হরতালে ভাঙচুর-আগুন, আটক ৬৯
বিক্ষিপ্ত কর্মকাণ্ডের মধ্য দিয়ে আজ মঙ্গলবার হরতাল পালন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও তাদের সহযোগী ছাত্রসংগঠন ছাত্রশিবির। এ সময় রাজধানী ঢাকার কয়েকটি স্থানে জামায়াত-শিবিরের কর্মীরা গাড়ি ভাঙচুর করেন ও রাস্তায় টায়ারে আগুন লাগান। ঢাকা মহানগর পুলিশ জানায়, বেলা তিনটা পর্যন্ত রাজধানীতে জামায়াত-শিবিরের ৬৯ জনকে আটক করা হয়েছে। কারওয়ান বাজার, বাংলামোটর, খিলক্ষেত, কর্ণফুলী মার্কেটের সামনে ও কলাবাগানে পিকেটারেরা একটি করে বাস ভাঙচুর করেছে। খিলগাঁওয়ে একটি লেগুনা, সিএনজিচালিত একটি অটোরিকশা ও শাহজাহানপুরে একটি বাসে আগুন দেয় হরতালের সমর্থকেরা।তেজগাঁও, কাজীপাড়া ও মিরপুরে আনসার ক্যাম্পের কাছে বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর ও টায়ারে আগুন ধরিয়ে দেন জামায়াত-শিবিরের কর্মীরা। মগবাজারে বেসরকারি একটি হাসপাতালের সামনের কাচ ভাঙচুর করা হয়। যাত্রাবাড়ী এলাকায় সাতটি বাস ভাঙচুর ও একটি বাসে আগুন ধরিয়ে দেওয়ার খবর পাওয়া গেছে। যেকোনো ধরনের বিশৃঙ্খলা ঠেকাতে রাজধানীতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুলসংখ্যক সদস্য মোতায়েন করা হয়। প্রতিটি সড়কেই ছিলেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ও পুলিশের সদস্যরা।রাজধানীর প্রধান সড়কগুলোতে উল্লেখযোগ্যসংখ্যক বাস চলাচল করতে দেখা গেছে। অটোরিকশা ও রিকশার চলাচল ছিল স্বাভাবিক। একাত্তরের মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আটক জামায়াতের শীর্ষ নেতাদের মুক্তির দাবিসহ কয়েকটি দাবিতে দলটি গতকাল সোমবার দুপুরে এই হরতালের ডাক দেয়। বিএনপি এই হরতালে সক্রিয়ভাবে অংশ না নিলেও ‘নৈতিক সমর্থনের’ কথা জানিয়ে বিবৃতি দিয়েছে।একাত্তরের মানবতাবিরোধী অপরাধের অভিযোগে বর্তমানে আটক রয়েছেন জামায়াতের শীর্ষ নেতা গোলাম আযম, মতিউর রহমান নিজামী, আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ, দেলাওয়ার হোসাইন সাঈদী, আবদুল কাদের মোল্লা, মো. কামারুজ্জামান, আবদুস সুবহান, মীর কাসেম আলী ও এ টি এম আজহারুল ইসলাম।বনানীবনানীতে নৌবাহিনীর সদর দপ্তরের সামনে দুপুর সোয়া ১২টার দিকে জামায়াতে ইসলামীর সমর্থকেরা যাত্রীবাহী একটি বাসে আগুন দেয়। বাসটি গুলিস্তান থেকে বিমানবন্দরের দিকে যাচ্ছিল। এতে কেউ হতাহত হয়নি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নেভান। বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ভূঁইয়া মাহবুব হাসান জানান, পুলিশ বাসটি উদ্ধার করে বনানী থানায় নিয়ে যায়। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। মগবাজারে হাসপাতালে ভাঙচুরহরতালের সমর্থনে একটি মিছিল থেকে মগবাজারের ইনসাফ বারাকাত কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতালের সামনের দিকের কাচ ভাঙচুর করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, মিছিল থেকে এলোপাতাড়ি ইটপাটকেল ছুড়ে ভাঙচুর চালানো হয়। মিরপুরে বাস ভাঙচুর করে আগুনসকাল সাড়ে ১০টার দিকে হরতাল সমর্থনকারী একদল যুবক মিরপুর-১ নম্বরে আনসার ক্যাম্পের সামনে ‘বিশাল’ নামের যাত্রীবাহী একটি পরিবহন ভাঙচুর করে তাতে আগুন ধরিয়ে দেন। র্যাবের টহল দল ঘটনাস্থলে পৌঁছার পর তাঁরা পালিয়ে যান। একই সময়ে মিরপুর-১০ নম্বরে ফলপট্টির কাছে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা মিছিল বের করার জন্য জড়ো হন। এ সময় পুলিশ মইনুদ্দিন নামের এক ব্যক্তিকে আটক করে। মইনুদ্দিন সাংবাদিকদের কাছে নিজেকে মিরপুর থানা জামায়াতের শুরা সদস্য বলে দাবি করেছেন।মিরপুর থানার কর্তব্যরত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম জানান, গতকাল রাত থেকে এ পর্যন্ত মিরপুর অঞ্চলের বিভিন্ন এলাকা থেকে ১৬ জনকে আটক করা হয়েছে। কারওয়ান বাজারে গাড়ি ভাঙচুরতেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক জানান, রাজধানীর কারওয়ান বাজার ও ফার্মগেট এলাকায় সকাল পৌনে সাতটার দিকে জামায়াত-শিবিরের কর্মীরা রাস্তার ওপর টায়ার জ্বালান। এ সময় তাঁরা অন্তত চারটি গাড়ি ভাঙচুর করেন এবং একটি বাসে আগুন দেওয়ার চেষ্টা করেন।কাজীপাড়ায় টায়ারে আগুনমিরপুরের কাজীপাড়ায় ভোর ছয়টার দিকে রাস্তায় টায়ার পুড়িয়েছেন জামায়াত-শিবিরের কর্মীরা। ঘটনার সত্যতা নিশ্চিত করে মিরপুর জোনের সহকারী কমিশনার (এসি) সাইদুর রহমান বলেন, ‘এদিকে বড় কোনো ঘটনা ঘটেনি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। পর্যাপ্তসংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে।’খিলক্ষেতে বাসে আগুনসকাল সাতটার দিকে একটি বাসে আগুন দেন জামায়াত-শিবিরের কর্মীরা।ছেড়ে যায়নি দূরপাল্লার গাড়িহরতালে রাজধানী থেকে দূরপাল্লার কোনো গাড়ি ছেড়ে যায়নি। সায়েদাবাদ বাস টার্মিনালে গিয়ে দেখা গেছে, দূরপাল্লার সব বাস টার্মিনালে এবং রাস্তার পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছে। বেশির ভাগ টিকিট কাউন্টারই বন্ধ দেখা গেছে। অনেক কাউন্টারে চলছে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ। বিভিন্ন কাউন্টার থেকে জানানো হয়, বিকেল পাঁচটার পর দূরপাল্লার বাস ছাড়া হবে।