আগামীকাল বৃহস্পতিবার আবার হরতাল দিয়ে ভীতি-আতঙ্ক জিইয়ে রাখল বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মুক্তির দাবিতে কাল আধা বেলা হরতাল ডাকা হয়েছে।এদিকে গতকাল মঙ্গলবার ১৮ দলের সকাল-সন্ধ্যা হরতালেও রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে গাড়িতে আগুন-ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে গত রোববারের রাজপথ অবরোধের তুলনায় গতকাল সহিংসতার মাত্রা কম ছিল। সংখ্যায় কম হলেও রাজধানীর অনেক সড়কে গাড়ি চলতে দেখা গেছে। ফাঁকা রাস্তায় রিকশা চলাচল ছিল অবাধ। ঢাকা থেকে দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি। কুয়াশার কারণে লঞ্চ চলাচল করেনি। তবে ট্রেন ও বিমান চলাচল স্বাভাবিক ছিল। দুপুর ১২টা পর্যন্ত নগরের বেশির ভাগ দোকানপাট বন্ধ ছিল। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানও ছিল সর্বত্র।হরতাল চলাকালে রাজধানীর বিভিন্ন স্থানে তিনটি গাড়িতে আগুন দেওয়া হয়। সকাল সাড়ে সাতটায় কাকরাইলে খাদ্য মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মুশফেকা ইকফাতের গাড়ি ভাঙচুর করা হয়েছে। অবশ্য তখন গাড়িতে সচিব ছিলেন না। নগরের বিভিন্ন স্থান থেকে পুলিশ ৪২ জনকে গ্রেপ্তার করেছে।হরতালবিরোধী মিছিল নিয়ে মাঠে ছিলেন ক্ষমতাসীন আওয়ামী লীগ এবং এর সহযোগী-ভ্রাতৃপ্রতিম সংগঠন যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা। কোথাও কোথাও ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে হরতালবিরোধী মিছিল ও মোটরসাইকেলে মহড়া দিতে দেখা গেছে। নারায়ণগঞ্জে পুলিশি পাহারায় রামদা ও বড় ছোরা হাতে হরতালবিরোধী ‘শান্তি মিছিল’ করেছেন সরকারি দলের কর্মীরা। ঢাকার বাইরে সিলেট, বগুড়া, চাঁদপুর, ভোলা, ময়মনসিংহ ও পাবনায় বিএনপি ও আওয়ামী লীগের কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে পুলিশ, সাংবাদিকসহ ১৫৪ জন আহত হয়েছেন। কয়েকটি জেলায় বিএনপি ও জামায়াতের চারটি কার্যালয়ে হামলা হয়েছে। বিভিন্ন জেলায় হরতাল-সমর্থকেরা ১২৪টি যানবাহন ও ১০টি দোকান ভাঙচুর করেছেন। আগুন দেওয়া হয়েছে আরও ২০টি গাড়িতে। ঈশ্বরদীতে চলন্ত ট্রেনে হামলা, বগুড়ায় অ্যাম্বুলেন্সে ও গাইবান্ধায় পুলিশের গাড়িতে আগুন দিয়েছে হরতালকারীরা।বিএনপি দাবি করেছে, ঢাকা মহানগরসহ সারা দেশে বিএনপির এক হাজার ১০০ জনের বেশি নেতা-কর্মীকে গ্রেপ্তার এবং সরকারি বাহিনীর হামলায় ৮৪৭ জনের অধিক নেতা-কর্মী আহত হয়েছেন। এ ছাড়া জামায়াতে ইসলামীর ১৫০ জনকে গ্রেপ্তার ও ৫০ জনকে আহত করা হয়েছে বলে দাবি করা হয়।নতুন কর্মসূচি ঘোষণা: হরতাল শেষে গতকাল সন্ধ্যায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে নতুন কর্মসূচি ঘোষণা করেন দলের স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার। কর্মসূচির মধ্যে রয়েছে: বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুলের মুক্তির দাবিতে আজ বুধবার সারা দেশের সব থানা, উপজেলা ও পৌরসভায় বিক্ষোভ মিছিল করবে ১৮ দল। এর মধ্যে মির্জা ফখরুলকে মুক্তি না দিলে কাল বৃহস্পতিবার সকাল ছয়টা থেকে বেলা দুইটা পর্যন্ত সারা দেশে হরতাল পালন করা হবে।সংবাদ সম্মেলনে বিএনপির কেন্দ্রীয় নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন আবদুল্লাহ আল নোমান, সাদেক হোসেন খোকা, রুহুল কবির রিজভী আহমেদ প্রমুখ।বিএনপির কার্যালয় অবরুদ্ধ: হরতালকে কেন্দ্র করে গতকাল সকাল থেকে সারা দিন রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় কার্যত অবরুদ্ধ করে রাখে পুলিশ। কার্যালয়ের ভেতর আটকে পড়া নেতা-কর্মীদের কেউ দিনভর বের হতে পারেননি। কাউকে ঢুকতেও দেওয়া হয়নি। সকাল থেকে প্রবেশমুখের দুই পাশে সারিবদ্ধভাবে অবস্থান নেয় পুলিশ। পাশাপাশি ছিল সাদা পোশাকের পুলিশও। কার্যালয়ে ঢুকতে গিয়ে গ্রেপ্তার হন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য জামাল শরীফসহ তিন কর্মী।আগের দিন সন্ধ্যায় মির্জা ফখরুলকে গ্রেপ্তার করার পর থেকে দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ ২৫-৩০ জন নেতা-কর্মী কার্যালয়ের ভেতরই অবস্থান করেন। গ্রেপ্তার এড়াতে তাঁরা সেখানেই রাত কাটান।যাত্রাবাড়ী ও শনির আখড়া: গতকাল সকাল সাড়ে ছয়টার দিকে হরতাল-সমর্থকেরা যাত্রাবাড়ী থানার দোলাইরপাড়ে লেগুনা নামের একটি হিউম্যান হলারে আগুন দেয়। তারা টায়ারে আগুন ধরিয়ে আতঙ্কের সৃষ্টি করে। প্রায় একই সময়ে যাত্রাবাড়ী থানার কাজলারপাড়ে হরতালের সমর্থনে একটি মিছিল বের হয়। সকাল সাতটায় শনির আখড়ায় চারটি বাস ভাঙচুর করা হয়।সকাল ১০টায় বিএনপির নেতা-কর্মীরা যাত্রাবাড়ী শহীদ ফারুক সড়কে মিছিল করার চেষ্টা করলে পুলিশ ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয়।ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা: শহীদ মিনার এলাকায় সকালে ছাত্রদলের মিছিলে পুলিশ বাধা দিলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। ছাত্রদলের নেতা-কর্মীরা ওই এলাকায় কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটান। মিছিল শেষে ফেরার পথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হলের সামনে থেকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক মাসুদ খান ওরফে পারভেজকে গ্রেপ্তার করে পুলিশ।এ ছাড়া ভোর ছয়টার দিকে কার্জন হল এলাকায় একটি সিএনজিতে আগুন দেওয়া হয়। টিএসসি ও সোহরাওয়ার্দী উদ্যান এলাকা থেকে ছয়জনকে সন্দেহজনক গতিবিধির অভিযোগে আটক করে পুলিশ।