হরতালে রাস্তা বন্ধ করে মিছিল করা যাবে না: সাহারা
স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন জানিয়েছেন, হরতালে রাস্তা বন্ধ করে মিছিল করা যাবে না। হরতালের দিন ভ্রাম্যমাণ আদালতের কাজ অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেছেন। আজ মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিজ কক্ষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। সাহারা খাতুন বলেন, ‘ব্যবসায়ী মহলসহ কয়েকটি মহল হরতাল প্রত্যাহারের আবেদন করেছে। আমরাও হরতাল প্রত্যাহারের অনুরোধ জানাচ্ছি।’কিছুক্ষণ আগে মতিঝিল আইডিয়াল স্কুলের সামনে দুটি বাসে আগুন দেওয়ার ঘটনার কথা জানিয়ে তিনি বলেন, ‘এ ধরনের অরাজকতা-বিশৃঙ্খলা মোকাবিলায় আমাদের প্রস্তুতি আছে। এসব মোকাবিলার জন্য আমরা আমাদের বাহিনী তৈরি রেখেছি।’ইস্যুবিহীন হরতাল দেশের জনগণ মেনে নেবে না উল্লেখ করে সাহারা খাতুন বলেন, ‘বিএনপি ও জামায়াত যে হরতাল ডেকেছে তাতে স্পষ্ট বুঝা যায়, তারা দেশের উন্নয়ন চায় না। হরতালের নামে গাড়িতে আগুন লাগিয়ে মানুষের জানমালের ক্ষতি করছে। বেগম খালেদা জিয়ার পুত্রকে রক্ষার জন্য এ ধরনের হরতাল কোনাভাবেই মেনে নেওয়া যায় না।’