হরতালে শিল্প-কারখানা খোলা রাখতে আইন প্রতিমন্ত্রীর আহ্বান
হরতালের দিন পোশাক শিল্প-কারখানা খোলা রাখাসহ সব ধরনের কর্মকাণ্ড স্বাভাবিকভাবে চালানোর জন্য ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম। তিনি বলেন, ব্যবসায়ীদের যতটুকু নিরাপত্তা দরকার তার পুরোটাই আইনশৃঙ্খলা বাহিনী দেবে। এ ছাড়া গাড়ি ভাঙচুরসহ অন্য কোনোভাবে যদি কেউ উসকানি দেয় এবং হরতালকে কেন্দ্র করে পরিস্থিতি অস্থিতিশীল করে তোলে, তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম আজ বৃহস্পতিবার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের এসব কথা বলেন।প্রতিমন্ত্রী বলেন, যে বাড়িকে কেন্দ্র করে খালেদা জিয়া এ হরতাল ডেকেছেন, সে বাড়ির শানশওকত ও নেতিবাচক কার্যক্রম দেখে ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোই কিছু দিনের মধ্যে খালেদা জিয়াকে সমর্থন করবে না। আর সাধারণ মানুষও বিরোধী দলের এ ধরনের কর্মসূচিকে প্রত্যাহার করবে বলে সরকার আশা করছে।