ইসলামী আইন বাস্তবায়ন কমিটির ডাকে গতকাল সোমবার সকাল-সন্ধ্যা হরতাল চলাকালে দেশের বিভিন্ন স্থানে হরতাল-সমর্থকদের সঙ্গে পুলিশ ও আওয়ামী লীগের সমর্থকদের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়েছে। এতে পুলিশের ২১ জন সদস্যসহ ২২৬ জন আহত হয়েছে। হরতাল-সমর্থকেরা বিভিন্ন স্থানে ৭৩টি বাস, ট্রাক, গাড়ি, মোটরসাইকেল ভাঙচুর করে। পুলিশ এসব ঘটনায় ২৬ জনকে আটক করেছে।ঢাকার বাইরে আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:খুলনা: নগরের শিববাড়ি মোড়, পিটিআই মোড়, পশ্চিম রূপসা ঘাট এলাকায় পিকেটিংকালে পুলিশের লাঠিপেটায় অর্ধশত হরতাল-সমর্থক আহত হয়। পুলিশ বিভিন্ন এলাকা থেকে ইসলামী আইন বাস্তবায়ন কমিটি ও খেলাফত মজলিসের খুলনা মহানগর সেক্রেটারি মাওলানা নাসিরউদ্দিনসহ ১০ জনকে আটক করে। হরতাল চলাকালে সোনাডাঙ্গা বাসস্ট্যান্ড থেকে দূরপাল্লার কোনো বাস ছাড়েনি। হরতাল-সমর্থকেরা বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) দুটি বাস ভাঙচুর করে।ফেনী: হরতাল-সমর্থকেরা সকাল থেকে ফেনী শহরের মোহাম্মদ আলী বাজার, দত্তসার, দুলামিয়া রাস্তার মাথা, ফতেপুর স্টার লাইন ফিলিং স্টেশন, ফেনী পল্লী বিদ্যুৎ কার্যালয়ের সামনের সড়কে বিদ্যুতের খুঁটি ও গাছ ফেলে ব্যারিকেড দেয়। তারা এসব এলাকায় ইটপাটকেল নিক্ষেপ করে অন্তত ২০টি বাস ও মালবোঝাই ট্রাকের কাচ ভাঙচুর করে। এতে পাঁচজন বাসযাত্রী আহত হয়। শহীদ শহীদুল্লা কায়সার সড়কে সিএনজিচালিত একটি অটোরিকশা ভাঙচুর করা হয়। এসব ঘটনায় পুলিশ চারজনকে আটক করে।কক্সবাজার: সকাল নয়টায় শহরের লিংক রোড এলাকায় মাদ্রাসার ছাত্ররা ব্যাটারিচালিত চারটি টমটম গাড়ি ভাঙচুর করে। তাদের বিক্ষোভ মিছিলে পুলিশ বাধা দিলে তারা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। এ সময় পুলিশের লাঠিপেটায় মাদ্রাসার নয়জন ছাত্র আহত হয়। পুলিশ মাদ্রাসার এক শিক্ষকসহ ছয়জনকে আটক করে। এ ছাড়া সকালে সদর উপজেলার ঈদগাঁও বাজার, বাংলাবাজার, টেকনাফ বাজার, নীলাবাজার, কেন্দ্রীয় বাস টার্মিনাল ও কালুর দোকান এলাকায় পুলিশের সঙ্গে হরতাল-সমর্থকদের দফায় দফায় সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ায় অন্তত ২০ জন আহত হয়।রামু (কক্সবাজার): রামুর চৌমুহনী, বাইপাস, চাকমারকুল মাদ্রাসা গেট, কলঘর বাজার, তেচ্ছিপুল স্টেশন, হাসপাতাল গেট, জোয়ারিয়ানালা বাজার, কাউয়ারখোপে হরতাল-সমর্থকদের সঙ্গে পুলিশ ও আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের দফায় দফায় সংঘর্ষে রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), দুই পুলিশ সদস্য এবং ৩০ জন হরতাল-সমর্থক আহত হয়। পুলিশ তিন পিকেটারকে আটক করে।চকরিয়া (কক্সবাজার): হরতাল চলাকালে কক্সবাজারের এএসপি ওয়াহিদুল হক চৌধুরীর গাড়ি ভাঙচুর করা হয়। এতে তাঁর দেহরক্ষী কনস্টেবল সাইফুদ্দিন আহত হন। এ ছাড়া পিকেটাররা বিভিন্ন স্থানে আরও নয়টি গাড়ি ভাঙচুর করে।ব্রাহ্মণবাড়িয়া: শহরের কাউতলী মোড়ে বেলা দেড়টার দিকে হরতাল-সমর্থকেরা ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সরকারদলীয় সাংসদ র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর গাড়িতে হামলার চেষ্টা করে। পুলিশ এগিয়ে এলে তারা পুলিশের মাইক্রোবাস ভাঙচুর করে। তাদের ইটের আঘাতে সদর থানার ওসিসহ তিন পুলিশ এবং ছাত্রলীগের কর্মী নাঈমসহ ১০ জন আহত হন। এরপর হরতালকারীরা আখাউড়া থেকে আসামি বহন করা একটি সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুর করে। এতে তিন কনস্টেবল আহত হন। বেলা আড়াইটার দিকে ভাদুঘর এলাকায় হরতাল-সমর্থকেরা একটি প্রিজন ভ্যান ভাঙচুর করলে চালক ও দুই কারারক্ষী আহত হন।সরাইল (ব্রাহ্মণবাড়িয়া): ইসলামী আইন বাস্তবায়ন কমিটির চেয়ারম্যান মুফতি ফজলুল হক আমিনীর নির্বাচনী এলাকা সরাইলের বিভিন্ন স্থানে বিক্ষিপ্ত সংঘর্ষে অন্তত ২৩ জন আহত হয়। দুটি গাড়ি ও একটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।চাঁদপুর: জেলার কচুয়া উপজেলায় দুপুর ১২টার দিকে হরতাল-সমর্থকেরা স্থানীয় সাংসদ ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মহীউদ্দীন খান আলমগীরের পেট্রলপাম্প ও তাঁর গাড়িবহরে হামলা ও ভাঙচুর চালায়। এ সময় বহরে থাকা আওয়ামী লীগের নেতা মীর ইকবাল হোসেনের গাড়ি এবং পাম্পে থাকা পাঁচটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। এর জের ধরে ছাত্রলীগের কর্মীরা মাদ্রাসায় হামলা চালালে পাঁচ ছাত্র আহত হয়।রংপুর: জেলার পীরগঞ্জে জামতলী মাদ্রাসার দুই শতাধিক শিক্ষার্থী গাছের গুঁড়ি ফেলে ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করলে পুলিশ লাঠিপেটা করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এতে ১০ জন আহত হয়। ঘটনাস্থল থেকে এক মাদ্রাসাছাত্রকে আটক করে পুলিশ।ময়মনসিংহ: হরতাল-সমর্থকেরা সকালে শহরের মাসকান্দা এলাকায় একটি ট্রাক ও কয়েকটি রিকশা ভাঙচুর করে। তারা অ্যাম্বুলেন্স চলাচলেও বাধা দেয়।চাটখিল (নোয়াখালী): সকালে চাটখিল পৌর শহরে হরতাল-সমর্থকদের সঙ্গে ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীদের দফায় দফায় সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হয়।বিয়ানীবাজার (সিলেট): উপজেলার চারখাই বাজারে সকাল থেকে হরতাল-সমর্থক ও মহাজোটের নেতা-কর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ায় আটজন আহত হয়। এ সময় চারটি দোকান ও দুটি গাড়ি ভাঙচুর করা হয়।শ্রীমঙ্গল (মৌলভীবাজার): হরতাল-সমর্থকেরা দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ভৈরববাজার এলাকায় ঢাকা-মৌলভীবাজার আঞ্চলিক মহাসড়কের জামেয়া মাদানিয়া কওমিয়া শেখ এম এ জব্বার কমপ্লেক্সের সামনে মৌলভীবাজারের এএসপি (সদর সার্কেল) মো. আলমগীর হোসেনের গাড়িসহ ১০টি গাড়ি ভাঙচুর করে। এতে এএসপিসহ চার পুলিশ সদস্য আহত হন। এ সময় পুলিশের লাঠিপেটায় আহত হয় ছয় হরতাল-সমর্থক। পুলিশ একজনকে আটক করে।মাধবপুর (হবিগঞ্জ): উপজেলার আমতলীতে তৌহিদী জনতার ব্যানারে শতাধিক পিকেটার লাঠিসোঁটা নিয়ে এক পুলিশ কর্মকর্তার মোটরসাইকেল ভাঙচুর করে। তারা অন্য যানবাহন ভাঙচুরেরও চেষ্টা চালায়। এ সময় পিকেটারদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া হয়। ইটপাটকেলের আঘাতে থানার ওসিসহ পাঁচ পুলিশ সদস্য আহত হন।বাহুবল (হবিগঞ্জ): বাহুবল সদর, মিরপুর ও পুটিজুরীতে ঢাকা-সিলেট মহাসড়কে হরতাল-সমর্থক ও গ্রামবাসীর সংঘর্ষে পাঁচজন আহত হয়। এ সময় একটি ট্রাক ভাঙচুর করা হয়।চৌদ্দগ্রাম (কুমিল্লা): চৌদ্দগ্রামের লাটিমী এলাকায় সকালে ফেনীর শর্শদী দারুল উলুম মাদ্রাসার একদল ছাত্র হরতালের সমর্থনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহন চলাচলে বাধা দেয়। তারা ইটপাটকেল ছুড়ে সাতটি গাড়ি ভাঙচুর করে। এতে চারজন যাত্রী আহত হয়।