হরতালে বিপাকে খেটে খাওয়া মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হরতালে কেনাবেচা নেই। খুব খারাপ অবস্থা। এ অবস্থা চলতে থাকলে ভাতই জুটবে না।’করুণ সুরে এই হতাশা প্রকাশ করেন ফলবিক্রেতা সাইদুল। মতিঝিলের শাপলা চত্বরের পূর্ব পাশে ভ্যানে করে ফল বিক্রি করছিলেন তিনি। ১৮ দলের ডাকা হরতাল চলাকালে আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে কথা হয় তাঁর সঙ্গে। সাইদুল জানান, সকাল নয়টায় তিনি এখানে এসেছেন। এ পর্যন্ত মাত্র চার-পাঁচ শ টাকার বিক্রি হয়েছে। সাধারণ কর্মদিবসে এই সময়ে অন্তত আড়াই হাজার টাকার ফল বিক্রি হয়। বিভিন্ন ইস্যুতে বিরোধী দলগুলোর ডাকা হরতালে বিপাকে পড়েছেন সাইদুলের মতো খেটে খাওয়া লোকজন।মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের প্রধান ফটকের সামনে কথা হয় রিকশাচালক জয়নাল আবেদিনের সঙ্গে। তিনি বলেন, ‘আয়রোজগারের অবস্থা খুবই খারাপ। দুপুুর সাড়ে ১২টা নাগাদ ১০০ টাকা আয় হয়েছে।’ তিনি জানালেন, তাঁর পাঁচজনের সংসার। রোজগারের যে অবস্থা, রিকশামালিকের জমা দিয়ে বাকি টাকায় চাল কেনা যাবে কি না তা নিয়ে চিন্তিত তিনি। পাশেই দাঁড়ানো আরেক রিকশাচালক নয়ন মিয়া জানান, সকাল সাতটায় রিকশা নিয়ে বেরিয়েছেন তিনি। রাস্তায় যাত্রী নেই। দুপুর নাগাদ মাত্র ২০০ টাকা আয় হয়েছে। এ দিয়ে কেবল মালিকের জমা দেওয়া ও নিজের খরচা চলবে।নটর ডেম কলেজের বিপরীত পাশে চায়ের দোকানি মো. কামাল হোসেন। আজ সাড়ে আটটায় দোকান খুলেছেন তিনি। সকাল থেকে কেনাবেচা নেই বলে জানান তিনি। তিনি বলেন, ‘ভাই, হরতালের কারণে লোকজনের চলাচল নেই। তাই বেচাও নেই।’ চারজনের সংসার এই দোকানের আয় দিয়ে চলে কামালের। হরতালের কারণে সংসার চালাতে তাঁর হিমশিম খেতে হচ্ছে বলে জানান তিনি।মতিঝিলে ফুটপাতে পরোটার দোকান ইসমাইল হোসেনের। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘সরকার ও বিরোধী দল ক্ষমতা নিয়ে মারামারি করে, এতে মরণ হয় আমাদের মতো স্বল্প আয়ের মানুষের। তাঁদের তো কোনো সমস্যা নেই।’ তিনিও জানালেন, সকাল থেকে বেচাবিক্রি নেই। যে আয় হয়েছে, তা দিয়ে দু্জন কর্মচারীর বেতন দেওয়া যাবে। হরতাল হলে প্রতিদিন তাঁকে ৭০০ থেকে ৮০০ টাকা গচ্ছা দিতে হয় বলেও জানান ইসমাইল।