হরতালে ভ্রাম্যমাণ আদালত আইন মেনেই কাজ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেছেন, হরতাল চলাকালে আইন মেনেই ভ্রাম্যমাণ আদালত কাজ করছেন। ভ্রাম্যমাণ আদালতের বিষয়টি জাতীয় সংসদে পাস হয়েছে। তাই এটি এখন আইনগত ব্যাপার। আজ রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। হরতাল চলাকালে ভ্রাম্যমাণ আদালতের রায়ে ধরপাকড় চালানো কতটা আইনসম্মত—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ভ্রাম্যমাণ আদালত আইন মোতাবেক কার্যক্রম পরিচালনা করছেন। ভ্রাম্যমাণ আদালতের রায়ের বিষয়ে বিরোধীদলীয় নেতাদের বলার কিছু নেই। তিনি বলেন, বিরোধী দল একের পর এক ইস্যু ডেকে হরতাল করছে। তারা জানমালের ক্ষতি করছে। হরতালের কারণে জনজীবন বিপর্যস্ত হচ্ছে। বিরোধী দল হরতাল তুলে নেবে বলে সাহারা খাতুন আশা প্রকাশ করেন। সংবাদ সম্মেলনে ভ্রাম্যমাণ আদালতের কারণে সাধারণ জনগণ হয়রানির শিকার হচ্ছে কি না, এমন প্রশ্নের জবাব স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জনগণের হয়রানি কারও কাম্য নয়। ভ্রাম্যমাণ আদালতের কারণে জনগণ হয়রানির শিকার হোক এটা সরকার চায় না। তার পরও এ রকম কিছু হলে বিষয়টি তদন্ত করে দেখা হবে। হরতাল বন্ধ করার ব্যাপারে সরকার কোনো আইন করবে কি না, এ প্রশ্নের জবাবে তিনি বলেন, জনগণই হরতাল প্রতিহত করবে। সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু। তিনি বলেন, বিরোধী দলের চেয়ারপারসন খালেদা জিয়া বিদেশ থেকে ব্যর্থ হয়ে দেশে ফিরে দেশ ও জাতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। তিনি রাজনৈতিক পরিবেশ সুন্দর রাখার জন্য বিরোধী দলের প্রতি আহ্বান জানান।