হরতালে শেয়ারবাজার ও ব্যাংকে লেনদেন স্বাভাবিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হরতালে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বর, দিলকুশা ব্যাংকপাড়াসহ আশপাশের এলাকায় জনজীবন স্বাভাবিক রয়েছে। দেশের শেয়ারবাজার ও ব্যাংকগুলোতে স্বাভাবিক লেনদেন চলছে।প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রকাশনা ও জনসংযোগ বিভাগের উপমহাব্যবস্থাপক মো. শফিকুর রহমান প্রথম আলো ডটকমকে বলেন, ডিএসইতে সকাল সাড়ে ১০টার দিকে নির্ধারিত সময়েই লেনদেন শুরু হয়েছে। এখনো স্বাভাবিক লেনদেন চলছে।দি সিটি ব্যাংক লিমিটেডের মতিঝিল শাখার জ্যেষ্ঠ কাস্টমার কেয়ার অফিসার এনামুল হক জানান, সকাল থেকে তাঁদের শাখায় স্বাভাবিক কার্যক্রম চলছে। তবে গ্রাহক উপস্থিতি কিছুটা কম বলে জানান তিনি। হরতালের কারণে তাঁদের শাখার প্রধান ফটক বন্ধ থাকলে বিকল্প দরজা দিয়ে গ্রাহকেরা প্রয়োজনীয় কাজ সারছেন বলেও জানান তিনি।অগ্রণী ব্যাংকের বৈদেশিক বিনিয়োগ শাখার এক কর্মকর্তা বলেন, তাঁদের শাখায় স্বাভাবিক কার্যক্রম চলছে।বাংলাদেশ ব্যাংকের গভর্নর সচিবালয়ের মহাব্যবস্থাপক এ এফ এম আসাদুজ্জামান প্রথম আলো ডটকমকে বলেন, বাংলাদেশ ব্যাংকে হরতালের কোনো প্রভাব নেই। সব কর্মকর্তা-কর্মচারী নির্ধারিত সময়ে অফিসে এসেছেন। সব ধরনের লেনদেন ও কার্যক্রম স্বাভাবিক রয়েছে বলেও জানান তিনি।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকেই মতিঝিল এলাকায় জনজীবন স্বাভাবিক রয়েছে। এই এলাকার সড়কগুলোতে বাস, লেগুনা, রিকশা ও সিএনজিচালিত অটোরিকশা চলাচল করতে দেখা যায়। তবে অন্য দিনের তুলনায় কিছুটা কম।মতিঝিল জোনের পুলিশের পরিদর্শক (পিআই) শেখ আবুল বাশার জানান, মতিঝিল এলাকায় সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। বিভিন্ন স্পটে পুলিশ ও র্যাবের সদস্যদের মোতায়েন করা হয়েছে। এজিবি কলোনি, দক্ষিণ কমলাপুর ও ফকিরাপুল এলাকায় কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। দক্ষিণ কমলাপুর এলাকা থেকে ককটেল বিস্ফোরণের সময় তিনজনকে আটক করা হয়েছে।