হরতালে রাজধানীতে আটক ৩২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধর্মভিত্তিক দল ও সংগঠনের দেশব্যাপী ডাকা ৩০ ঘণ্টার হরতাল কর্মসূচির প্রথম দিনে আজ রোববার সকালে রাজধানীর বিভিন্ন স্থান থেকে পুলিশ ৩২ জনকে আটক করেছে। আটক ব্যক্তিরা সম্মিলিত ইসলামী ও সমমনা ১১টি দলের নেতা-কর্মী।আজ সকাল ছয়টা থেকে ৩০ ঘণ্টার হরতাল কর্মসূচি শুরু হয়েছে। কাল সোমবার দুপুর ১২টা পর্যন্ত সারা দেশে এ কর্মসূচি চলবে। বিএনপি ও জামায়াতে ইসলামী এ হরতালে সমর্থন দিয়েছে।জানা যায়, আজ সকালে সম্মিলিত ইসলামী ও সমমনা ১১ দলের নেতা-কর্মীরা পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে মিছিল বের করার চেষ্টা করে। এ সময় পুলিশ দুই দফায় সকাল ছয়টা ১০ মিনিট ও ছয়টা ২৫ মিনিটে দলের ১০ জন নেতা-কর্মীকে আটক করে।আটক ব্যক্তিদের মধ্যে আছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব নেজামউদ্দিন ও সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির, সম্মিলিত ওলামা মাশায়েখ পরিষদের যুগ্ম মহাসচিব খলিলুর রহমান মাদানী, জাতীয় ওলামা পরিষদের সভাপতি দ্বীন মোহাম্মদ কাশেমী প্রমুখ।অন্যদিকে আজ সকালে পুলিশ রাজধানীর বিভিন্ন স্থান থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশের ২২ জন কর্মীকে আটক করেছে। রাজধানীর পুরান ঢাকার বাবুবাজার, উত্তরা, যাত্রাবাড়ী, কাজলা ও পুরানা পল্টন এলাকা থেকে তাঁদের আটক করা হয়।আজ ভোর থেকে পুরানা পল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের নিচে নেতা-কর্মীরা অবস্থান নিয়েছেন। সেখান থেকে কিছুক্ষণ পর পর তাঁরা হরতালের সমর্থনে স্লোগান দিচ্ছেন। তবে পুলিশ ঘিরে রাখার কারণে তাঁরা রাস্তায় নামতে পারছেন না।হরতালে রাজধানীর সড়কে বাস, মিনিবাস, সিএনজিচালিত অটোরিকশা, রিকশা চলতে দেখা গেছে, তবে সংখ্যায় কম। পুলিশ ও র‌্যাবের টহল চলছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ শুধু আজ এবং সম্মিলিত ইসলামী ও সমমনা ১১টি দল কাল দুপুর ১২টা পর্যন্ত হরতাল ডেকেছে। সংশোধিত সংবিধানের মূলনীতি থেকে ‘আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’ কথাটি তুলে দিয়ে সেখানে ‘ধর্মনিরপেক্ষতা’ ও ‘সমাজতন্ত্র’ প্রতিস্থাপন করার প্রতিবাদে সংগঠন দুটি এ কর্মসূচি দিয়েছে। এ ছাড়া সংবিধানে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বহাল, জাতীয় নারীনীতি ও শিক্ষানীতির কিছু ধারা সংশোধন করার দাবিও এ কর্মসূচির সঙ্গে যুক্ত করেছে সংগঠনগুলো।তবে শিক্ষাপ্রতিষ্ঠানের পরীক্ষা, ধর্মীয় সভা-সমাবেশ, শোভাযাত্রা, হাসপাতালের অ্যাম্বুলেন্স, সংবাদপত্রের গাড়ি, হোটেল-রেস্তোরাঁ ও ওষুধের দোকান হরতালের আওতামুক্ত থাকবে।