হরতালে রেললাইনে আগুন, গাড়ি ভাঙচুর, সড়ক অবরোধ (ভিডিও)
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপি ও জামায়াতের ডাকে আজ বৃহস্পতিবার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল চলছে। সকাল সোয়া নয়টা পর্যন্ত দেশের কয়েকটি জায়গায় রেললাইনে আগুন, গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও সড়ক অবরোধের ঘটনা ঘটেছে। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:
লাকসাম
সকাল সাড়ে সাতটার দিকে হরতালকারীরা দৌলতগঞ্জ স্টেশনের লাকসাম-নোয়াখালী রেলপথের লেভেল ক্রসিং এবং হোম সিগন্যালের কাছে রেললাইনে আগুন ধরিয়ে দেয়। এতে নোয়াখালী থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তনগর উপকূল এক্সপ্রেস ট্রেনটি নাসের পেটুয়া স্টেশনে আটকা পড়ে। দুই ঘণ্টা আটকে থাকার পর সকাল সাড়ে নয়টার দিকে ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। রেলওয়ের ট্রাফিক পরিদর্শক মাসুদ সারওয়ার বিষয়টি প্রথম আলো ডটকমকে নিশ্চিত করেছেন। এ ছাড়া, কুমিল্লা-সোনাইমুড়ি সড়ক, লাকসাম কলেজ রোড, লাকসাম-নোয়াখালী সড়কে টায়ারে আগুন জ্বালিয়ে পিকেটিং করেছে হরতালকারীরা।
নরসিংদী
মাধবদীতে সকাল সাড়ে সাতটার দিকে যুগ্ম-দায়রা জজ মাহফুজা খানমের একটি ব্যক্তিগত গাড়ি ভাঙচুর করে পিকেটারেরা। এ সময় বিচারক গাড়িতেই ছিলেন। তিনি ঘটনার সময় গাড়ি থেকে বের হয়ে আসায় রক্ষা পান। তিনি ঢাকা থেকে তাঁর কর্মস্থলে যাচ্ছিলেন। এদিকে, মাধবদীর বাঘবাড়ি এলাকায় সকাল সাড়ে আটটার দিকে সিএনজিচালিত একটি অটোরিকশায় আগুন ধরিয়ে দেয় হরতালের সমর্থকেরা। নরসিংদীর সহকারী পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম এই দুই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
চাঁদপুর
জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে আজ ভোর থেকে গাছ ফেলে ও টায়ারে আগুন জ্বালিয়ে হরতাল পালন করছেন ১৮-দলীয় জোটের সমর্থকেরা। সড়ক অবরুদ্ধ হয়ে পড়ায় চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়ক, চাঁদপুর-মতলব-পেন্নাই সড়ক ও চাঁদপুর-লক্ষ্মীপুর সড়কযোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। পুলিশ এসব রাস্তার অবরোধ সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছে। হরতালের সমর্থনে খণ্ড খণ্ড মিছিল হচ্ছে। এদিকে, জেলা আওয়ামী লীগের সভাপতি শামছুল হক ভূঁইয়ার নেতৃত্বে সকাল আটটার দিকে শহরের শপথ চত্বর থেকে একটি হরতালবিরোধী মিছিল বের হয়ে শহর প্রদক্ষিণ করে। এ ছাড়া, রিকশাশ্রমিক লীগের উদ্যোগে হরতালের বিপক্ষে একটি রিকশা মিছিল বের হয়। চাঁদপুরের পুলিশ সুপার আমির জাফর প্রথম আলো ডটকমকে জানান, হরতালে নাশকতা এড়াতে পুলিশি ব্যবস্থা জোরদার রাখা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া
সেকালে জেলার নবীনগর উপজেলার নবীনগর-কোম্পানিগঞ্জ সড়কে টায়ার জ্বালিয়ে আগুন ধরিয়ে দেয় হরতালকারীরা। ওই সড়কে গাছের গুঁড়ি ফেলে অবরোধ করে রাখেন তারা। এদিকে ভোর থেকেই হরকালের সমর্থনে শহরের প্রধান সড়কে কয়েক দফা মিছিল করেছে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। ব্রাহ্মণবাড়িয়ায় অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম প্রথম আলো ডটকমকে জানান, জেলার বিভিন্ন স্থান থেকে এ পর্যন্ত বিএনপির ১২ জন নেতা-কর্মীকে আটক করা হয়েছে।
গোপালগঞ্জ
আজ বেলা ১১টায় শহরের একটি বিক্ষোভ মিছিল বের করে ছাত্রলীগ ও যুবলীগ। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একটি সমাবেশ করে। এছাড়া মুকসুদপুর ও কোটালীপাড়ায় হরতালবিরোধী মিছিল করেছে স্থানীয় আওয়ামী লীগ। রাজধানীর নয়াপল্টনে গতকাল বুধবারের বিক্ষোভ-সমাবেশ পণ্ড করার জন্য সরকারকে দায়ী করেছে বিএনপি। এর প্রতিবাদে আজ সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে দলটি।বিএনপির হরতাল ঘোষণার পর জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান এক বিবৃতিতে আজ সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেন। দেলাওয়ার হোসাইন সাঈদীর মুক্তি ও দলটির গতকালের গণবিক্ষোভে ‘বাধা ও মিছিলে গুলিবর্ষণের’ প্রতিবাদে জামায়াত এ কর্মসূচি ঘোষণা করে। গতকাল সন্ধ্যায় বিএনপি ও জামায়াত পৃথক পৃথকভাবে হরতাল ডাকলেও রাতে খালেদা জিয়ার সভাপতিত্বে ১৮ দলের সভায় সিদ্ধান্ত হয়, এখন থেকে সব কর্মসূচি হবে জোটের ব্যানারে। এমনকি আজকের হরতালও ১৮-দলীয় জোটের নামে পালন করার সিদ্ধান্ত হয় বলে জানা গেছে। এর আগে সর্বশেষ গত রবি ও সোমবার জামায়াতে ইসলামী এবং মঙ্গলবার বিএনপি হরতাল পালন করেছিল। (প্রতিবেদনটি তৈরিতে সহযোগিতা করেছেন— লাকসাম (কুমিল্লা), চাঁদপুর, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া ও গোপালগঞ্জ প্রতিনিধি)