হরতালে বেপরোয়া জামায়াত-শিবির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতের ডাকা ৪৮ ঘণ্টা হরতালের প্রথম দিনে গতকাল রোববার দেশের বিভিন্ন স্থানে ব্যাপক তাণ্ডব চালিয়েছে জামায়াত-শিবির। এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষ, যানবাহন, বাড়ি, দোকানপাটে ভাঙচুর ও আগুন দেয় তারা। এ ছাড়া চট্টগ্রামের ফটিকছড়িতে দুটি বেইলি সেতুর পাটাতন তুলে ফেলা হয়, লক্ষ্মীপুরের রামগতিতে কেটে দেওয়া হয় মহাসড়ক। লাকসামে রেললাইন উপড়ে ফেলা হয়, কসবায় আগুন দেওয়া হয় রেলসেতুতে।ঢাকার বাইরের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:চট্টগ্রাম: চট্টগ্রামের বাঁশখালীতে র‌্যাব ও পুলিশের সঙ্গে জামায়াত-শিবিরের গুলিবিনিময় হয়। জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা একটি বেইলি সেতু ভেঙে ফেলার চেষ্টা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বাধা দেন। এতে দুই পক্ষের মধ্যে গুলিবিনিময় হয়। এতে অন্তত ১০ জন আহত হন। পরে আটজনকে আটক করা হয়।বাঁশখালী থানার ওসি আবদুস সবুর জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও র‌্যাব ৩০টি গুলি ছুড়েছে।জেলার ফটিকছড়িতে শনিবার রাতে ঝনঝনিয়া বেইলি সেতু ও জুজখোলা বেইলি সেতুর পাটাতন তুলে ফেলে হরতাল-সমর্থকেরা। এতে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়ক এবং গহিরা-হেয়াঁকো সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। সেতু দুটি মেরামত করা হলে দুপুরের দিকে যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়।রাঙ্গুনিয়ার মরিয়মনগর ডিসি সড়কে চলাচলকারী তিনটি চান্দের গাড়ি ও আশপাশের সাতটি দোকান ভাঙচুর করেছেন জামায়াত-শিবিরের কর্মীরা। রামগতি (লক্ষ্মীপুর): কমলনগর উপজেলার হাজিরহাট মিল্লাত একাডেমি এলাকায় রামগতি-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়ক কেটে দেওয়া হয়। এতে জেলা সদর লক্ষ্মীপুরের সঙ্গে রামগতি ও কমলনগর উপজেলার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। রামগতি উপজেলার আজাদনগর ও হাজীগঞ্জ শেখের কিল্লা এলাকায় পিকেটাররা শনিবার রাত থেকে ইট ও গাছ ফেলে রামগতি-সোনাপুর আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে। খুলনা: সকাল আটটার দিকে ফুলতলা উপজেলার যুগ্নিপাশা মাদ্রাসার কাছে খুলনা-যশোর মহাসড়কে টায়ার জ্বালিয়ে অবস্থান নেয় হরতালকারীরা। পুলিশ ঘটনাস্থলে গেলে তাদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ ও গুলি ছোড়া হয়। এ সময় পুলিশও গুলি ছোড়ে। একপর্যায়ে হরতাল-সমর্থকেরা পুলিশ সদস্যদের ঘিরে ফেলে হামলা চালায়। এতে পুলিশের তিন সদস্য গুরুতর আহত হন। কসবা (ব্রাহ্মণবাড়িয়া): ঢাকা-চট্টগ্রাম রেলপথে কসবার ইমামবাড়ি রেলস্টেশনের অদূরে শনিবার রাতে একটি রেলসেতুতে আগুন দেয় হরতাল-সমর্থকেরা। এতে সেতুর তিনটি স্লিপার পুড়ে যায়। আখাউড়া জিআরপি থানার ওসি সাহিদুল ইসলাম জানান, খবর পেয়ে রেলওয়ে কর্তৃপক্ষ তাৎক্ষণিক স্লিপার মেরামত করে। পাবনা: হরতাল-সমর্থকেরা সদর উপজেলার জালালপুর ও পুষ্পপাড়াসহ পাবনা-ঢাকা মহাসড়কের কয়েকটি স্থানে গাছ কেটে ফেলে অবরোধ করে। বেলা দেড়টার দিকে জামায়াত-শিবিরের একটি মিছিল থেকে সদর উপজেলার আতাইকুলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির বাড়িতে হামলা চালানো হয়। কুষ্টিয়া: শহরের বটতৈল এলাকায় গতকাল সকালে তিনটি গাড়ি ভাঙচুর করা হয়। শান্তিডাঙ্গা এলাকায় কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে একটি ট্রাক ও বারখাদা এলাকার কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কে একটি ট্রাকে আগুন দেওয়া হয়। মিরপুরে পিকেটিং করার সময় শিবিরের চার কর্মীকে আটক করে পুলিশ। দিনাজপুর: দিনাজপুর-পঞ্চগড় মহাসড়কের যদুর মোড়, হাবলুরহাট, কবিরাজ হাটসহ কয়েকটি স্থানে গাছের গুঁড়ি ফেলে ও টায়ার জ্বালিয়ে অবরোধ করেন জামায়াত-শিবিরের কর্মীরা। বেলা ১১টার দিকে কবিরাজহাটে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা অবরোধ তুলে দিতে ঘটনাস্থলে গেলে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া হয়। এ সময় পিকেটাররা ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুর করে। ফেনী: ভোর সাড়ে পাঁচটার দিকে হরতাল-সমর্থকেরা ফেনীর অদূরে রাস্তারখিলে ঢাকা-চট্টগ্রাম রেললাইনের ওপর বালুর বস্তা ফেলে অবরোধ করে। রেল কর্তৃপক্ষ সকাল সাড়ে সাতটার দিকে বস্তা সরিয়ে নেয়। পুলিশ শহরের বিভিন্ন এলাকা থেকে শনিবার রাতে ১৫ জন এবং গতকাল জামায়াত-শিবিরের পাঁচজন কর্মীকে গ্রেপ্তার করে। রাজশাহী: নগরের সিটি হার্ট এলাকায় গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করা হয়। এ সময় হরতাল-সমর্থকেরা ট্রাকে আগুন ধরিয়ে পুড়িয়ে দেয়। জেলার মোহনপুরের কেশরহাট পৌরসভায় জামায়াত-শিবির নেতা-কর্মীরা মাথায় কাফনের কাপড় পরে রাস্তায় গাছের গুঁড়ি ফেলে রাজশাহী-নওগাঁ সড়ক অবরোধ করেন। পীরগাছা (রংপুর): পীরগাছার পাওটানা বাজারে দুপুরের দিকে জামায়াত-শিবিরের সঙ্গে আওয়ামী লীগের সংঘর্ষে ১৫ নেতা-কর্মী আহত হন। তাঁদের মধ্যে চারজনকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নোয়াখালী: জেলা শহরের পৌর বাজারে সকাল সাতটার দিকে পিকেটারদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া হয়। জেলার বিভিন্ন স্থান থেকে ১৭ জন পিকেটারকে আটক করে পুলিশ। শনিবার রাতে কোম্পানীগঞ্জের বসুরহাট পৌর এলাকা থেকে জামায়াত-শিবিরের ৩৬ জন নেতা-কর্মীকে আটক করা হয়। সেনবাগে বিক্ষিপ্ত সহিংস ঘটনায় বঙ্গবন্ধু সঞ্চৃতি সংসদ ভাঙচুর ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে আগুন দেওয়া হয়। অভয়নগর (যশোর): অভয়নগরের চেঙ্গুটিয়া এলাকায় গতকাল ভোরের দিকে জামায়াত-শিবিরের কর্মীরা একটি বাসে আগুন দেন। নারায়ণগঞ্জ: দুপুর পৌনে ১২টার দিকে ফতুল্লায় হরতাল-সমর্থকেরা একটি বাসে আগুন দেয়। পুলিশ একজনকে আটক করেছে। সাভার: ভোরের দিকে পিকেটাররা আশুলিয়ার পলাশবাড়ী এলাকায় একটি বাস ও একটি ট্রাকে আগুন ধরিয়ে সটকে পড়ে। জনতা আগুন নিভিয়ে ফেলে। ভোর ছয়টার দিকে সাভারের শিমুলতলা এলাকায় বাসে আগুন দেওয়ার চেষ্টা করা হলে ১০ পিকেটারকে গ্রেপ্তার করে পুলিশ। লাকসাম (কুমিল্লা): ভোর ছয়টার দিকে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার বিপুলাসার রেলস্টেশনের দক্ষিণ পাশে রেললাইন উপড়ে ফেলেন জামায়াত-শিবিরের কর্মীরা। এতে নোয়াখালী থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তনগর উপকূল এক্সপ্রেস সোনাইমুড়ী স্টেশনে আটকা পড়ে। বেলা সোয়া ১১টার দিকে রেললাইন পুনঃস্থাপন করা হলে ওই পথে রেল যোগাযোগ স্বাভাবিক হয়। দাউদকান্দি (কুমিল্লা): দাউদকান্দির ইলিয়টগঞ্জ এবং চান্দিনার গোমতা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাছ কেটে ও বালুর বস্তা ফেলে অবরোধ করে পিকেটাররা। সকাল ১০টার দিকে দাউদকান্দির শহীদনগর এলাকায় পিকেটাররা মহাসড়কে তিনটি গাছ কেটে এবং কয়েকটি স্থানে কাঠে আগুন জ্বালিয়ে অবরোধ করে। নাটোর: জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা সদর উপজেলার হাগুড়িয়ায় নাটোর-বগুড়া মহাসড়কে একটি ট্রাকে আগুন দেন। পরে হরতালের সমর্থনে মিছিল করে ও রাস্তায় আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করেন। লালপুর উপজেলার নওপাড়া সরকারি প্রথমিক বিদ্যালয়ের শহীদ মিনার ভেঙে ফেলা হয়েছে। স্থানীয়দের অভিযোগ, জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা শহীদ মিনার ভাঙচুর করেছেন। সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের বেলকুচি ও এনায়েতপুরে হরতালের সমর্থনে মিছিল থেকে স্থানীয় আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুর করা হয়। এনায়েতপুরে মিছিল থেকে থানায় ইটপাটকেল নিক্ষেপ করা হয় এবং কয়েকটি বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর করা হয়। পুলিশ রাবার বুলেট ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়। মিছিলকারীরা ফিরে যাওয়ার সময় রূপসী গ্রামের একটি মন্দিরে হামলা চালিয়ে ভাঙচুর করে। পিকেটাররা সিরাজগঞ্জ-কাজীপুর আঞ্চলিক মহাসড়কের ফকিরতলা এলাকায় গাছ ফেলে অবরোধ করে। মঠবাড়িয়া (পিরোজপুর): শনিবার রাতে মঠবাড়িয়া-পিরোজপুর সড়কের মাঝেরপুলে গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করেন জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা। ত্রিশাল (ময়মনসিংহ): ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ত্রিশালের পাঁচপাড়া গ্রামে শিবিরের কর্মীরা একটি ট্রাক ভাঙচুর করে আগুন দিতে চাইলে এলাকাবাসীর সঙ্গে তাঁদের পাল্টাপাল্টি ধাওয়া হয়। ত্রিশাল সদর থেকে শিবিরের এক কর্মীকে আটক করে পুলিশ।