হরতালে ভাঙচুরের বিরুদ্ধে কঠোর আইন করার প্রস্তাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হরতালের সময় কারও ওপর হামলা হলে বা যানবাহন ভাঙচুর করলে হরতাল আহ্বানকারী দল বা সংগঠনের প্রধানের বিরুদ্ধে মামলা করা যাবে। অভিযোগ প্রমাণিত হলে পাঁচ বছরের কারাদণ্ড, জরিমানা এবং আর্থিক ক্ষতিপূরণ আদায়ের ব্যবস্থা থাকবে। প্রয়োজনে হরতাল আহ্বানকারীর সম্পত্তি বিক্রি করে ক্ষতিপূরণ আদায় করা হবে। সর্বোচ্চ দুই মাসের মধ্যে এ ধরনের মামলা নিষ্পত্তি করতে হবে। হরতালকে নিরুৎসাহিত করতে এ ধরনের বিধান রেখে আইন করার জন্য সংসদে একটি বিল জমা দিয়েছেন জাতীয় পার্টির সাংসদ মুজিবুল হক।‘জনস্বার্থ আইন, ২০১০’ নামের এ বেসরকারি বিলটি শিগগিরই সংসদে উত্থাপিত হবে বলে জানা গেছে।স্পিকার আবদুল হামিদ এ ব্যাপারে প্রথম আলোকে বলেন, বিলটি সংসদে জমা পড়েছে। এ অধিবেশনেই তা উত্থাপনের সম্ভাবনা রয়েছে। তিনি বলেন, সবার চলাফেরার স্বাধীনতা রক্ষা করতেই এ বিলটি আনা হয়েছে বলে সংশ্লিষ্ট সাংসদ তাঁকে জানিয়েছেন।এ সম্পর্কে জানতে চাইলে প্রস্তাবিত আইনটির প্রণেতা মুজিবুল হক বলেন, জনগণের নিরাপত্তার স্বার্থে বিলটি আনা হয়েছে। রাজনীতিবিদদের যেমন হরতাল ডাকার অধিকার আছে, তেমনি অনেকের হরতাল না মেনে কাজ করারও অধিকার আছে। এ দুটো অধিকারই রক্ষা হবে বিলটি পাস হলে। হরতালের নামে কেউ যাতে হানাহানি, জ্বালাও-পোড়াও করার সাহস না পায়, সে জন্যই বিলটি আনা হয়েছে।আওয়ামী লীগের সাংসদ সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, জনস্বার্থে এ ধরনের আইনের প্রয়োজন আছে। কারণ হরতাল ডাকাও যেমন অধিকার, তেমনি হরতালের সময় গাড়ি চালিয়ে কাজে যাওয়াও অধিকার। দুটি ঠিক রেখেই আইনটি করতে হবে, যাতে রাজনৈতিক কর্মসূচির নামে হানাহানি না হয়।প্রস্তাবিত আইনে বলা হয়েছে, সংবিধানের অনুচ্ছেদ ৩৬, ৩৭ ও ৩৮ অনুসারে দেশের নাগরিকদের চলাফেরা, সমাবেশ ও সংগঠনের স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে। কিন্তু কোনো কোনো সংগঠন এসব অধিকারের তোয়াক্কা না করে বিভিন্ন কর্মসূচির নামে নাগরিকদের এ ধরনের অধিকার ভোগ করা থেকে প্রতিনিয়ত বঞ্চিত করছে। এমনকি অনেক ক্ষেত্রে নাগরিকের জানমাল ও সম্পত্তিরও ব্যাপক ক্ষতি করছে। বিশেষ করে হরতালের মতো কর্মসূচিতে এ ধরনের ঘটনা বেশি ঘটছে। এ অবস্থা থেকে মুক্তি পাওয়ার জন্য পেশাজীবী, ব্যবসায়ীদের নেতৃত্বদানকারী বিভিন্ন সংগঠন এবং সর্বস্তরের মানুষের পক্ষ থেকে জোরালো দাবি উঠেছে।প্রস্তাবে বলা হয়, এ আইন বাস্তবায়নের জন্য প্রতি জেলায় জনস্বার্থ সংরক্ষণ আদালত থাকবে। জেলার প্রথম শ্রেণীর বিচারিক হাকিমদের মধ্যে জ্যেষ্ঠতম ও মহানগর এলাকায় মহানগর হাকিমদের মধ্যে জেষ্ঠ্যতমকে দিয়ে এ আদালত গঠিত হবে।এ আইনের অধীনে অভিযোগ করার পর দুই মাসের মধ্যে বিচারকাজ শেষ হবে। তবে হরতাল চলাকালে এ ধরনের অপরাধে অভিযুক্ত কোনো ব্যক্তি হাতেনাতে ধরা পড়লে এক মাসের মধ্যে বিচার শেষ করা হবে।প্রস্তাবিত আইনে আসামির অনুপস্থিতিতে বিচারকাজ শেষ করার বিধান রাখা হয়েছে। অভিযুক্ত ব্যক্তি পলাতক থাকলে সংবাদপত্রে সাত দিনের সময় দিয়ে বিজ্ঞাপন দেওয়া হবে। এর মধ্যে ওই ব্যক্তি অনুপস্থিত থাকলে তার অনুপস্থিতিতেই বিচারকাজ শেষ হবে।এ বিষয়ে জানতে চাইলে সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সভাপতি অধ্যাপক মোজাফ্ফর আহমদ প্রথম আলোকে বলেন, কলকাতা হাইকোর্টের এ ধরনের একটি রায় আছে। এতে বলা হয়েছে, গণতান্ত্রিক সমাজব্যবস্থায় হরতাল ডাকা কিংবা পালনের মতো হরতাল না মানারও অধিকার নাগরিকদের রয়েছে। দুটিকেই সম্মান করতে হবে। তিনি বলেন, এ ধরনের আইন করা ভালো। তবে আইনটি নিয়ে জনগণের মতামত নেওয়া যেতে পারে। তাতে করে প্রস্তাবিত আইনটি আরও সমৃদ্ধ হতে পারে।যোগাযোগ করা হলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার বলেন, রাজনৈতিক কর্মসূচিবিরোধী আইন করার অর্থ হলো গণতান্ত্রিক অধিকার স্থগিত করা। তাই এ ধরনের আইন পাসের আগে সরকারকে আরও বেশি করে ভাবা প্রয়োজন। কারণ মনে রাখা প্রয়োজন যে স্থায়ী সরকার বলে কিছু নেই। সবাইকে বিরোধী দলে যেতে হয়।