হরতালে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পরীক্ষা স্থগিত
জামায়াতে ইসলামীর ডাকা হরতালের কারণে কাল মঙ্গলবার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। ডিসেম্বর মাসে দেশের বেশির ভাগ স্কুলেই বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। কিন্তু হরতালের কারণে পরীক্ষাগুলো স্থগিত করা হয়েছে অথবা পিছিয়ে দেওয়া হয়েছে। আজ সোমবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কাল অনুষ্ঠেয় চতুর্থ বর্ষের (সম্মান) সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। এই পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে, তা জানানো হয়নি। ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মঞ্জুয়ারা বেগম বলেন, তাঁদের স্কুলের মঙ্গলবারের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। শুক্রবার (৭ ডিসেম্বর) এই পরীক্ষা হবে।আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজেরও সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। প্রতিষ্ঠানটির অধ্যক্ষ শাহান আরা বেগম বলেন, মঙ্গলবারের ষষ্ঠ, সপ্তম ও নবম শ্রেণির পরীক্ষা শুক্রবার সকাল নয়টা থেকে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। আর প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ শ্রেণির পরীক্ষা হবে ১০ ডিসেম্বর।ধানমন্ডি গভ ল্যাবরেটরি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক গোকুল চন্দ্র দাস বলেন, তাদের বিদ্যালয়ের কালকের পরীক্ষা স্থগিত করা হয়েছে। এই পরীক্ষার তারিখ পরে জানিয়ে দেওয়া হবে। তবে অন্য পরীক্ষাগুলো পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ীই হবে। বিয়াম স্কুল অ্যান্ড কলেজ সূত্রে জানা যায়, প্রতিষ্ঠানটির মঙ্গলবারের পরীক্ষা হবে ৮ ডিসেম্বর।