হরতালে মামলা মুলতবি হবে না: ট্রাইব্যুনাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হরতালে আসামিপক্ষের জ্যেষ্ঠ আইনজীবীদের অনুপস্থিতির জন্য মামলার কার্যক্রম আর মুলতবি করা হবে না বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-২ আজ সোমবার এ কথা বলেন।আজ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় তদন্ত কর্মকর্তা আবদুর রাজ্জাক খানকে চতুর্থ দিনের মতো জেরার দিন ধার্য ছিল। এ দিনে আসামিপক্ষকে জেরা শেষ করারও নির্দেশ দিয়েছিলেন ট্রাইব্যুনাল। আজ আদালতে কার্যক্রমের শুরুতে আসামিপক্ষের সহযোগী আইনজীবী সাজ্জাদ আলী চৌধুরী বলেন, হরতালের জন্য আসামিপক্ষের মামলা পরিচালনাকারী আইনজীবী কফিল উদ্দিন চৌধুরী ট্রাইব্যুনালে আসতে পারেননি। তিনি এ সময় মামলা মুলতবির আরজি জানান।জবাবে ট্রাইব্যুনাল বলেন, ‘হরতালে অন্যরা আসতে পারেন, শুধু তিনি আসতে পারলেন না? আজ আপনাদের শেষ সুযোগ দিলাম, আর এ সুযোগ দেওয়া হবে না। হরতাল থাকুক আর যা-ই থাকুক, তদন্ত কর্মকর্তাকে জেরা বন্ধ করে দেব। আজ কোথাও পিকেটিং নেই, রাস্তার অবস্থা খুবই ভালো। হাইকোর্টের অনেক বিচারক এসেছেন, অনেক আইনজীবী এসেছেন।’মানবতাবিরোধী অপরাধের বিচারে গঠিত দুই ট্রাইব্যুনালেই হরতাল চলাকালে আসামিপক্ষের জ্যেষ্ঠ আইনজীবীরা যান না বলে অভিযোগ ওঠে। ১৩ ফেব্রুয়ারি জামায়াত-শিবিরের কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের কারণ দেখিয়ে কফিল উদ্দিন চৌধুরী ট্রাইব্যুনালে যাননি। পরের দিন ট্রাইব্যুনাল-২ বলেন, কফিল উদ্দিন অনুপস্থিতির যে কারণ দেখিয়েছেন, তা সঠিক নয়।এদিকে, কামারুজ্জামানের মামলায় আসামিপক্ষের সাক্ষীদের তালিকা নির্ধারণ করে দিতে আজ আবেদন জমা দিয়েছেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি এ কে এম সাইফুল ইসলাম। এই আবেদনের শুনানির জন্য আগামীকাল মঙ্গলবার দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল।সাইফুল ইসলাম প্রথম আলো ডটকমকে বলেন, ‘কামারুজ্জামানের পক্ষে সাক্ষ্য দেওয়ার জন্য আসামিপক্ষ এক হাজার ৩৫৪ জন সাক্ষীর দীর্ঘ তালিকা দিয়েছে। আমরা এটি সংক্ষিপ্ত করার আবেদন করেছি। আমরা সাক্ষীর তালিকা যাচাই করে দেখেছি। এর অনেকগুলোই ভিত্তিহীন। এত দীর্ঘ তালিকা দেওয়ার অর্থ হলো, মামলার কার্যক্রমকে বাধাগ্রস্ত করা।’