হরতালে ভাঙচুর, আগুনের দায় সরকারের: ফখরুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, হরতালে গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের দায় সরকারের। কেননা বিরোধী দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা দেওয়ার জন্য সরকার নিজেরা এগুলো করে। ১৮ দলীয় জোট ভাঙচুরের রাজনীতি করে না।বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আজ মঙ্গলবার বিকেলে হরতাল-পরবর্তী সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল এ কথা বলেন। আওয়ামী লীগের ভেতরে থাকা যুদ্ধাপরাধীদের তালিকা দিতে বিএনপির প্রতি তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর আহ্বানের জবাবে ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ‘এটা তো তথ্যমন্ত্রীর ভালোই জানা আছে। তিনিই তো তালিকা দিতে পারেন।’ বিএনপির যেসব নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা আছে, তাঁদের সবাইকে গ্রেপ্তার করা হবে—তথ্যমন্ত্রীর এই বক্তব্যের জবাবে তিনি বলেন, তাঁর বিরুদ্ধে ৫৭টি মামলা আছে। মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তার করা তো এই সরকারের অন্যতম কাজ। এটা মোটেও অস্বাভাবিক নয়। জাতীয়তাবাদী শক্তি এতে ভয় পায় না।দুদিনের হরতালে বিএনপি ছাড়া জোটের অন্য ১৭টি শরিক দলের নেতা-কর্মীদের মাঠে দেখা যায়নি, এ ব্যাপারে ভারপ্রাপ্ত মহাসচিবের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, ‘সব দলের শরিকেরা মাঠে ছিল। হরতাল সফল করতে তাঁরা কাজ করেছেন। বিএনপির অনেক নেতা হয়তো মিছিল বা পিকেটিংয়ের সময় গণমাধ্যমের কর্মীদের ফোন করেন। এ জন্য তাঁদের দেখা যায়। অন্যরা এটা করেন না, তাই হয়তো তাঁদের দেখেন না।’ সংবাদ সম্মেলনে চলমান রাজনৈতিক সংকট সৃষ্টির ‘ষোলো আনা দায়’ ক্ষমতাসীন আওয়ামী লীগের ওপর চাপান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব। তিনি বলেন, সংকট সৃষ্টির ষোলো আনা দায় আওয়ামী লীগকেই নিতে হবে।১৮ দলীয় জোটের ডাকা ৩৬ ঘণ্টার হরতাল শেষে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল এই মন্তব্য করেন। তাঁর দাবি, গতকাল থেকে টানা ৩৬ ঘণ্টা স্বতঃস্ফূর্তভাবে হরতাল পালন করে ‘রক্তপিপাসু আওয়ামী সরকারের বিরুদ্ধে দেশের জনগণ চূড়ান্ত অনাস্থা’ প্রকাশ করেছে।ফখরুল দাবি করেন, এই হরতালকে কেন্দ্র করে ১৭ তারিখ থেকে আজ পর্যন্ত বিরোধী দলের এক হাজারের বেশি নেতা-কর্মীকে পুলিশ আটক করেছে। এর মধ্যে আজকের হরতালে চার শতাধিক নেতা-কর্মীকে আটক করা হয়েছে। এ ছাড়া আজ সারা দেশে তিন শতাধিক নেতা-কর্মী আহত হয়েছেন।