হরতালে সহিংসতার শিকার মানুষগুলোর দুর্বিষহ জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছয় বছরের শিশু মো. সোহান জানে না, তাকে নিয়ে কত উদ্বেগ-উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন তার স্বজনেরা। হরতালের সময় পিকেটারদের ছোড়া ইটের আঘাতে আহত হয় সোহান। গত ছয় দিনেও তার জ্ঞান ফেরেনি। সোহানের পরিবারের মতো প্রায় একই দুশ্চিন্তায় দিন কাটছে হরতালের সহিংসতার শিকার তিন পুলিশ কর্মকর্তার পরিবারের। ঘটনার পর কয়েক দিন অজ্ঞান থাকা তিন পুলিশ কর্মকর্তার জ্ঞান ফিরেছে বটে; তবে কাটছে না উৎকণ্ঠা। উপপরিদর্শক (এসআই) মকবুল, জাহাঙ্গীর আলম ও আবদুস সবুরের দিন কাটছে হাসপাতালের বিছানায়।১১ এপ্রিল হরতাল চলাকালে মা শাহনাজ আক্তারের কোলে বসে বাসে করে ফরিদপুরের বোয়ালমারীর সশ্রাহীল গ্রামে নানার বাড়িতে যাচ্ছিল সোহান। বাসটি রামচন্দ্রপুর এলাকায় পৌঁছালে কয়েকজন যুবক ইটপাটকেল নিক্ষেপ করে বাসে ভাঙচুর চালান। একটি ইট এসে পড়ে সোহানের মাথায়। রক্তাক্ত ও অচেতন অবস্থায় তাকে নেওয়া হয় বোয়ালমারী স্বাস্থ্য কমপ্লেক্সে। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। গতকাল মঙ্গলবার পর্যন্ত তার জ্ঞান ফেরেনি। গতকাল সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে দেখা যায়, কাত হয়ে শুয়ে আছে শিশুটি। নাকে নল। জোরে জোরে শ্বাস নিচ্ছে। মাঝেমধ্যে হাত-পা ছুড়ছে। পাশে বাবা সেলিম শেখ। চোখেমুখে দুশ্চিন্তার ছাপ। মা শাহনাজ আক্তার কেঁদেই চলেছেন। সেলিম শেখ বলেন, ‘পোলাডার মুখের দিকে চাইয়া থাকি, কহন চোখ মেলে তাকায়। কিন্তু চোখ মেলে না।’ফল বিক্রেতা বাবা বলেন, ‘ডাক্তার আসেন, দেখে চলে যান। আর কিছু বলেন না। কবে জ্ঞান ফিরবে জানতে চাইলে এক ডাক্তার বলেন, আরও দুই-তিন দিন সময় লাগবে।’ ধারকর্য করে চলছে শিশুটির চিকিৎসা। এসআই মকবুল: হরতালে সহিংসতার শিকার রাজশাহী মহানগরের মতিহার থানার শিক্ষানবিশ উপপরিদর্শক (এসআই) মকবুল হোসেন। গত ৩১ মার্চ জামায়াত-শিবিরের বোমা হামলায় তাঁর ডান হাতের কবজি উড়ে যায়। ক্ষতিগ্রস্ত হয় বাঁ হাতের চারটি আঙুল। মকবুল বর্তমানে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন। পরিবার জানায়, ব্যান্ডেজ করা হাতের দিকে তাকিয়ে মাঝেমধ্যে কান্নায় ভেঙে পড়েন মকবুল।মকবুলের বাবা আনসার আলী প্রথম আলোকে বলেন, ‘মকবুলের ভবিষ্যৎ নিয়ে বেশ দুশ্চিন্তায় আছি।’ আনসার আলীও ছিলেন পুলিশের সদস্য। জাহাঙ্গীর আলম: জামায়াত-শিবিরের নৃশংসতার শিকার আরেক পুলিশ কর্মকর্তা জাহাঙ্গীর আলম। ১ এপ্রিল রাজশাহীতে শিবিরের কর্মীরা তাঁর মাথা থেঁতলে দেন। এখন তিনি রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে চিকিৎসাধীন। ১০ দিন পর তাঁর জ্ঞান ফিরেছে। গতকাল মঙ্গলবার হাসপাতালে গিয়ে দেখা যায়, একদিকে ফেল ফেল করে তাকিয়ে আছেন জাহাঙ্গীর। মাথা ও হাতে ক্ষত চিহ্ন। সাংবাদিক পরিচয় পেয়ে অনেক কষ্টে উঠে বসলেন। কাঁদতেই কাঁদতেই বললেন, ‘৩৮ বছর ধরে পুলিশে আছি। এমন হামলার শিকার হইনি কখনো।’৫৬ বছরের জাহাঙ্গীর আলম বলেন, ‘হামলাকারীরা আগে থেকেই ওত পেতে ছিল। মাথা থেঁতলে যাওয়ায় রক্ত ঢুকে আমার চোখ বন্ধ হয়ে যায়। তবে জ্ঞান ছিল। একপর্যায়ে আমি বুঝতে পারছিলাম, এক নারীসহ কয়েকজন আমাকে হাসপাতালে নিয়ে যাচ্ছেন। পরে জানতে পারি, ওই নারীর নাম ঝরনা বেগম। তাঁর ঋণ শোধ করার সামর্থ্য আমার নেই। আমার কমিশনার স্যারের (আরএমপি) কাছেও কৃতজ্ঞতা জানানোর ভাষা আমার জানা নেই। শুরু থেকে এ পর্যন্ত আর্থিক ও মানসিকভাবে তিনি আমাকে ও আমার পরিবারকে যথেষ্ট সমর্থন দিয়েছেন, সাহস জুগিয়েছেন।’জাহাঙ্গীর বলেন, শোয়া থেকে উঠলেই মাথা চক্কর দিয়ে ওঠে। ডান কাঁধ অবশ। দৃষ্টিও কিছুটা ঝাপসা হয়ে গেছে। হাসপাতালের চিকিৎসক জুবায়ের হোসেন বলেন, বড় ধরনের হামলা থেকে বেঁচে আসার পর যে মানসিক সমস্যা হয়, জাহাঙ্গীরের তা-ই হয়েছে। তাঁর মধ্যে ভীতি কাজ করছে। এ কারণে তিনি স্নায়ু-মনস্তাত্ত্বিক (নিউরো সাইক্রিয়াটিক) সমস্যায় ভুগছেন।এসআই সবুর: ২ এপ্রিল জামায়াত-শিবিরের কর্মীরা দিনাজপুর পুলিশের বিশেষ শাখার উপপরিদর্শক (এসআই) আবদুস সবুরের মাথা থেঁতলে দেন। বর্তমানে তিনি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন। ১৩ দিন পর গত রোববার রাতে তাঁর জ্ঞান ফিরেছে। চিকিৎসকদের সঙ্গে কথা বলে আমাদের দিনাজপুর প্রতিনিধি জানান, শারীরিক অবস্থার উন্নতি হলেও এখনো আশঙ্কামুক্ত নন সবুর। তাঁর কথাবার্তায় অসংলগ্নতা আছে।