হরতালে বিভিন্ন স্থানে সংঘর্ষ, আহত ১১৩, আটক ১১৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপি আহূত সকাল-সন্ধ্যা হরতাল চলাকালে গতকাল সোমবার দেশের বিভিন্ন স্থানে হরতাল-সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, লাঠিপেটা ও পাল্টাপাল্টি ধাওয়া হয়েছে। এসব ঘটনায় বিএনপির একজন সাংসদসহ ১১৩ জন আহত হয়েছেন। পুলিশ ১১৪ জনকে আটক করেছে।রাজশাহী: প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে আটটার দিকে নগরের মতিহার থানার বিনোদপুরে বিএনপির মিছিলে পুলিশ বাধা দিলে মিছিলকারীরা ইটপাটকেল নিক্ষেপ করে। পুলিশ তাদের ধাওয়া ও লাঠিপেটা করে। এতে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক আরাফাত রেজাসহ ১০ জন আহত হন। পুলিশ ছাত্রদল ও বিএনপির ১২ কর্মীকে আটক করে। সাড়ে ১০টার দিকে মহানগর বিএনপি রাজশাহী কলেজ চত্বরে সমাবেশ করার চেষ্টা করলে পুলিশ নেতা-কর্মীদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় মহানগর যুবদলের আহ্বায়ক মোসাদ্দেক হোসেনসহ ২০ কর্মী আহত হন।বেলা সোয়া ১১টার দিকে জেলা বিএনপির মিছিলে পুলিশ লাঠিপেটা করে। জেলা বিএনপির সভাপতি নাদিম মোস্তফা দাবি করেন, লাঠিপেটায় ছয়জন আহত হয়েছেন।পুলিশের বোয়ালিয়া অঞ্চলের সহকারী কমিশনার শেখ শরীফুল ইসলাম জানান, হরতালের সময় পুলিশের ওপর হামলার কারণে বোয়ালিয়া থানার বিভিন্ন এলাকা থেকে ১২ জনকে আটক করা হয়েছে।জয়পুরহাট: জয়পুরহাটের সদর রাস্তার অগ্রণী ব্যাংকের কাছে দুপুর পৌনে ১২টার দিকে বিএনপির মিছিলে পুলিশের লাঠিপেটায় জয়পুরহাট-২ আসনের সাংসদ গোলাম মোস্তফা আহত হন। পুলিশ বিএনপির ছয় কর্মীকে আটক করেছে। এ ছাড়া জেলার আক্কেলপুরে পিকেটিং করার সময় পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শামছুজোহাসহ ছয়জনকে আটক করা হয়েছে।নরসিংদী: প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১০টার দিকে জেলা বিএনপির সভাপতি খায়রুল কবিরের নেতৃত্বে একটি মিছিলকে জেলখানা চত্বরের কাছে পুলিশ আটকে দিলে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া হয়। পুলিশের লাঠিপেটায় খায়রুল কবির ও একজন সাংবাদিকসহ ৩১ জন আহত হন। হরতাল সমর্থকদের ছোড়া ইটের আঘাতে পুলিশের উপপরিদর্শক ইছাক আহাম্মেদ, এনামুল হকসহ দুই কনস্টেবল আহত হন।খুলনা: নগরের রূপসা ফেরিঘাট মোড়ে পিকেটিংয়ের সময় এক ব্যক্তিকে পুলিশ আটক করলে বিএনপির নেতা-কর্মীরা তাঁকে পুলিশের গাড়ি থেকে ছিনিয়ে নেন। এরপর পুলিশের লাঠিপেটায় খুলনা সিটি করপোরেশনের নারী কাউন্সিলর রোকেয়া ফারুক, সাবেক কাউন্সিলর হাসিনা আকরাম, সদর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইউসুফ হারুনসহ আটজন আহত হন।খুলনা সদর থানার উপপরিদর্শক মনিরুজ্জামান খান বলেন, শামসুর রহমান সড়ক থেকে মাহমুদ শেখ (১৮) নামের একজনকে আটক করা হয়েছে।নারায়ণগঞ্জ: সকালে শহরের ২ নম্বর রেলগেট এলাকায় বিএনপির মিছিলে পুলিশ লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দেয়। এ সময় আহত হয় ১০ জন। সকাল সাড়ে ১০টার দিকে সেখানে বিএনপি আবার মিছিল বের করলে পুলিশ দুজনকে আটক করে। এ ছাড়া শনিবার রাতে সদর উপজেলার ফতুল্লার বিভিন্ন এলাকা থেকে পুলিশ ফতুল্লা থানা বিএনপির ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক গোলাম মোস্তফা, কর্মী মনির হোসেন, রনি মিয়া ও জামান মিয়াকে গ্রেপ্তার করে।নোয়াখালী: শহরের দত্তেরহাটে পুলিশের ধাওয়ার জবাবে পিকেটাররা ইটপাটকেল নিক্ষেপ করে। পুলিশের ধাওয়ায় পিকেটাররা একপর্যায়ে পার্শ্ববর্তী গোপাই গ্রামের একটি বাড়িতে ঢুকে পড়ে। পুলিশও ওই বাড়িতে ঢুকে লাঠিপেটা করে। ওই বাড়ির এক বাসিন্দা অভিযোগ করেন, পুলিশ তল্লাশির নামে বাড়ির তিনটি ঘরের টিনের বেড়া ভাঙচুর করে এবং অন্তঃসত্ত্বা এক গৃহবধূসহ চার তরুণী-কিশোরীকে লাঠিপেটা করে।সকাল সাড়ে ১০টার দিকে সুবর্ণচরে পিকেটারদের হামলায় মুক্তিযোদ্ধা আবুল বাসার (৫৬) আহত হন।হরতাল চলাকালে নোয়াখালীতে তিনজনকে আটক করে পুলিশ।ঝিনাইদহ: সকালে শহরের পোস্ট অফিস মোড়ে পিকেটিংয়ের সময় বিএনপির নেতা-কর্মীদের ওপর ছাত্রলীগের কর্মীদের হামলায় জেলা বিএনপির যুগ্ম সম্পাদক এম এ মজিদসহ ছয়জন আহত হন।এ বিষয়ে জেলা ছাত্রলীগের আহ্বায়ক শফিকুল ইসলাম বলেন, বিএনপির নেতা-কর্মীরা জোর করে দোকানপাট বন্ধ করার চেষ্টা করায় তাঁদের কর্মীরা বাধা দিতে গেলে ধাক্কাধাক্কি হয়েছে। এতে কয়েকজন আহত হন।ফরিদপুর: কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী জানান, সকাল পৌনে আটটার দিকে টেপাখোলা রেলগেট এলাকায় রিকশা চলাচলে বাধা দেওয়ায় জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর হোসেন, ছাত্রদলের কর্মী সিদ্দিকুর রহমান ও ইলিয়াস খানকে গ্রেপ্তার করা হয়েছে।ভোলা: রোববার রাতে ভোলা সদর থানার পুলিশ বিএনপির কর্মী আবদুল খালেককে আটক করে। গতকাল সকাল নয়টার দিকে জামায়াতে ইসলামীর কর্মী সাদ্দাম হোসেনকে আটক করা হয়।কেরানীগঞ্জ (ঢাকা): কেরানীগঞ্জের হাসনাবাদে সকাল সাড়ে নয়টায় বিএনপি ও ছাত্রদলের কর্মীদের মিছিলে পুলিশ বাধা দেয়। এ সময় নেতা-কর্মীরা ছয়-সাতটি সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুর করেন। একপর্যায়ে তাঁদের সঙ্গে পুলিশ ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের পাল্টাপাল্টি ধাওয়া হয়। এ সময় থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামানসহ পাঁচজন আহত হন।হবিগঞ্জ: শহরের কিবরিয়া ব্রিজ এলাকায় বেলা ১১টায় বিএনপি নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে সাতজন আহত হন। পুলিশ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এনামুল হককে আটক করে।নাটোর: শহরের পশ্চিম বাইপাস মোড়ে পিকেটিং করার সময় সদর থানার পুলিশ যুবদলের কর্মী হেলাল ও বাবুকে আটক করে। সকালে বড়াইগ্রাম ইউনিয়ন বিএনপির সহসভাপতি আবুল হাশেম ও ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোস্তাফিজুর রহমানকে আটক করা হয়।ঝালকাঠি: ঝালকাঠির কাঠালিয়া উপজেলা বিএনপির সহসভাপতি হারুন অর রশিদ, সদস্য আবদুল কুদ্দুস, শৌলজালিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আবুল হোসেন হাওলাদার, রাজাপুরে বিএনপির সমর্থক মো. আলিফ ও নয়ন হাওলাদার, যুবদলের নেতা দুলাল ফকির এবং নলছিটির মগড় ইউনিয়ন বিএনপির সহসাধারণ সম্পাদক নাসির উদ্দিন তালুকদারকে শনিবার ও রোববার রাতে তাঁদের বাড়ি থেকে আটক করে পুলিশ।সিরাজগঞ্জ: রোববার রাতে পুলিশ শহরের বিভিন্ন এলাকা থেকে বিএনপির ২২ নেতা-কর্মীকে আটক করে।টাঙ্গাইল: সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর বাইপাসের বংশাই রোড এলাকা থেকে চারজন, সখীপুর থেকে দুজন ও সদর থেকে দুজনকে আটক করা হয়।(প্রতিবেদনটি তৈরিতে সহায়তা করেছেন, আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিরা।)