হরতালে মিছিল, গাড়ি ভাঙচুর
নারায়ণগঞ্জ শহরের বিভিন্ন এলাকায় আজ বৃহস্পতিবার হরতাল সমর্থনকারীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। বিক্ষোভকারীরা ২০-২৫টি গাড়ি ভাঙচুর করেছে। পুলিশ এ পর্যন্ত আটজনকে আটক করেছে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সকাল সোয়া সাতটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর নয়াবাড়ি এলাকায় ছাত্রদলের নেতা-কর্মীরা হরতালের সমর্থনে মিছিল বের করেন। মহাসড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ সৃষ্টি ও কয়েকটি যানবাহন ভাঙচুর করেন। শহরের ৫ নম্বর ঘাট এলাকায় মহানগর যুবদলের নেতা-কর্মীরা মিছিল বের করার চেষ্টা করলে পুলিশের বাধার মুখে তা ছত্রভঙ্গ হয়ে যায়। সকাল সাড়ে আটটার দিকে নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জের চৌধুরীবাড়ি এলাকায় পুলিশের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল ছোড়ার ঘটনা ঘটে। সকাল নয়টার দিকে ফতুল্লার কাশিপুর এলাকায় ঢাকা-নারায়ণগঞ্জ-মুন্সিগঞ্জ সড়কে স্বেচ্ছাসেবক দল হরতালের সমর্থনে মিছিল করে। এ সময় তারা কয়েকটি যানবাহন ভাঙচুর করে। ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে দূরপাল্লার যানবাহন চলাচল না করলেও স্থানীয় বাস চলাচল করতে দেখা গেছে। সকাল থেকে শহরের গুরুত্বপূর্ণ এলাকায় মোতায়েন রয়েছে বিপুলসংখ্যক পুলিশ। লঞ্চ ও ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।জেলা পুলিশ সুপার শেখ নাজমুল আলম জানান, হরতালে ভাঙচুরের অভিযোগে জামায়াতের দুই কর্মীসহ আটজনকে আটক করা হয়েছে।