হরতালে শেয়ারবাজারে স্বাভাবিক লেনদেন
বামপন্থী দুটি জোটের ডাকা হরতালে আজ মঙ্গলবার স্বাভাবিক লেনদেন চলছে দেশের শেয়ারবাজারে। দুই স্টক এক্সচেঞ্জে আজ নির্ধারিত সময়েই লেনদেন শুরু হয়েছে। তবে ব্রোকারেজ হাউসে বিনিয়োগকারীদের উপস্থিতি তুলনামূলক কম। বেলা সাড়ে ১১টায় লেনদেনের এক ঘণ্টা শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম কমেছে। ফলে সূচকের নিম্নমুখী প্রবণতা দেখা যাচ্ছে।প্রত্যক্ষদর্শীরা জানান, হরতালের কারণে মতিঝিলের শাপলা চত্বর ও দিলকুশা ব্যাংকপাড়ায় যানবাহন চলাচল অনেক কম। আশপাশের সড়কে দু-একটি বাস চলাচল করতে দেখা যায়। তবে বিপুলসংখ্যক রিকশা চলাচল করছে। আশপাশের সড়কের পাশে অবস্থিত বিভিন্ন ব্যাংকের প্রধান দরজা বন্ধ থাকতে দেখা যায়; বেশির ভাগ দোকান বন্ধ। তবে বিকল্প দরজা দিয়ে ব্যাংকের কার্যক্রম সারছেন গ্রাহকেরা। ব্রোকারেজ হাউসগুলোতে বিনিয়োগকারীদের উপস্থিতি তুলনামূলক কম বলে বিভিন্ন হাউস সূত্রে জানা গেছে।ডিএসইর প্রকাশনা ও জনসংযোগ বিভাগের উপমহাব্যবস্থাপক শফিকুর রহমান জানান, ডিএসইর সব সদস্য ব্রোকারেজ হাউস নির্ধারিত সময়ের আগেই ডিএসইর ট্রেড সার্ভারে লগইন করায় সকাল সাড়ে ১০টায় লেনদেন শুরু হয়েছে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) জনসংযোগ বিভাগের কর্মকর্তা সানজিদা পারভীন জানান, সিএসইতেও নির্ধারিত সময়ে লেনদেন শুরু হয়।ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, বেলা সাড়ে ১১টায় ডিএসইর সাধারণ মূল্যসূচক ১৩ পয়েন্ট কমে ৪ হাজার ১৬৩ পয়েন্টে ছিল। এর আগে সাড়ে ১০টায় সূচকের নিম্নমুখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন শুরু হয়। ১৫ মিনিটে সূচক দুই পয়েন্ট বাড়লেও বেলা সোয়া ১১টায় ২৬ পয়েন্ট কমে যায় সূচক। এর পর থেকে সূচক কমার হার কিছুটা কমে।এই সময়ে ডিএসইতে মোট ১৯৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে ৯৭টির দাম কমেছে; বেড়েছে ৬৯টির আর অপরিবর্তিত রয়েছে ৩১টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।আলোচ্য সময়ে এই স্টক এক্সচেঞ্জে ৬৯ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।এই সময়ে ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলো হলো: এনভয় টেক্সটাইল, জেনারেশন নেক্সট ফ্যাশন, ইউনিক হোটেল, এনবিএল, ইউনাইটেড এয়ার, ইউসিবিএল, ওয়ান ব্যাংক, এক্সিম ব্যাংক, আরএন স্পিনিং ও সায়হাম কটন।