হরতালে যানবাহন নিয়ে দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘শুধু কোনো রকমে পা’টা রাখতে পারলেই হয়, আজ তো ফাঁকা রাস্তা, ১৫ মিনিটেই পৌঁছে যাব।’ কাঁধে ঝোলানো ব্যাগ আর হাতে দুপুরের খাবারের হটপট নিয়ে গতকাল রোববার সকাল সাড়ে সাতটায় বাসা থেকে ফকিরাপুলের অফিসে যাওয়ার জন্য বের হন ট্রাভেলস এজেন্সির কর্মকর্তা মওদুদ হোসেন। সকাল সোয়া আটটার দিকে শেওড়াপাড়া বাসস্ট্যান্ডে যখন তাঁর সঙ্গে কথা হয়, তখন তিনি বাসে চড়ার কসরত করে যাচ্ছিলেন। কিন্তু বাদুড়ঝোলা বাসগুলোর পাদানিতেও পা দেওয়ার জায়গা ছিল না।হরতালে ভাঙচুর আর অগ্নিসংযোগের ভয়ে গতকাল রোববার রাজধানীতে বাস, সিএনজিচালিত অটোরিকশা ও ট্যাক্সি চলেছে খুবই কম। দিনভর যানসংকটে চরম দুর্ভোগ পোহাতে হয় নগরবাসীকে। সকালে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েন অফিসগামী যাত্রীরা। সময়মতো অফিসে পৌঁছানোর তাড়া, কিন্তু যানবাহন নেই। বাস না পেয়ে মিরপুর থেকে মতিঝিলে ২০০ টাকা ভাড়ায় রিকশায় গেছেন কেউ কেউ। আবার কেউ ভ্যানে করেও অফিসের পথ ধরেছিলেন। বিকেলে অফিস থেকে ফেরার সময়ও তাঁদের দুর্ভোগ ছিল অন্তহীন। গতকাল মিরপুর থেকে কিছু লোকাল বাস চলেছে। তবে বাসগুলোর কাউন্টার খোলেনি, বিচ্ছিন্নভাবে কিছু বাস সেবা দিয়েছে। সিএনজিচালিত অটোরিকশা ও ট্যাক্সিক্যাবের সংখ্যা ছিল খুবই কম। রাস্তা দাপিয়ে বেড়িয়েছে রিকশা, ভ্যান ও হিউম্যান হলারগুলো। নির্দিষ্ট পথের বাইরে হিউম্যান হলারগুলো ইচ্ছামতো যাত্রী বহন করেছে। তবে অফিস সময়ে সব যানবাহনেই ছিল উপচেপড়া ভিড়। রিকশা ও অটোরিকশাচালকেরা ভাড়া হেঁকেছেন স্বাভাবিকের চেয়ে কয়েকগুণ বেশি। একই অবস্থা ছিল উত্তরা, যাত্রাবাড়ী, মোহাম্মদপুরসহ পুরো রাজধানীতে।সন্ধ্যার দিকে রাজধানীর মতিঝিল, দৈনিক বাংলার মোড়, সচিবালয়ের সামনে, প্রেসক্লাব, শাহবাগ ও ফার্মগেট এলাকার রাস্তায় বহু লোক দাঁড়িয়ে ছিলেন বাসের জন্য। ফাঁকা রাস্তায় কোনো গাড়ি দেখলেই হাত তুলে থামানোর চেষ্টা করেন তাঁরা। বেশির ভাগ গাড়িই থামে না। কোনোটি থামলেই ছুটে যাচ্ছিল একদল মানুষ। তাঁরা জিজ্ঞাসা করছিলেন, ‘ভাই কোনদিকে যাবেন’। গন্তব্য মিলে গেলেও সবাই উঠতে পারছিলেন না।