হরতালে বিভিন্ন স্থানে সংঘর্ষ, চাঁপাইনবাবগঞ্জে শিশু নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৮-দলীয় জোটের ৩৬ ঘণ্টা হরতালের শেষ দিন গতকাল বুধবার চাঁপাইনবাবগঞ্জে সংঘর্ষে গুলিতে এক শিশু নিহত হয়েছে। এ ছাড়া বিভিন্ন জায়গায় সংঘর্ষের ঘটনায় পুলিশের পাঁচ সদস্যসহ ৩৩ জন আহত হয়েছেন। প্রথম আলোর অফিস, নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিরা জানিয়েছেন বিস্তারিত: চাঁপাইনবাবগঞ্জ : প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রের ভাষ্য অনুযায়ী, হরতালের দ্বিতীয় দিন গতকাল সকালে চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়কের উপরাজারামপুরে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন হরতাল সমর্থকেরা। বেলা ১১টার দিকে র‌্যাব, পুলিশ ও বিজিবির সদস্যরা এই প্রতিবন্ধকতা সরানোর চেষ্টা করলে তাঁদের সঙ্গে হরতাল সমর্থকদের সংঘর্ষ বাধে। এ সময় নিরাপত্তা বাহিনীর গুলিতে মারা যায় স্কুলছাত্র আসগর আলী লিমন। লিমন স্থানীয় শিয়ালা গ্রামের লোকমান হোসেনের ছেলে এবং রাজারামপুর হামিদুল্লাহ উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র। নিহত লিমনের দুলাভাই মোহামঞ্চদ জিলহাজ বলেন, র‌্যাব, পুলিশ ও বিজিবির অভিযানের সময় বাড়ির পাশে একটি আমবাগানে খেলছিল লিমন। এ সময় গুলিতে মারাত্মক আহত হয় সে। চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। লিমনের গলার ডানদিকে গুলি লেগেছে।হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, গুলিবিদ্ধ লিমনকে চিকিৎসার জন্য জরুরি বিভাগে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়। সদর থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল সরকার বলেন, ছেলেটি কার গুলিতে মারা গেছে সে বিষয়টি তিনি নিশ্চিত নন। বিভিন্ন স্থান থেকে পাঁচজন হরতাল সমর্থককে আটক করা হয়েছে।রাজশাহী: পুলিশ ও হরতালবিরোধী এবং হরতাল-সমর্থকদের সংঘর্ষে পুলিশের পাঁচ সদস্যসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে পুলিশের তিন সদস্যসহ নয়জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।এদিকে চারঘাটে বিএনপি-জামায়াতের কর্মীরা জেলা ছাত্রলীগের এক নেতার মোটরসাইকেল ভাঙচুর ও তাঁকে পিটিয়ে জখম করেছেন। গুরুতর আহত অবস্থায় তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে ছাত্রলীগ ও আওয়ামী লীগের স্থানীয় কর্মীরা বিএনপির এক নেতাকে কুপিয়ে জখম করেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। ফেনী: দুপুরে শহরের কেন্দ্রস্থল শহীদ মিনারের পাশে সন্ত্রাসীদের নিক্ষিপ্ত ককটেল বিস্ফোরণে পথশিশু সজল (৭) ও পথচারী মো. সোহেল (২৭) আহত হয়েছেন। সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মহিপাল চৌরাস্তা এলাকায় পিকেটাররা দুটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। মঙ্গলবার রাত ১০টার দিকে শহরের জিএ একাডেমি ও সদর হাসপাতাল রোডে বিএনপি-সমর্থকেরা দুটি ইজিবাইকে (টমটম) অগ্নিসংযোগ, একটি সিএনজিচালিত অটোরিকশা ও দুটি রিকশা ভাঙচুর করে এবং ট্রাংক রোডের খাজুরিয়া এলাকায় দুটি ককটেলের বিস্ফোরণ ঘটায়।চাঁদপুর: সকাল ছয়টার দিকে হরতালকারীরা সদর উপজেলার কালিভাংতি এলাকায় একটি সেতুর ওপর গাছের গুঁড়ি ফেলে অবরোধ করে। চাঁদপুর-কুমিল্লা সড়কের বাবুরহাট এলাকায় টায়ারে আগুন দিয়ে হরতাল পালন করে পিকেটাররা। সকাল সাতটায় লাকসামের গুচ্ছগ্রাম এলাকায় রেললাইনের ওপর টায়ারে আগুন ধরিয়ে দেয় হরতাল-সমর্থকেরা। পুলিশ সুপার আমির জাফর জানান, পুলিশ শহর থেকে শিবিরের দুই কর্মীকে আটক করেছে।বেড়া (পাবনা): পাবনার বেড়া উপজেলা জামায়াতের আমির আবদুল বাছেত খানকে পুলিশ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে গ্রেপ্তার করে। থানায় মামলার পরিপ্রেক্ষিতে বেড়া পৌর এলাকার নিজ বাসভবন থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা সাঁথিয়া থানার এসআই শামসুল আলম জানান, ৬ মার্চ পুলিশ বাদী হয়ে সাঁথিয়া থানায় একটি মামলা করে। গতকাল তাঁকে জেলহাজতে পাঠানো হয়েছে।বগুড়া: বগুড়ায় পুলিশের গাড়ি লক্ষ্য করে হরতাল-সমর্থক পিকেটাররা চার-পাঁচটি ককটেল নিক্ষেপ করেছে। তবে এতে কেউ হতাহত হয়নি। সকাল আটটার দিকে শহরের ফুলবাড়ী মহিলা কলেজ গেট এলাকায় বগুড়া-দিনাজপুর সড়কে পিকেটিংয়ের সময় সোহেল হোসেন (৩২) নামের যুবদলের এক কর্মীকে আটক করেছে পুলিশ। পীরগঞ্জ (ঠাকুরগাঁও): গতকাল দুপুরে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের মারপিটে পৌর বিএনপির সাধারণ সম্পাদকসহ পাঁচজন আহত হয়েছেন।গাজীপুর: সকাল আটটার দিকে হরতালের সমর্থনে টঙ্গী থানা বিএনপির একটি মিছিল টঙ্গী পৌরসভা গেট এলাকায় পৌঁছালে পুলিশ বাধা দেয় ও ব্যানার ছিনিয়ে নেয়। এ সময় বেশ কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটায় মিছিলকারীরা। মিছিল ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ ও বেশ কয়েকটি কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। এ ঘটনায় বিএনপির কর্মী-পথচারীসহ অন্তত পাঁচজন আহত হন। লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর-মজুচৌধুরীরহাট সড়কের কাচারী বাড়ি এলাকায় রোগী বহনকারী অ্যাম্বুলেন্স ভাঙচুর, বিএনপি-জামায়াতের মিছিলে পুলিশের বাধা, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের মধ্য দিয়ে হরতাল শেষ হয়েছে। পিকেটাররা শহরের বিভিন্ন স্থানে ১০-১১টি ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে।খুলনা: হরতালের সমর্থনে পিকেটিং করার সময় খুলনা সদর থানা ও দৌলতপুর থানার পুলিশ চারজনকে আটক করেছে।নোয়াখালী: নোয়াখালীতে মহাসড়কে টায়ারে আগুন, বিক্ষিপ্ত পিকেটিং, ইট দিয়ে সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিলের মধ্য দিয়ে হরতাল শেষ হয়েছে। নাশকতার আশঙ্কায় পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিএনপির পাঁচ ও শিবিরের এক কর্মীকে গ্রেপ্তার করেছে।ফরিদপুর: ফরিদপুরে হরতাল পালনকালে সড়কে পেট্রল ঢেলে আগুন দেওয়ার ও দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। জড়িত সন্দেহে পুলিশ এক তরুণকে আটক করেছে। সকাল নয়টার দিকে শহরের মুজিব সড়কে খান প্রেসের সামনে পেট্রল ঢেলে আগুন লাগিয়ে দেয় পিকেটাররা।