনুর রশীদ, শহীদ উদ্দিন চৌধুরী, মহিলা দলের সভাপতি নূরে আরা সাফা প্রমুখ।পরে মির্জা ফখরুল সাংবাদিকদের বলেন, ‘দেশে এখন গণতন্ত্র বলতে কিছু নেই। এটা পুলিশি রাষ্ট্রে পরিণত হয়েছে। আমাদের শান্তিপূর্ণ হরতালে পুলিশ বাধা দিচ্ছে। বিএনপির নেতা-কর্মীদের ফুটপাতেও দাঁড়াতে দেওয়া হচ্ছে না।’ তিনি বলেন, এভাবে বাধা দিলে লাগাতার কর্মসূচি দেওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না।বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বেলা সাড়ে ১১টার দিকে দুটি ও বিকেলে একটি ককটেল বিস্ফোরিত হয়। এ সময় কেন্দ্রীয় কার্যালয়ের আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রথম ককটেল ফাটার পর সন্দেহভাজনদের ধরতে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের পাশে সিটি ব্যাংকে ঢুকে পড়ে র্যাবের একটি দল। এ সময় ব্যাংকের ব্যবস্থাপককে র্যাব সদস্যরা লাঞ্ছিত করেন বলে ব্যাংক কর্তৃপক্ষ অভিযোগ করেছে।সেগুনবাগিচা: সকাল নয়টার দিকে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি সুলতান সালাউদ্দিন ও সাধারণ সম্পাদক আমিরুল ইসলামের নেতৃত্বে সেগুনবাগিচা থেকে একটি মিছিল বের হলে পুলিশের বাধার মুখে পড়ে। এ সময় দুর্নীতি দমন কমিশনের কার্যালয়ের সামনে তিনটি ককটেল বিস্ফোরণ হলে পুলিশ ছাত্রদল নেতাদের ধাওয়া করে।ঢাকা বিশ্ববিদ্যালয়: সারা দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের কোনো তৎপরতা ছিল না। তবে বেলা ১১টায় মধুর ক্যানটিন থেকে হরতালবিরোধী একটি মিছিল করে ছাত্রলীগ। মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে চারুকলা অনুষদের সামনে এসে শেষ হয়।মহাখালী: সকাল আটটার দিকে বিএনপির নেতা-কর্মীরা একত্র হওয়ার চেষ্টা করলে পুলিশ দুই দফায় মহাখালীর ওয়্যারলেস গেট থেকে বিএনপির ১৪ নেতা-কর্মীকে আটক করে। বিএনপির সহসভাপতি ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, তাঁদের নেতা-কর্মীরা শান্তভাবে রাস্তা দিয়ে হাঁটছিলেন। অযথা পুলিশ তাঁদের আটক করেছে।মোহাম্মদপুর-শ্যামলী ও মিরপুর: এসব এলাকায় হরতালের পক্ষে কোনো মিছিল-পিকেটিং দেখা যায়নি। বেলা ১১টার দিকে মিরপুর বাঙলা কলেজের সামনে একটি ককটেল বিস্ফোরিত হয়।পুরান ঢাকা: বেলা ১১টার জেলা পরিষদ কার্যালয়ের সামনে ছাত্রদলের জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ লাঠিপেটা করে। এ সময় ছাত্রদলের কর্মী আবদুস সোবাহান, ইমাম জোবায়ের, আবুল কালাম ও জাকির হোসেনকে আটক করে পুলিশ। জজকোর্ট এলাকায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম হরতালের পক্ষে দুই দফা মিছিল করে।জামায়াতের ঘুপচি মিছিল: পুলিশের নজর এড়াতে গুরুত্বপূর্ণ জায়গার বাইরে আকস্মিক মিছিল করার কৌশল নেয় জামায়াত-শিবির। মতিঝিল এজিবি কলোনি, মিরপুর, যাত্রাবাড়ী, মালিবাগ, বাড্ডা, শাহজাদপুর, মোহাম্মদপুর, দয়াগঞ্জ, শনির আখড়া ও হাজারীবাগ এলাকায় চোরাগোপ্তা মিছিল বের করা হয়। আবার পুলিশের উপস্থিতি টের পাওয়ার সঙ্গে সঙ্গে পালিয়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, এসব মিছিল পাঁচ-সাত মিনিটের বেশি স্থায়ী ছিল না। হরতাল শেষে বিকেলে পুরানা পল্টনে দলের ঢাকা মহানগর কার্যালয়ের সামনে সমাবেশ করে জামায়াত। এতে প্রধান অতিথির বক্তব্যে দলটির সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলাম বলেন, স্বতঃস্ফূর্ত হরতাল প্রমাণ করেছে, জনগণ তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলের সিদ্ধান্ত মানে না।আজহারুল ইসলাম বলেন, এ বি এম খায়রুল হক সরকারের কাছ থেকে ঘুষ খেয়ে দলীয় দৃষ্টিভঙ্গি বাস্তবায়ন করতে গিয়ে বিচার বিভাগকে তছনছ করে গেছেন। এ জন্য তিনি পঞ্চম সংশোধনী বাতিল ও সংবিধান সংশোধনের রায় এবং শেখ মুজিবকে স্বাধীনতার ঘোষক ঘোষণা করেছেন।ফকিরেরপুলে দলের ঢাকা মহানগর সেক্রেটারি হামিদুর রহমান আজাদের নেতৃত্বে একটি মিছিল থেকে দুজনকে আটক করে পুলিশ।