হরতালে রাজধানীতে ২৪ জনকে কারাদণ্ড: ডিএমপি
রাজপথে গতকাল শনিবার ও আজ রোববার হরতালের সমর্থনে মিছিলের চেষ্টা ও নাশকতায় জড়িত থাকার অভিযোগে পুলিশ ২৪ জনকে গ্রেপ্তার করেছে। পরে ভ্রাম্যমাণ আদালত তাঁদের প্রত্যেককে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন। দণ্ডিত ব্যক্তিদের মধ্যে জামায়াত শিবিরের কিছু নেতা-কর্মী রয়েছেন বলে সংগঠনটি দাবি করেছে। ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সূত্র এ খবর জানায়।মহানগর পুলিশ সূত্র আরও জানায়, সকাল সাড়ে নয়টার দিকে মিরপুর সাড়ে ১১ নম্বরে জামায়াতের নেতা-কর্মীরা মিছিল করার চেষ্টা করেন। এ সময় পল্লবী থানার পুলিশ জামায়াতের ছয় নেতা-কর্মীকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালত তাঁদের এক মাস করে কারাদণ্ড দেন।পরে বেলা আড়াইটার দিকে মিরপুর ১১ নম্বরে একটি বেসরকারি ব্যাংকের সামনে দুই যুবক পুলিশের গাড়ি লক্ষ্য বোমা ছুড়ে মারেন। এ সময় পুলিশ দুজনকে গ্রেপ্তার করে। পরে ভ্রাম্যমাণ আদালত তাঁদের প্রত্যেককে এক মাস করে কারাদণ্ড দেন।বেলা সাড়ে ১১টার দিকে নগরের এফডিসির (বাংলাদেশ চলচ্চিত্র করপোরেশন) সামনে একদল লোক হরতালে সমর্থনে মিছিল বের করে। এ সময় পুলিশ বাধা দিলে তাঁরা পুলিশকে ইট ছুড়ে মারেন। পুলিশ ঘটনাস্থল থেকে ছয়জনকে গ্রেপ্তার করে। ঘটনাস্থলে উপস্থিত ভ্রাম্যমাণ আদালত প্রত্যেককে দুই মাস থেকে ছয় মাস পর্যন্ত বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন।বেলা দুইটার দিকে নগরের মিরহাজিরবাগে বিএনপির জামায়াতের কর্মীরা হরতালের সমর্থনে মিছিল বের করার চেষ্টা করেন। এ সময় পুলিশ বাধা দিতে গেলে তাঁদের সঙ্গে ধস্তাধস্তি হয়। একপর্যায়ে পুলিশ বিএনপি ও জামায়াতের চার নেতা-কর্মীকে গ্রেপ্তার করে। পরে ভ্রাম্যমাণ আদালত তাঁদের প্রত্যেককে দুই মাস করে কারাদণ্ড দেন।বিকেলে পৌনে তিনটার দিকে সোনারগাঁও লিংক রোডে জামায়াতের নেতা-কর্মীরা জড়ো হয়ে মিছিল করার চেষ্টা করেন। এ সময় কলাবাগান থানা পুলিশ জামায়াতের এক কর্মীকে গ্রেপ্তার করে। পরে ভ্রাম্যমাণ আদালত তাঁকে সাত দিনের কারাদণ্ড দেন।এর আগে গত শনিবার রাতে সেগুনবাগিচায় পিকেটিং করার সময় পুলিশ এক যুবককে গ্রেপ্তার করে। ওই রাতে একই থানার মগবাজারের দিলু রোডে বোতলে পেট্রল নিয়ে গাড়িতে আগুন দেওয়ার সময় পুলিশ হাতেনাতে এক যুবককে গ্রেপ্তার করে। পরে ভ্রাম্যমাণ আদালত প্রত্যেককে তিন মাস করে কারাদণ্ড দেন।গতকাল শনিবার রাতে দুই যুবক রামপুরা ডিআইটি রোডে গাড়ি লক্ষ্য করে ঢিল ছোড়েন এবং পেট্রলের বোতল হাতে নিয়ে গাড়িতে আগুন দেওয়ার চেষ্টা করে। এ সময় পুলিশ দুজনকে হাতেনাতে গ্রেপ্তার করে। পরে ভ্রাম্যমাণ আদালত তাঁদের প্রত্যেককে এক মাস করে কারাদণ্ড দেন। ওই রাতে গুলশানে মার্কিন দূতাবাসের সামনে একটি বাসে আগুন দেওয়ার অভিযোগে র্যাব একজনকে হাতেনাতে ধরেছে বলে দাবি করে। পরে তাঁকে গুলশান থানায় সোপর্দ করা হয়। ভ্রাম্যমাণ আদালত তাঁকে দুই মাসের কারাদণ্ড দেন।মহানগর পুলিশের জনসংযোগ শাখা থেকে বলা হয়েছে, পুলিশের কাজে বাধা ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে তাঁদের গ্রেপ্তার ও কারাদণ্ড দেওয়া হয়। পরে তাঁদের ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।