হরতালে লাঠিপেটা, ভাঙচুর, আটকের ঘটনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ মিছিল, পিকেটিং, গাড়ি ভাঙচুর, পুলিশের লাঠিপেটা ও ধরপাকড়ের মধ্য দিয়ে আজ বৃহস্পতিবার বিএনপির ডাকা হরতাল চলছে। পুলিশের লাঠিপেটা ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনায় বিএনপির বেশ কয়েকজন নেতা-কর্মী ও সমর্থক আহত হয়েছেন।আমাদের নিজস্ব আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:নারায়ণগঞ্জ: হরতাল সমর্থনে সকাল ছয়টার দিকে শহরের সিটি করপোরেশনের নগর ভবনের সামনে থেকে মিছিল বের করে বিএনপি। মিছিলটি শহরের মণ্ডলপাড়া এলাকায় পৌঁছানোর পর পুলিশ বাধা দেয় এবং ব্যানার কেড়ে নেয়। এ সময় পুলিশের সঙ্গে মিছিলে থাকা নেতা-কর্মীদের ধ্বস্তাধ্বস্তির ঘটনা ঘটে। একপর্যায়ে পুলিশ লাঠিপেটা করে মিছিলটিকে ছত্রভঙ্গ করে দেয়। এতে শহর বিএনপির সাধারণ সম্পাদক এ টি এম কামাল, মহানগর যুবদলের আহ্বায়ক মাকছুদুল আলমসহ অন্তত ১০ জন আহত হন। পরে মাকছুদুল আলমকে আটক করা হয়। এর আগে গতকাল বুধবার রাতে ফতুল্লা মডেল থানা-পুলিশ ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও একই ওয়ার্ডের বিএনপির সভাপতি জমশের আলীকে আটক করে। আহত শহর বিএনপির সাধারণ সম্পাদক এ টি এম কামাল অভিযোগ করেন, পুলিশ বিনা উসকানিতে বিএনপি নেতা-কর্মীদের লাঠিপেটা করেছে।নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের প্রথম আলো ডটকমকে জানান, জনগণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় লাঠিপেটা করে মিছিলটি ছত্রভঙ্গ করা হয়েছে। সকাল থেকে বিপুল সংখ্যক পুলিশ শহরের ডিআইটি বাণিজ্যিক এলাকায় জেলা বিএনপির কার্যালয়ের সামনে অবস্থান নেয়। হরতালের কারণে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে দূরপাল্লার কোনো যানবাহন চলাচল করেনি। ট্রেন ও লঞ্চ চলাচল স্বাভাবিক ছিল। নোয়াখালী: সকাল সাতটার দিকে নোয়াখালী শহরের থানা কাউন্সিল এলাকায় একটি ট্রাক ও দত্তবাড়ির মোড়ে যাত্রীসেবা নামের একটি বাস ভাঙচুর করে পিকেটাররা। এর আগে গতকাল রাতে জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে বিএনপির ১৭ জন কর্মীকে আটক করেছে পুলিশ। জেলার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে পুলিশ মোতায়েন রাখা হয়েছে।ময়মনসিংহ: ময়মনসিংহে পিকেটাররা শহরের বিভিন্ন স্থানে চোরাগোপ্তা হামলা চালিয়ে ১০-১২টি টেম্পো, অটোরিকশা ও ট্রাক ভাঙচুর করেছে। জেলা যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল হরতালের সমর্থনে পৃথক ভাবে শহরে মিছিল বের। শহরের গুরুত্বপূর্ণ স্থান ও রেলস্টেশনে অতিরিক্ত পুলিশ ও আর্মড পুলিশ মোতায়েন রয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় বিএনপির একটি মিছিল পুলিশের বাধার মুখে পড়ে। এ সময় নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়ায় কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ারসহ পাঁচজন পুলিশ সদস্য ও ১৫ নেতা-কর্মী আহত হন। পরে ক্ষুব্ধ নেতা-কর্মীরা শহরের বিভিন্ন এলাকায় পাঁচ-ছয়টি টেম্পো ও একটি বাস ভাঙচুর করেন।কুষ্টিয়া: বেলা ১১টার দিকে কুষ্টিয়া শহরের বড় বাজার ও মজমপুর গেট থেকে আটজনকে আটক করেছে পুলিশ। তাঁরা হলেন জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক গোলাম হাফিজ, আশরাফুল করিম, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেন, সদর থানা ছাত্রদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আবু হেনা মোস্তফা, কুষ্টিয়া সরকারি কলেজ ছাত্রদলের সহসভাপতি শামীম হোসেন, কর্মী সুমন আলী, জেলা ছাত্রদলের সদস্য জিল্লুর রহমান ও যুবদল কর্মী শামীম হোসেন।এর আগে সকাল ১০টার দিকে বড়বাজার এলাকায় জেলা বিএনপির সভাপতি মেহেদী রুমীর নেতৃত্বে মিছিল বের হলে পুলিশ লাঠি চালিয়ে ছত্রভঙ্গ করে। এ সময় বিএনপির দুই নেতা পায়ে আঘাত পান।কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী জালাল উদ্দিন প্রথম আলো ডটকমকে জানান, নাশকতার আশঙ্কায় তাদের আটক করা হয়েছে।কেরানীগঞ্জ (ঢাকা): নেপরোজবাগ এলাকার ঢাকা-নবাবগঞ্জ সড়কে সকালে বিএনপির যুগ্ম মহাসচিব আমানউল্লাহ আমান-সমর্থিত শতাধিক নেতা-কর্মী সড়কে বাধা সৃষ্টি করে যানবাহন ভাঙচুর শুরু করে। এ সময় পুলিশের সঙ্গে হরতাল সমর্থকদের পাল্টাপাল্টি ধাওয়া হয়। পিকেটারদের ছত্রভঙ্গ করার জন্য পুলিশ কয়েকটি ফাঁকা গুলি ও কাঁদানে গ্যাস ছোড়ে।কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইন উদ্দিন প্রথম আলো ডটকমকে জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাস ছোড়ে।