হরতালে রাজধানীতে ১৭ জনের কারাদণ্ড, গ্রেপ্তার ৪০
হরতাল চলাকালে বিশৃঙ্খলা সৃষ্টি, ভাঙচুরের চেষ্টাসহ বিভিন্ন অভিযোগে রাজধানীতে ১৭ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া গত মঙ্গলবার রাত থেকে অন্তত ৪০ জনকে আটক ও গ্রেপ্তার করা হয়েছে।ঢাকা মহানগর পুলিশের জনসংযোগ বিভাগের অতিরিক্ত উপকমিশনার মাসুদুর রহমান এই তথ্য জানান। আটক ও গ্রেপ্তার করা ব্যক্তিদের মধ্যে কাফরুল থানায় সাতজনকে, চকবাজার থানায় চারজনকে, কদমতলী থানায় দুজনকে, শ্যামপুর থানায় দুইজনকে ও বাড্ডা থানায় দুজনকে দণ্ড দিয়েছেন আদালত।কাফরুল থানা পুলিশ জানায়, ভোরে সেনপাড়া-পর্বতা এলাকায় জামায়াতে ইসলামী একটি মিছিল বের করে। পুলিশ বাধা দিলে তারা পুলিশের সঙ্গে মারামারি শুরু করে। একপর্যায়ে মিছিলটি ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। মিছিল থেকে মিরপুর ও কাফরুল থানার পুলিশ নয়জনকে আটক করে। পরে কাফরুল থানায় আটক সাতজনকে এক মাস করে কারাদণ্ড দেন আদালত।লালবাগ থানার ওসি মোহাম্মদ আলী জানান, গতকাল সকাল সাড়ে ছয়টায় নাজিমউদ্দিন রোডে কয়েকজন লোক মিছিল করার জন্য জড়ো হন। এ সময় তাঁরা বিশৃঙ্খলা সৃষ্টি করেন এবং পুলিশের কাজে বাধা দেন। তখন পুলিশ এস এম কামরুজ্জামান, মনির হোসেন, এস এম সাদেক ও মোজাম্মেল হোসেনকে আটক করে। অপরাধ প্রমাণিত হওয়ায় ভ্রাম্যমাণ আদালত সাদেককে সাত দিন এবং বাকি তিনজনকে দুই দিনের কারাদণ্ড দিয়েছেন।প্রায় একই সময়ে উত্তর বাড্ডায় পুলিশ মাহফুজুর রহমান ও মিজানুর রহমান নামের দুই ব্যক্তিকে আটক করে।বাড্ডা থানার ওসি মাহবুবুর রহমান জানান, আটক ব্যক্তিরা গাড়ি ভাঙচুরের চেষ্টা করছিলেন। তাঁরা পুলিশের কাজেও বাধা দেন। পরে ভ্রাম্যমাণ আদালত তাঁদের ছয় মাসের কারাদণ্ড দেন।পল্লবী থানায় গ্রেপ্তার ৩৮: এদিকে হরতালের আগের রাতে পল্লবী থানার পুলিশ ৩৮ জনকে গ্রেপ্তার করে। হরতালে অতিরিক্ত গ্রেপ্তারের কারণে থানাহাজতে সবার জায়গা সংকুলান হয় না। সকাল পর্যন্ত অনেককে থানা চত্বরে বসিয়ে রাখা হয়। পরে সকালে ৩৮ জনকে আদালতে পাঠানো হয়।পল্লবী থানার অপারেশন্স কর্মকর্তা ফিরোজ হোসেন মোল্লা বলেন, গড়ে প্রতিদিনই পল্লবী থানায় ১৫ থেকে ২০ জনকে আটক বা গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার সব মিলিয়ে ৩৮জনকে গ্রেপ্তার করা হয়েছিল। এটা ছিল স্বাভাবিকের চেয়ে একটু বেশি। তবে হরতালের কারণে সবাইকে গ্রেপ্তার করা হয়নি।