হরতালে বিক্ষিপ্ত সহিংসতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের কয়েকটি স্থানে বিচ্ছিন্ন সহিংসতা ও গাড়ি ভাঙচুরের মধ্য দিয়ে বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের দেশব্যাপী ৩৬ ঘণ্টার হরতাল চলছে। হরতালের প্রথম দিন গতকাল মঙ্গলবার বগুড়ায় পিকেটারদের হামলায় এক ট্রাকচালক নিহত হয়েছেন। ঝিনাইদহে চারটি তাজা বোমা উদ্ধার করেছে র‌্যাব। তবে রাজধানী ঢাকায় মোটামুটি শান্তিপূর্ণভাবে হরতাল পালিত হয়েছে। আজ বুধবার সন্ধ্যা ছয়টায় হরতাল শেষ হবে।বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় আটজন নেতার জামিন বাতিল করে কারাগারে পাঠানোর প্রতিবাদে এবং নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহালের দাবিতে ১৮-দলীয় জোট ৩৬ ঘণ্টার হরতাল ডাকে।আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:ঢাকা: রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্কাবস্থায় থাকতে দেখা গেছে। বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত ছিলেন। প্রধান প্রধান সড়কে ছিল বিপুলসংখ্যক রিকশা ও সিএনজিচালিত অটোরিকশা। কিছু প্রাইভেট কারসহ বিআরটিসির বাস চলেছে। সায়েদাবাদ, গাবতলী ও মহাখালী থেকে দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি।বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান সকাল সোয়া আটটার দিকে দলের নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে যান। কার্যালয়ের বাইরে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। এ সময় পুলিশ প্রথমে তাঁকে কার্যালয়ে ঢুকতে বাধা দেয়। এতে সেখানে উত্তেজনার সৃষ্টি হয়। পরে তাঁকে কার্যালয়ে ঢুকতে দেওয়া হয়। তবে কার্যালয়ে নেতা-কর্মীদের উপস্থিতি ছিল খুবই কম।বগুড়া: ঠাকুরগাঁও থেকে গমভর্তি ট্রাক নিয়ে চট্টগ্রামে যাওয়ার কথা ছিল চালক খোকন মিয়ার (৩০)। গতকাল ভোররাতে বগুড়া শহরের চারমাথা এলাকায় হরতাল-সমর্থকদের হামলার শিকার হন তিনি। চালকের সহকারী (হেলপার) রহমত আলী বলেন, ‘হরতাল শুরু হওয়ার কথা ছিল সকাল ছয়টায়। ভোর পৌনে পাঁচটায় বগুড়ার নওদাপাড়া বাজারে পৌঁছাই। ওখানে ওস্তাদ ট্রাক রেখে গমের মালিকের কাছ থেকে পাওয়া বকশিশের গম রাখতে বাসায় যান। ১০ মিনিটের মধ্যে তিনি ফিরে আসেন। ভোর পাঁচটার দিকে চারমাথা বাস টার্মিনালের কাছাকাছি পৌঁছাই আমরা। আর ৫০০ গজ এগোলেই জোসনা পাম্প। ইসলাম বোর্ডিংয়ের কাছে হঠাৎ করে দু-তিনজন ইট হাতে রাস্তায় দাঁড়ান। ওস্তাদ গাড়ি থামিয়ে রাস্তার বাম দিকে নেওয়ার চেষ্টা করেন। কোনো কিছু বুঝে ওঠার আগেই ইট ছোড়ে হরতাল-সমর্থকেরা। ইট এসে লাগে ওস্তাদের বুকে। ঢলে পড়েন তিনি। হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি।’চট্টগ্রাম: হরতালের সমর্থনে লালখান বাজার মাদ্রাসার শিক্ষার্থীরা এলাকার দোকানপাট বন্ধ করে দেয়। খবর শুনে ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীরা ইস্পাহানি মোড়ে জড়ো হয়ে মিছিল নিয়ে ওই মাদ্রাসার কাছে গেলে উত্তেজনার সৃষ্টি হয়। একপর্যায়ে সেখানে পুলিশ-বিজিবি দুই পক্ষের মাঝখানে অবস্থান নিলে পরিস্থিতি শান্ত হয়। এদিকে সকালে নগরের ওয়াসা মোড়ে তিনজন পিকেটার সিএনজিচালিত একটি অটোরিকশায় আগুন দেয়। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়া রাস্তার মাথা, নয়াখালের মুখ, পাঠানিপুল ও কেরানীহাটের গরুর বাজার এলাকায় সিএনজিচালিত তিনটি অটোরিকশা ও দুটি বাস ভাঙচুর করেছে পিকেটাররা। এ সময় পুলিশ তিন যুবককে গ্রেপ্তার করে।গাজীপুর: সদর উপজেলার চান্দনা-চৌরাস্তা ও ভোগড়া বাইপাস সড়ক এলাকায় যাত্রীবাহী দুটি বাসে আগুন দেয় হরতাল-সমর্থকেরা। গাজীপুর ফায়ার সার্ভিস সূত্র জানায়, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বলাকা পরিবহনের একটি যাত্রীবাহী চলন্ত বাসে পেট্রল ঢেলে আগুন দেয় দুর্বৃত্তরা। রাত আটটার দিকে সদর উপজেলার ভোগড়া বাইপাস সড়ক এলাকায় আরেকটি যাত্রীবাহী বাসে পেট্রল ঢেলে আগুন দেওয়া হয়।ফেনী: রাতে একদল দুর্বৃত্ত ঢাকা-চট্টগ্রাম রেলপথের বারাহিপুর রেলক্রসিং এলাকায় রেললাইনের ফিশপ্লেট ও নাটবল্টু খোলার চেষ্টা করে। এ সময় স্থানীয় লোকজন ধাওয়া করলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। সাময়িক বিভ্রান্তি দেখা গেলেও পরে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। ফেনী রেলস্টেশনের স্টেশনমাস্টার মো. মাহবুবর রহমান ফেনীর অদুরে বারাহিপুর নামক এলাকায় দুর্বৃত্তদের একটি নাটবল্টু খোলার সত্যতা নিশ্চিত করেছেন।যশোর: বেলা সাড়ে ১১টার দিকে চৌরাস্তার মোড় থেকে জেল সড়কের কুইন্স হাসপাতাল পর্যন্ত আওয়ামী লীগ ও বিএনপির কর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। সংঘর্ষের সময় দড়াটানা মোড়ে রাখা দৈনিক বণিক বার্তার জেলা প্রতিনিধি আবদুল কাদের ও যশোর থেকে প্রকাশিত দৈনিক লোকসমাজ পত্রিকার ফটো সাংবাদিক হানিফ ডাকুয়ার মোটরসাইকেল ভাঙচুর করা হয়। সংঘর্ষের ছবি তুলতে গেলে সাদা কাপড়ে মুখ বাঁধা যুবকেরা প্রথম আলোর আলোকচিত্রী এহসান মিথুন ও গ্রামের কাগজ-এর এম এ মানিককে নাজেহাল করেন।নারায়ণগঞ্জ: সকাল ছয়টার দিকে শহরের চারারগোপ কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্টের সামনে থেকে মিছিল বের করেন বিএনপি ও যুবদলের নেতা-কর্মীরা। পুলিশ বাধা দিলে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া হয়। এ সময় হরতাল-সমর্থকেরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে পুলিশ শটগানের গুলি ছোড়ে। এতে দুজন গুলিবিদ্ধ এবং সাংবাদিকসহ পাঁচজন আহত হন।ঝিনাইদহ: ঝিনাইদহ শহরের কলাবাগানপাড়া এলাকা থেকে চারটি তাজা বোমা উদ্ধার করেছে র‌্যাব। মঙ্গলবার ভোররাতে এই বোমাগুলো উদ্ধার করা হয়।নীলফামারী: নীলফামারীতে দুপুরে বিএনপির জেলা কার্যালয়ের সামনে সংঘর্ষের ঘটনায় পুলিশসহ অন্তত ১৫ জন আহত হয়। পুলিশ বিএনপির চার নেতা-কর্মীকে আটক করে।কক্সবাজার: কক্সবাজারের চকরিয়ায় পুলিশের সঙ্গে বিএনপির সমর্থকদের একাধিক সংঘর্ষ ও গুলিতে অন্তত ১০ জন আহত হন। এর মধ্যে বিএনপির কর্মী মো. জাকারিয়া (৩৫) ও উপজেলা যুবদলের যুগ্ম সম্পাদক আজিজুল করিমের (৩২) অবস্থা আশঙ্কাজনক।নোয়াখালী: কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট বাজারে হরতাল চলাকালে দুপুরে ১৮ দলের কর্মীরা মুখোশ পরে ঝটিকা মিছিল বের করেন। তাঁরা বাজারে অন্তত ১০টি অটোরিকশা ভাঙচুর করেন। ছাত্রলীগের কর্মীরা ধাওয়া দিলে তাঁরা পালিয়ে যান। এ সময় পুলিশ চারজনকে আটক করে।লক্ষ্মীপুর: রামগঞ্জ উপজেলার করপাড়ায় বিএনপির বিক্ষোভ মিছিলে যুবলীগের হামলায় ১০ জন আহত হয়। রামগঞ্জের করপাড়া আজিমপুর ব্রিজ এলাকায় হরতালের সমর্থনে বিএনপি একটি মিছিল বের করলে যুবলীগের স্থানীয় নেতা-কর্মীরা হামলা চালান।হবিগঞ্জ: হবিগঞ্জ শহরতলির মশাজান এলাকায় সকালে বিএনপি ও আওয়ামী লীগের সমর্থকদের সংঘর্ষে ১০ জন আহত হয়। সংঘর্ষ থামাতে সাতটি কাঁদানে গ্যাস ও রাবার বুলেট ছোড়ে পুলিশ। এ সময় বেশ কয়েকটি দোকানপাট ভাঙচুর করা হয়।খুলনা: সকাল সাড়ে সাতটার দিকে নগরের গোয়ালখালী এলাকায় ঝটিকা মিছিল বের করেন শিবিরের নেতা-কর্মীরা। এ সময় তাঁরা সড়ক অবরোধ করে দুটি ককটেলের বিস্ফোরণ ঘটান।চাঁদপুর: নাশকতার আশঙ্কায় জেলার বিভিন্ন স্থান থেকে জামায়াত ও বিএনপির ১০ কর্মীকে আটক করেছে পুলিশ। এদিকে মতলবগঞ্জ জে বি পাইলট উচ্চবিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন উপলক্ষে গতকাল মতলব দক্ষিণে হরতাল প্রত্যাহার করে উপজেলা বিএনপি।