হরতালে বিশৃঙ্খলা সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা: পুলিশ কমিশনার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার এ কে এম শহীদুল হক বলেছেন, বিরোধী দলের ডাকা হরতাল শান্তিপূর্ণভাবে পালনে পুলিশ কোনো বাধা দেবে না। তবে ওই সময় সড়কে গাড়ি ভাঙচুর, আগুন ধরিয়ে দেওয়ার মতো ফৌজদারি অপরাধ করে বিশৃঙ্খলা সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ২৭ জুন বিএনপির ডাকা হরতাল নিয়ে পুলিশের প্রস্তুতি সম্পর্কে জানাতে আজ শুক্রবার সকালে এক সংবাদ ব্রিফিংয়ের আয়োজন করা হয়। রাজারবাগ পুলিশ টেলিকম মিলনায়তনে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে পুলিশ কমিশনার এ কথা বলেন।এ কে এম শহীদুল হক বলেন, হরতালের দিন রাজধানীতে ১০ হাজার পুলিশ মোতায়েন থাকবে। তবে এবার গণগ্রেপ্তার করা হবে না। বিভিন্ন এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টিকারী সম্ভাব্য পিকেটারদের একটি তালিকা পুলিশ তৈরি করেছে। সেই তালিকা অনুসারে গ্রেপ্তার করা হবে বলে তিনি জানান। তবে নির্দোষ কাউকেই হয়রানি করা হবে না বলে তিনি সবাইকে আশ্বস্ত করেন। ঢাকার ভিআইপি ও গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যান চলাচলে বিঘ্ন না ঘটাতে পুলিশ কমিশনার বিএনপির প্রতি অনুরোধ জানান। তিনি বলেন, হরতালের দিন কেউ যদি স্বেচ্ছায় দোকানপাট বন্ধ রাখে, তাহলে পুলিশের কিছু করার নেই। তবে কাউকে যদি দোকানপাট বন্ধ রাখতে বাধ্য করা হয়, তাহলে পুলিশ কঠোর ব্যবস্থা নেবে।