যশোরে ধাওয়া খেয়ে বাস দোকানে, নিহত ১, ৪০টি যানবাহনে ভাঙচুর-আগুন, আজ সন্ধ্যা ছয়টায় হরতাল শেষ
হরতালে মাঠে নেই নেতারা
বিক্ষিপ্তভাবে ছয়-সাতটি যানবাহন ভাঙচুর, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ছাড়া বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের টানা ৩৬ ঘণ্টার হরতালের প্রথম দিন রাজধানী ছিল মোটামুটি শান্তিপূর্ণ। তবে যশোরে পিকেটারদের ধাওয়ায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের দোকানে ঢুকে পড়লে একজন নিহত হন।এর বাইরে বিভিন্ন স্থানে সংঘর্ষ, ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়েছে। এতে পুলিশসহ অন্তত ৫৮ জন আহত হয়েছেন। আটক করা হয়েছে ৯৬ জনকে। সারা দেশে অন্তত ৪০টি যানবাহনে ভাঙচুর ও আগুন দেওয়া হয়েছে। পুলিশ বলেছে, নাশকতার অভিযোগে ঢাকার বিভিন্ন স্থান থেকে ২৮ জনকে আটক করা হয়েছে। আর বিএনপির দাবি, ঢাকায় আটকের সংখ্যা ১০১; আর সারা দেশে ৩৮২ জন। পুলিশ ও সরকারদলীয় নেতা-কর্মীদের সঙ্গে সংঘর্ষে আহত হয়েছেন ৫৭৮ জন। জামায়াত-শিবির দাবি করেছে, ঢাকায় তাদের ১৮ জনকে আটক করা হয়েছে। আর সারা দেশে শিবিরের ১১০ জন আটক হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সারা দেশে গতকাল বুধবার তিনটি গাড়িতে আগুন, ছয়টি গাড়ি ভাঙচুর ও ৩২টি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছেন বিএনপি-জামায়াতের কর্মীরা। এ ছাড়া ভ্রাম্যমাণ আদালত পাঁচজনকে এক বছর করে কারাদণ্ড দিয়েছেন। আজ সন্ধ্যা ছয়টায় এই হরতাল শেষ হচ্ছে।যশোর: যশোর সদর উপজেলায় হরতাল-সমর্থকদের ধাওয়ায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকে যায়। এতে দোকানে বসে থাকা স্থানীয় নির্মাণশ্রমিক হাফিজুর রহমান ঘটনাস্থলে নিহত হন। আহত হন আরও তিনজন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা সোহাগ পরিবহনের একটি বাস যশোর শহরে ঢোকার পথে টিঅ্যান্ডটি মোড়ে পৌঁছালে কয়েকজন পিকেটার ইটপাটকেল ছুড়তে থাকে। চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি চায়ের দোকানে ঢুকে যায়। বাসের ধাক্কায় ক্ষতিগ্রস্ত হয় আরও তিনটি দোকান। চায়ের দোকানি বাবু হোসেন জানান, বাসের ধাক্কায় হাফিজুর মারা যান। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রহমান জানান, বাসটি উদ্ধার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।রাজশাহী: নগরে হরতাল-সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন। পুলিশ নগর বিএনপির সহসভাপতি ও কাউন্সিলর আনসার আলীসহ ২৫ জনকে আটক করেছে।সকাল সাতটার দিকে নগরের রাজারহাতা এলাকায় শিবির ঝটিকা মিছিল বের করলে পুলিশ বাধা দেয়। তারা পুলিশকে লক্ষ্য করে ককটেল ও ইটপাটকেল নিক্ষেপ করলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ রাবার বুলেট, কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। সংঘর্ষে পুলিশ-সাংবাদিকসহ অন্তত পাঁচজন আহত হন। সকাল নয়টার দিকে জেলা বিএনপির সভাপতি নাদিম মোস্তফার নেতৃত্বে একটি মিছিল নগরের সদর হাসপাতালের মোড়ে এলে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। নাদিম মোস্তফাসহ চারজন আহত হন। ঘণ্টা খানেক পর জেলা বিএনপি একই এলাকায় মিছিল বের করলে পুলিশের সঙ্গে আবার সংঘর্ষ হয়। আহত হন উভয় পক্ষের অন্তত ১৬ জন। মহানগর গোয়েন্দা পুলিশের ওসি আলমগীর হোসেন জানান, বিভিন্ন স্থান থেকে হরতাল-সমর্থক ২৫ জনকে আটক করা হয়েছে। চাঁদপুর: হরতাল-সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষে আটজন আহত হয়েছেন। ১০ জনকে আটক করেছে পুলিশ। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, চাঁদপুর-মতলব-পেন্নাই সড়কের চাঁদপুর সদর এলাকায় বেশ কয়েকটি গাছ ফেলে সড়ক অবরোধ করে হরতাল-সমর্থকেরা। চাঁদপুর সদরের ঘোষেরহাট এলাকা, শহরের পালবাজার ও মঠখোলা এলাকায় পাঁচটি গাড়ি ভাঙচুর করে তারা। শহরের পুরান বাজার লোহারপুল এলাকায় দুপুর ১২টার দিকে হরতাল-সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষে তিনজন আহত হন। পুলিশ শটগানের কয়েকটি গুলি ছোড়ে।ফরিদগঞ্জ উপজেলার পশ্চিম বাজারে বিএনপি-আওয়ামী লীগের সংঘর্ষে পাঁচজন আহত হন। চাঁদপুরের পুলিশ সুপার আমির জাফর জানান, জেলার বিভিন্ন স্থান থেকে ১০ জনকে আটক করা হয়েছে। খুলনা: সকাল ১০টার দিকে সাংসদ নজরুল ইসলামের নেতৃত্বে বি কে স্কুলের সামনে হরতালের সমর্থনে মিছিল বের হয়। পুলিশ ঘটনাস্থলে গেলে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। সকাল আটটার দিকে নিরালা আমতলার মোড়ে পুরান কাঁচাবাজার এলাকায় শিবিরের কর্মীরা একটি পিকআপ ভ্যান ও তিনটি ইজিবাইকে আগুন দেন। এসওএস শিশুপল্লীর সামনে সকালে বিএনপির নেতা-কর্মীরা দুটি ইজিবাইক ভাঙচুর করেন। এসব ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। রাজধানী: গতকাল রাজধানীতে বাস চলাচল ছিল অন্য হরতালের দিনের চেয়ে কম। ফলে দৈনন্দিন কাজে বের হওয়া মানুষকে ভোগান্তিতে পড়তে হয়। জোটের নেতা-কর্মীদের রাস্তায় দেখা যায়নি। ছিল না তেমন কোনো পিকেটিং। বিএনপির কেন্দ্রীয় কার্যালয় এলাকাও ছিল প্রায় নেতাকর্মীশূন্য। সেখানে যথারীতি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া উপস্থিতি ছিল। সকালের দিকে প্রধান সড়কে কর্মমুখী মানুষের ভিড় থাকলেও দোকানপাট তেমন খোলা দেখা যায়নি। গতকাল সকাল সোয়া ছয়টার দিকে যুবদলের ব্যানারে সাত-আটজন হরতাল-সমর্থক মিছিল নিয়ে গাবতলী বাসস্ট্যান্ডের দিকে যাওয়ার সময় রাস্তায় থেমে থাকা একটি বাসে হামলা চালায়। পুলিশের ধাওয়া খেয়ে তারা পালিয়ে যায়। গাবতলী বাসস্ট্যান্ড থেকে কোনো দূরপাল্লার বাস ছেড়ে যায়নি। সকাল আটটার দিকে মিরপুর ৬ নম্বর সেকশন কাঁচাবাজারের সামনে দুটি ককটেল বিস্ফোরিত হয়। সাতটায় ১১ নম্বর সেকশনে কালসী রোডে বিস্ফোরিত হয় একটি ককটেল। সকাল সোয়া আটটার দিকে হাতিরঝিল এলাকায় একটি সিএনজিচালিত অটোরিকশায় আগুন দেয় হরতালকারীরা। স্থানীয় লোকজন এসে আগুন নিভিয়ে ফেলে।তেজগাঁও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সামনে সকাল সাড়ে ছয়টায় হরতালকারীরা তিনটি ককটেল ছুড়লে একটি বিস্ফোরিত হয়। মহাখালীর তিতুমীর কলেজ শাখা ছাত্রদলের মিছিল থেকে সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুনকে আটক করা হয়। দক্ষিণ কমলাপুর এলাকায় আইসিডি মোড়ে সকাল সোয়া আটটার দিকে চার-পাঁচটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। পুলিশ পাঁচটি ফাঁকা গুলি ছোড়ে। সকাল সোয়া ১০টায় মতিঝিলে নটর ডেম কলেজের বিপরীতে নয়া দিগন্ত পত্রিকার কার্যালয়ের গলির সামনের সড়কে একটি ককটেলের বিস্ফোরণ ঘটে। ওই গলির মুখে বাস কাউন্টারগুলোর সামনে সড়কের পাশ থেকে পরিত্যক্ত একটি ককটেল উদ্ধার করে পুলিশ। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের ভেতরে সকাল থেকে ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমদসহ কয়েকজন নেতা-কর্মী ছিলেন। সালাহ উদ্দিন আহমদ সাংবাদিকদের জানান, নেতা-কর্মীদের নিজ নিজ এলাকায় থেকে হরতাল পালনের জন্য কেন্দ্রীয়ভাবে নির্দেশ দেওয়া হয়েছে। কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কোনো ‘পিকেটিং স্পট’ রাখা হয়নি।জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় মিছিল করেন বিএনপির সাংসদ মাহবুব উদ্দিন, নাজিম উদ্দিন, মহিলা সাংসদ রেহানা আক্তার, সৈয়দা আশিফা আশরাফী পাপিয়া, রাশেদা বেগম ও নিলুফার বেগম।সর্বশেষ খবর পর্যন্ত গত রাত সোয়া আটটার দিকে মিরপুরের শিকড় পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে হরতালকারীরা।চট্টগ্রাম: চট্টগ্রাম নগরে গতকাল বুধবার সন্ধ্যার পর একযোগে অন্তত সাতটি মোড়ে ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়েছে। এতে পথচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে কেউ হতাহত হয়নি। গতকাল নগরের চেরাগীপাহাড়, কাজীর দেউড়ী, আসকার দীঘিপাড়, ওয়াসা, প্রবর্ত্তক মোড়, নিউমার্কেট মোড় ও স্টেশন সড়কে সন্ধ্যা সাতটার পর একযোগে এই ককটেল হামলা হয়।এর আগে সারা দিন শান্তিপূর্ণভাবে হরতাল কর্মসূচি পালিত হয়। চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ মিজানুর রহমান বলেন, আতঙ্ক ছড়ানোর জন্য পিকেটাররা এটা করেছে।বরিশাল: নগরের কালিজিড়া সেতুসংলগ্ন এলাকায় গাছ ফেলে সড়ক অবরোধ করা হয়। পুলিশ ধাওয়া করলে পিকেটারদের ছোড়া ইটের আঘাতে পুলিশের এক সদস্য আহত হন।গাজীপুর: গাজীপুর সদর উপজেলার চান্দনা চৌরাস্তা এলাকায় কাচবোঝাই ট্রাকে আগুন দিয়েছে হরতাল-সমর্থকেরা। সকালে গাজীপুর সদরে উপজেলা বিএনপির মিছিল থেকে ইটপাটকেল ছুড়ে ১০-১২টি গাড়ি ভাঙা হয়।ময়মনসিংহ: দুটি ইজিবাইক ভাঙচুর ও আগুন দেওয়া হয়। পিকেটিংয়ের সময় তিনজনকে আটক করা হয়। সিলেট: ভোর সাড়ে ছয়টার দিকে নগরের চৌহাট্টায় পুলিশবাহী একটি লেগুনায় ইটপাটকেল নিক্ষেপ করে শিবির। এতে পুলিশের দুই সদস্য আহত হন। শিবিরের কর্মীরা দর্শনদেউড়ি এলাকায় নয়টি রিকশা ভাঙচুর করেন। মোটরসাইকেল মহড়া দিয়ে পিকেটিং করে শিবির। সকাল সাড়ে ১০টার দিকে নগরের জিন্দাবাজার এলাকায় বিএনপি মিছিল বের করলে পুলিশ বাধা দেয়। এ সময় লাঠিপেটায় তিনজন আহত হন। বগুড়া: শহরের বিভিন্ন স্থানে সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করে পিকেটাররা। শহরের কাঁঠালতলা এলাকায় হরতাল-সমর্থকেরা দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে। নোয়াখালী: বিএনপি ও জামায়াত-শিবিরের ৩৭ জনকে আটক করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে জেলার সুধারাম (সদর), হাতিয়া, বেগমগঞ্জ ও সেনবাগ উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। ভারপ্রাপ্ত এসপি মাহবুবুর রশীদ বলেন, গ্রেপ্তার ব্যক্তিরা বিভিন্ন মামলার আসামি।ঝিনাইদহ: জাতীয়তাবাদী মহিলা দলের মিছিলে হামলায় কমপক্ষে ১৫ জন আহত হন। হরতালবিরোধীরা এই হামলা চালায় বলে অভিযোগ করা হয়। সাতক্ষীরা: হরতাল-সমর্থকেরা যাত্রীবাহী একটি বাস ও তিনটি ট্রাক ভাঙচুর করে। শহরের অদূরে বাঁকাল সেতুতে টায়ার জ্বালিয়ে, সাতক্ষীরা-যশোর সড়কের লাবসা এলাকায় গাছের গুঁড়ি ফেলে ও সাতক্ষীরা-খুলনা সড়কের গোপীনাথপুর এলাকায় সড়ক কেটে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। সকাল নয়টার দিকে শহরের বাঁকাল এলাকায় স্বাস্থ্যমন্ত্রীর ভাগনে মাহমুদুল হককে মারধর করে হরতাল-সমর্থকেরা।[প্রতিবেদন তৈরিতে সহযোগিতা করেছেন আমাদের ঢাকার বাইরের আঞ্চলিক কার্যালয়, নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিরা]