হরতালে বিভিন্ন স্থানে সংঘর্ষ, ভাঙচুর, অগ্নিসংযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের মধ্য দিয়ে গতকাল মঙ্গলবার বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল পালিত হয়েছে। এর মধ্যে সিলেট, বগুড়া, চাঁদপুর, ভোলা, ময়মনসিংহ ও পাবনায় হরতাল-সমর্থক বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে হরতালবিরোধী আওয়ামী লীগের নেতা-কর্মীদের সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়া হয়েছে। এতে পুলিশ, সাংবাদিকসহ অন্তত ১৫৪ জন আহত হয়েছেন।হরতাল-সমর্থকেরা অন্তত ১২৪টি যানবাহন ও ১০টি দোকানপাট ভাঙচুর করেছেন। অগ্নিসংযোগ করেছেন অন্তত ২০টি যানবাহনে। ক্ষমতাসীন দলের নেতা-কর্মীরা বিএনপি ও জামায়াতের চারটি কার্যালয় ভাঙচুর করেন। অগ্নিসংযোগ করেন একটিতে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রের বরাত দিয়ে হরতালের খবর জানাচ্ছেন ঢাকার বাইরে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিরা: বগুড়া: ভোরে বগুড়া সদরের বাঘোপাড়া নামক স্থানে বগুড়া-রংপুর মহাসড়কে পাঁচটি যানবাহন ভাঙচুর করেন হরতাল-সমর্থকেরা। সাড়ে আটটার দিকে মহাসড়কের শাজাহানপুর উপজেলা সদরে জামায়াত-শিবিরের সঙ্গে প্রথমে যুবলীগ ও ছাত্রলীগ, পরে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়। এ সময় শাজাহানপুর উপজেলা জামায়াতের কার্যালয়ে আগুন ধরিয়ে দেন হরতালবিরোধীরা।দুপুরে যুবদলের মিছিল থেকে কবি নজরুল ইসলাম সড়কে বেশ কয়েকটি খাবার হোটেল ভাঙচুর করা হয়। এ সময় তাঁরা পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করলে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে। হরতাল-সমর্থকেরা চারটি ককটেলের বিস্ফোরণ ঘটান। ভাঙচুর করেন এক সাংবাদিকসহ দুজনের মোটরসাইকেল। এ ছাড়া শহরের বিভিন্ন এলাকায় বেশ কয়েকটি যানবাহন ভাঙচুর করেন হরতাল-সমর্থকেরা।২০ টাকা দিয়ে ককটেল, অ্যাম্বুলেন্সে অগ্নিসংযোগ: সকাল পৌনে আটটার দিকে বগুড়া শহরের কবি নজরুল ইসলাম সড়কে সদর থানার প্রধান ফটকের কাছে পর পর দুটি ককটেল বিস্ফোরিত হয়। পুলিশ সঙ্গে সঙ্গে দুই পথশিশুকে আটক করে। তারা পুলিশের কাছে স্বীকার করে, ২০ টাকার বিনিময়ে তারা ককটেল নিক্ষেপ করে।সকাল সাড়ে নয়টার দিকে বগুড়া-রংপুর সড়কের নওদাপাড়া এলাকায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন বিএনপির নেতা-কর্মীরা। এ সময় রংপুর থেকে আসা একটি অ্যাম্বুলেন্সে অগ্নিসংযোগ করা হয়। জীবন বাঁচাতে দ্রুত রোগীকে নিয়ে অ্যাম্বুলেন্স থেকে নেমে পড়েন স্বজনেরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মহাসড়ক থেকে পিকেটারদের সরিয়ে দেওয়ার চেষ্টা করলে উভয় পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ বাধে।বিষয়টি নিশ্চিত করে বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার সৈয়দ আবু সায়েম বলেন, তিন শতাধিক রাবার বুলেট ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে।শেরপুর (বগুড়া): বগুড়ার শেরপুর পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকায় সোমবার রাতে পার্ক করে রাখা একটি বাস ভাঙচুর করে তাতে আগুন ধরিয়ে দেন হরতাল-সমর্থকেরা। এ ঘটনায় মামলার পর একজনকে গ্রেপ্তার করে পুলিশ।সিলেট: হরতাল চলাকালে নগরের দক্ষিণ সুরমার পলিটেকনিক রোড এলাকায় ছাত্রলীগ ও ছাত্রদলের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। ছবি তুলতে গেলে স্থানীয় দৈনিক সিলেট সুরমার আলোকচিত্রী নুরুল ইসলাম ও কালের কণ্ঠ পত্রিকার আলোকচিত্রী আশকার আমিনকে পিটিয়ে ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। এলাকাবাসী দুজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। সোমবার রাত সাড়ে ১০টার দিকে নগরের লন্ডনি রোড, আম্বরখানা, কুমারগাঁও, শাহি ঈদগাহ, শাহজালাল উপশহর, তালতলা ও দক্ষিণ সুরমার হুমায়ুন রশিদ চত্বর, কদমতলী এলাকায় ২১টি যানবাহন ভাঙচুর করা হয়। একাধিক প্রত্যক্ষদর্শী জানান, অধিকাংশ এলাকায় দুই থেকে তিনটি মোটরসাইকেলে করে হেলমেট পরা যুবকেরা যানবাহন ভাঙচুর করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।গাজীপুর: হরতালের সমর্থকেরা ঢাকা-গাজীপুর সড়কের লক্ষ্মীপুরা এলাকায়, ভাওয়াল রাজবাড়ি ও জোড়পুকুর, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কড্ডা, কোনাবাড়ী ও মৌচাক এলাকায় ইট-পাটকেল ছুড়ে বেশ কিছু যানবাহনের কাচ ভাঙচুর করেন। সকালে টঙ্গীর মধুমিতা রোড এলাকা থেকে দুটি হাতবোমাসহ শিবিরের দুই কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ।গাইবান্ধা: সকালে জেলার পলাশবাড়ী উপজেলা শহরে হরতাল-সমর্থকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়া হয়। দুপুরে গাইবান্ধা রিজার্ভ পুলিশের একটি ভ্যানে আগুন লাগিয়ে দেন জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা। এ সময় শিবিরের দুই কর্মীকে আটক করে পুলিশ। বেলা আড়াইটার দিকে গাইবান্ধা শহরে জেলা বিএনপির কার্যালয়ের দরজা-জানালা ও আসবাব ভাঙচুর করেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। এর জের ধরে বিএনপির নেতা-কর্মীরা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ইট-পাটকেল ছুড়লে পুলিশ বাধা দেয়। বিকেল চারটার দিকে হরতালবিরোধী একটি মিছিল থেকে শহরের ডেভিড কোম্পানিপাড়ায় অবস্থিত জেলা জামায়াতের কার্যালয় ও শিবিরের ছাত্রাবাস ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।চাঁদপুর: দুপুরে হরতালের সমর্থকেরা পুলিশের একটি গাড়ি ভাঙচুর করেন। এতে আহত হন ১০ জন। এ ছাড়া জেলার বিভিন্ন স্থানে অন্তত সাতটি যানবাহন ভাঙচুর করা হয়। ২০ জনকে আটক করে পুলিশ।নোয়াখালী: ভোর থেকেই শহরের সোনাপুর থেকে মাইজদী বাজারসংলগ্ন বিটিভির স্টেশন পর্যন্ত এলাকায় প্রধান সড়কের অন্তত ৫০টি স্থানে টায়ার জ্বালান হরতালের সমর্থকেরা। এ সময় পৌর বাজার এলাকায় একটি বাস, একটি অটোরিকশা ও তিনটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের বাংলাবাজার মোড়ে একটি মোটরসাইকেল রাস্তার পাশে খাদে ফেলে এমরান হোসেন নামের এক কর্মীকে মারধর করেন হরতাল-সমর্থকেরা। এর জের ধরে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের একদল কর্মী বেলা ১১টার দিকে ভাটিরটেক চৌমুহনী বাজারে ইউনিয়ন বিএনপির কার্যালয় এবং কয়েকটি দোকান ভাঙচুর করেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া হয়। হরতালের আগের রাতে ১০ জন ও হরতাল চলাকালে জেলার বিভিন্ন উপজেলায় ১৩ জনকে আটক করে পুলিশ। সিরাজগঞ্জ: ভোর ছয়টার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের কোনাবাড়ী সীমান্তবাজার স্থানে ১৪-১৫টি বাস ও ট্রাক ভাঙচুর করেন হরতাল-সমর্থকেরা। বাধা দিলে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়া ও ব্যাপক সংঘর্ষ হয়। সংঘর্ষ থামাতে পাঁচটি রাবার বুলেট নিক্ষেপ করে পুলিশ। পরে র্যা ব-১২-এর সদস্য ও অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সকাল সাড়ে ১০টার দিকে শহরের রহমতগঞ্জ কাঠেরপুলে পুলিশের সঙ্গে হরতাল-সমর্থকদের পাল্টাপাল্টি ধাওয়া হয়। এ সময় জিহাদ নামের জামায়াতের এক কর্মী গুলিবিদ্ধ হন।বিষয়টি নিশ্চিত করে সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার এহসানুল কবীর বলেন, পুলিশের ওপর হামলা ও যানবাহন ভাঙচুরসহ বিভিন্ন অভিযোগে ২৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।গৌরনদী (বরিশাল): গতকাল ভোররাতে গৌরনদী উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে হরতাল-সমর্থকেরা একটি অ্যাম্বুলেন্সসহ নয়টি যানবাহন ভাঙচুর ও একটি মালবাহী ট্রাকে অগ্নিসংযোগ করেন। এ ঘটনায় জড়িত সন্দেহে গৌরনদী বাসস্ট্যান্ডের তেল ব্যবসায়ী সিরাজ হাওলাদারকে আটক করে পুলিশ।খুলনা: সকালে নগরের পিটিআই ও শিববাড়ীর মোড়ে দুটি ককটেলের বিস্ফোরণ ঘটান হরতাল-সমর্থকেরা। শিববাড়ীর মোড়ে একটি ইজিবাইকে অগ্নিসংযোগ করা হয়। এ ছাড়া খালিশপুর, বড়বাজার, পিটিআই মোড় ও মডার্ন ফার্নিচার এলাকায় পুলিশ ও হরতাল-সমর্থকদের মধ্যে কয়েক দফা ধাওয়া-পাল্টাধাওয়া চলে। সোমবার রাত নয়টার দিকে খুলনা জেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলামকে মুন্সিপাড়ায় নিজ বাসভবন থেকে গ্রেপ্তার করে পুলিশ। এ ছাড়া হরতাল চলাকালে নগরের বিভিন্ন স্থান থেকে ৩০ জনকে আটক করা হয়।লালমনিরহাট: সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের খানের বাজারে ঢাকা থেকে ছেড়ে আসা চারটি নৈশকোচ ভাঙচুর করা হয়। জেলা শহরের মিশন মোড় চত্বরে হরতাল-সমর্থকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়া হয়। শহরের সাপটানা বাজারে যুবলীগের এক কর্মীকে মারধর করেন বিএনপির নেতা-কর্মীরা। এর আগে সোমবার সন্ধ্যায় শহরের মিশন মোড় পুরাতন বাসস্ট্যান্ড এলাকা ও ভোকেশনাল রোডে দুটি ট্রাকে অগ্নিসংযোগ করা হয়। মহেন্দ্রনগর বুড়িরবাজারসহ বিভিন্ন স্থানে ভাঙচুর করা হয় বেশ কয়েকটি মোটরসাইকেল, বাস ও ট্রাক। রাতে মোস্তাফির হাট এলাকায় বিএনপির সমর্থকদের ব্যবসাপ্রতিষ্ঠান ও একটি ক্লাবসহ গোকুণ্ডা ইউনিয়ন বিএনপির কার্যালয় ভাঙচুর করেন ক্ষমতাসীন দলের নেতা-কর্মীরা।রাজশাহী: নগরের বিনোদপুর মণ্ডলের মোড়ে সকালে বিএনপি ও জামায়াত-শিবিরের সঙ্গে পুলিশের সংঘর্ষে ১০ জন আহত হন। বাইপাস এলাকায় হরতাল-সমর্থকেরা একটি মাইক্রোবাস ভাঙচুর করলে পুলিশ তাঁদের ধাওয়া দেয়। চলে দুই পক্ষের ধাওয়া-পাল্টাধাওয়া। সকাল সোয়া ১০টার দিকে চারঘাট উপজেলার সারদায় বিএনপির সঙ্গে পুলিশের সংঘর্ষে আহত হন ১০ জন। হরতাল-সমর্থকেরা তিনটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ ও একটি ভাঙচুর করেন।মহানগর পুলিশ কমিশনার এস এম মনির উজ জামান বলেন, পিকেটিং করার সময় ৩৫ জনকে আটক করা হয়েছে।বাগমারা (রাজশাহী): গতকাল হরতালবিরোধী মিছিল সমাবেশ শেষে বাগমারা উপজেলা বিএনপির কার্যালয় ও যুবদলের এক নেতার দোকান ভাঙচুর করেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। হরতাল শুরুর আগে উপজেলা যুবদলের সভাপতি গোলাম রাব্বানীকে গ্রেপ্তার করে পুলিশ। ঈশ্বরদী (পাবনা): দুপুরে ঈশ্বরদী পৌরসভার রেলগেট এলাকায় হরতাল-সমর্থকদের সঙ্গে হরতালবিরোধীদের ব্যাপক সংঘর্ষ হয়। উভয় মিছিল থেকে বোমা, গুলিবর্ষণ ও ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে সাতজন গুলিবিদ্ধসহ অন্তত ৫০ জন আহত হন। এ সময় রেলওয়ের একটি ইঞ্জিন, শহরের কয়েকটি ব্যাংক, অফিস, ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ও লুটপাটের ঘটনা ঘটে।কেরানীগঞ্জ: কেরানীগঞ্জে হরতাল-সমর্থকেরা তিনটি গাড়ি পুড়িয়ে দেন, ভাঙচুর করেন অন্তত ১০টি যানবাহন। বিভিন্ন সড়কে টায়ার জ্বালিয়ে যান চলাচলে প্রতিবন্ধকতার সৃষ্টি করা হয়। এ সময় পুলিশ ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে হরতাল-সমর্থকদের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। পাঁচটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। একপর্যায়ে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা বিএনপির কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর করেন। এক পিকেটারকে আটক করে পুলিশ।নারায়ণগঞ্জ: ছাত্রদলের নেতা-কর্মীরা সকালে শহরের বিভিন্ন স্থানে এবং ঢাকা-নারায়ণগঞ্জ রেললাইনের চাষাঢ়ায় টায়ারে অগ্নিসংযোগ করেন। ভাঙচুর করেন বেশ কয়েকটি যানবাহন। ভোরে রূপগঞ্জ উপজেলার কাঞ্চনে একটি বাস ও দুটি ট্রাকে অগ্নিসংযোগ করা হয়। পুলিশ নারায়ণগঞ্জ শহর বিএনপির সাধারণ সম্পাদক এ টি এম কামাল, জামায়াত-শিবিরের কর্মীসহ ১৯ জনকে আটক করেছে।রামদা হাতে ‘শান্তি মিছিল’: হরতাল চলাকালে নারায়ণগঞ্জে বিএনপির নেতা-কর্মীরা মিছিল বের করতে না পারলেও পুলিশের প্রহরায় মিছিল করেছেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। শান্তি মিছিলের নামে আওয়ামী লীগের নেতা-কর্মীর অনেকের হাতে রামদা, বড় ছুরিসহ দেশীয় আগ্নেয়াস্ত্র দেখা গেছে। বেশির ভাগ নেতা-কর্মীর হাতে ছিল মোটা লাঠিসোঁটা। গতকাল সকাল আটটার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ফতুল্লার সাইনবোর্ড মোড় ও সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় পৃথকভাবে এসব মিছিল বের করা হয়।ভোলা: শহরের বিভিন্ন এলাকায় হরতাল-সমর্থকদের সঙ্গে পুলিশের ঘণ্টাব্যাপী ধাওয়া-পাল্টাধাওয়া, ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এসব সংঘর্ষে ১০ জন আহত হন। হরতালের সমর্থকেরা দুটি ট্রাক, একটি বাস এবং পুলিশের একটি পিকআপ ভাঙচুর করেন। পুলিশ জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর রহমানসহ ১৫ নেতা-কর্মীকে আটক করেছে।ময়মনসিংহ: বেলা ১১টার দিকে শহরের নতুন বাজার মোড়ে বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে আওয়ামী লীগের ইট-পাটকেল নিক্ষেপ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। আওয়ামী লীগের কর্মীরা বিএনপির কর্মীদের ধাওয়া দিয়ে বিএনপির কার্যালয়ের সাইনবোর্ড ও আসবাব ভাঙচুর করে। বেশ কয়েকটি রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শহিদুল আমিনসহ ১০ জনকে গ্রেপ্তার করে পুলিশ।ত্রিশাল (ময়মনসিংহ): উপজেলার বগার বাজার এলাকায় দুটি টেম্পো ভাঙচুর করা হয়। কানিহারী ইউনিয়নের নতুন বাজারে ছাত্রলীগ ও ছাত্রদলের কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এতে ছাত্রদলের চার কর্মী আহত হন।নীলফামারী: নাশকতা সৃষ্টির আশঙ্কায় সোমবার রাতে নীলফামারী পৌর জামায়াতের আমির খায়রুল আনাম ও কর্মী সোলেমান আলীকে গ্রেপ্তার করে পুলিশ।ফেনী: হরতাল-সমর্থকেরা ভোর চারটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোহামঞ্চদ আলী বাজার এলাকায় চট্টগ্রামগামী এস এ পরিবহনের একটি কাভার্ড ভ্যানে অগ্নিসংযোগ করেন। সকালে মহাসড়কের মহিপাল এলাকায় হরতাল-সমর্থকেরা ছয়টি ককটেলের বিস্ফোরণ ঘটান। ভাঙচুর করেন বেশ কয়েকটি অটোরিকশা ও হিউম্যান হলার। ২৩ জনকে আটক করেছে পুলিশ।বাগেরহাট: সকালে রামপাল-বাগেরহাট পুরাতন সড়কের ডেমা এলাকায় হরতাল-সমর্থকেরা ভাড়ায় চালিত তিনটি মোটরসাইকেল ভাঙচুর করেছেন। জেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি আজমল হোসেনসহ চার নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।এ ছাড়া গতকাল ফরিদপুরে ১৫টি, চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় নয়টি, বরগুনায় তিনটি, জয়পুরহাট ও দিনাজপুরে দুটি করে এবং হবিগঞ্জে একটি যানবাহন ভাঙচুর করেন হরতাল-সমর্থকেরা। এ ছাড়া জয়পুরহাট ও নেত্রকোনায় দুটি যানবাহন পুড়িয়ে দেওয়া হয়।