হরতালে সংঘর্ষ, আটক ৮৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার, লালমনিরহাট, ফেনী ও মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে পুলিশ, আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীদের সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। পিকেটিংয়ের সময় বিভিন্ন স্থান থেকে ৮৫ জনকে আটক করেছে পুলিশ।ঢাকার বাইরে আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর: কক্সবাজার: সকাল নয়টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত কক্সবাজার শহরের প্রধান সড়কে পুলিশের সঙ্গে বিএনপি-ছাত্রদল-যুবদলের নেতা-কর্মীদের দফায় দফায় সংঘর্ষ হয়। জেলার ঈদগাহ, উখিয়া, চকরিয়াসহ বিভিন্ন স্থানে পিকেটাররা দুটি গাড়ি, সাতটি দোকান ও ১০-১২টি রিকশা ভাঙচুর করেছে। কক্সবাজার-৩ আসনের বিএনপির সাংসদ লুৎফুর রহমান দাবি করেন, পুলিশ তাঁদের ২৫ জন নেতা-কর্মীকে আটক করেছে। তবে অতিরিক্ত পুলিশ সুপার নূরে আলম মিনা জানান, বিএনপির পাঁচ কর্মীকে আটক করা হয়েছে।লালমনিরহাট: লালমনিরহাট পৌর এলাকার মিশন মোড় চত্বর ও বিডিআর রোড বড় মসজিদ এলাকা ও গোকুন্ডার ফকিরের তকেয়া বাজারে এলাকায় বিএনপি ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়া, ইট-পাটকেল নিক্ষেপ ও পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় তিন পুলিশ সদস্যসহ ২০ জন আহত হয়েছে ।সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার মহেন্দ্রনগর বুড়ির বাজার এলাকায় বিএনপির কর্মীরা জেলা প্রশাসনের সরকারি গাড়ি ভাঙচুর করে। এ ঘটনায় জড়িত সন্দেহে পাঁচজনকে আটক করা হয়েছে। জেলা বিএনপির সভাপতি সাবেক উপমন্ত্রী আসাদুল হাবিব দাবি করেছেন, পুলিশ ও প্রতিপক্ষের হামলায় হরতালের সময় তাদের ৫০ জন নেতা-কর্মী আহত হয়েছেন।বরিশাল: নগরের সিঅ্যান্ডবি এলাকায় মিছিল, রিকশা ভাঙচুর ও টায়ারে অগ্নিসংযোগ করা হয়। দুপুর একটার দিকে নগরের আদালতপাড়া থেকে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সাংসদ মজিবর রহমান সরোয়ারের নেতৃত্বে একটি মিছিল বের হলে পুলিশ তাতে বাধা দেয় এবং লাঠিপেটা করে। এতে সাংসদ সরোয়ারসহ বিএনপি ও ছাত্রদলের ২০ নেতা-কর্মী আহত হন। এ সময় পুলিশ সেখান থেকে তিনজনকে আটক করে।যশোর: সকাল থেকে শহরের দড়াটানা মোড়, মনিহার, চাঁচড়া, মুড়ুলিসহ বিভিন্ন পয়েন্টে বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীদের ছোট ছোট মিছিল হয়েছে। মিছিলে পুলিশ লাঠিপেটা করে কর্মী-সমর্থকদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় পুলিশ জেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক রায়হান সিদ্দিকী, কোতোয়ালি থানা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক রবিউল ইসলামসহ ২১ জন নেতা-কর্মীকে আটক করে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম বলেন, পুলিশের লাঠির আঘাতে সাত-আটজন নেতা-কর্মী আহত হয়েছেন। বিনা উসকানিতে পুলিশ দুই দিনে ৩২ জন নেতা-কর্মীকে আটক করেছে। গজারিয়া (মুন্সিগঞ্জ): বেলা সোয়া ১১টার দিকে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভবেরচরে বিএনপির নেতা-কর্মীরা মিছিল করে মহাসড়ক অবরোধ করার চেষ্টা করে। উপজেলা ছাত্রলীগের নেতা-কর্মীরা তখন হরতালবিরোধী মিছিল করে বিএনপির ওই মিছিলে হামলা চালায়। এ সময় দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়েছে। এতে মুন্সিগঞ্জ জেলা বিএনপির সদস্য আবদুল হাকিম ঢালীসহ ১০ জন বিএনপির নেতা-কর্মী আহত হয়েছেন। তবে উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহবুব আলম মিছিলে হামলার অভিযোগ অস্বীকার করেছেন। রাজশাহী: নগরের রেলগেট এলাকায় পুলিশের সঙ্গে হরতালকারীদের সংঘর্ষ হয়েছে। এ সময় পুলিশের লাঠিপেটায় আহত হয়েছে আটজন। ঘটনাস্থল থেকে পুলিশ যুবদলের দুই কর্মীকে গ্রেপ্তার করেছে। নাটোর: নাটোরে বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে থেকে গতকাল ১২ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। এদের মধ্যে রয়েছেন জেলা বিএনপির দপ্তর সম্পাদক আলী আকমল বাপ্পী, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মোশাররফ হোসেন মুসা। উল্লাপাড়া (সিরাজগঞ্জ): উল্লাপাড়া উপজেলার বালসাবাড়ি এলাকায় পিকেটিং করার সময় বিএনপির দুই কর্মীকে আটক করেছে পুলিশ। চাঁদপুর: চাঁদপুরে ট্রেন ও লঞ্চ চলাচল স্বাভাবিক ছিল। দু-একটি ছাড়া চাঁদপুর-ঢাকা ও নারায়ণগঞ্জ রুটের অধিকাংশ লঞ্চ নির্দিষ্ট সময়ে আসা-যাওয়া করে। পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) চাঁদপুরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকের হোসাইন জানান, বাবুরহাট এলাকায় চাঁদপুর-কুমিল্লা সড়কে রাস্তায় গাছের গুঁড়ি ফেলে অবরোধ সৃষ্টি করা হয়। চাঁদপুর সদর উপজেলার ১৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সোলায়মান শেখসহ ২০ জনকে আটক করা হয়েছে। ফেনী: সকালে পরশুরাম উপজেলা সদরে পিকেটিং করার সময় স্থানীয় স্টেশন রোডের মাথায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মীদের হামলায় বিএনপির অন্তত সাতজন নেতা-কর্মী আহত হয়েছেন। কুষ্টিয়া: শনিবার রাতে শহরের বিভিন্ন এলাকা থেকে শনিবার রাতে বিএনপির আট নেতা-কর্মীকে আটক করে সদর থানা পুলিশ। গতকাল সকালে শহরের মৌবন এলাকায় পিকেটিংয়ের সময় শহর বিএনপির সাংগঠনিক সম্পাদক এ কে বিশ্বাস ও জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মেজবাউর রহমানসহ পাঁচজনকে আটক করা হয়।ভোলা: শহরে ঢোকার বিভিন্ন পয়েন্টে বিএনপি ও সহযোগী সংগঠনের কর্মীরা সড়কের ওপর গাছের গুঁড়ি রাখে ও টায়ার জ্বালিয়ে দেয় এবং বিক্ষোভ মিছিল করে। এ ঘটনায় সুমন ও মোস্তফা নামের ছাত্রদলের দুই কর্মীকে গ্রেপ্তার করা হয়।