হরতালে সারা দেশে আটক ৯৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কয়েকটি স্থানে বিক্ষোভ, পুলিশের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের সংঘর্ষ ও গাড়ি ভাঙচুরের ঘটনা ছাড়া সারা দেশে আজ রোববার মোটামুটি শান্তিপূর্ণভাবে হরতাল পালিত হচ্ছে। রাজশাহী, ফরিদপুর, দিনাজপুর, যশোর, সুনামগঞ্জ, সিরাজগঞ্জ, বরগুনা, কুমিল্লা, নোয়াখালী ও চাঁদপুর থেকে বিএনপির ৯৪ জন নেতা-কর্মীকে আটক করা হয়েছে। রাজশাহীতে পুলিশের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের সংঘর্ষের সময় সাংবাদিকসহ ১৫ জন আহত হন। আমাদের নিজস্ব প্রতিবেদক, প্রতিনিধি ও অফিস থেকে পাঠানো সংবাদ:রাজশাহী: রাজশাহীর ভুবনমোহন পার্কে বেলা ১১টার দিকে মহানগর বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এ সময় পুলিশ ও সাংবাদিকসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে পুলিশ তিনজনকে আটক করেছে।ফরিদপুর: ফরিদপুরে আংশিক হরতাল পালিত হয়েছে। দুপুর ১২টা পর্যন্ত কিছু কিছু দোকানপাট বন্ধ থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা খুলে যায়। তবে খালেদা জিয়াকে সেনানিবাসের বাড়ি থেকে সরিয়ে দেওয়ার প্রতিবাদে শহরে যানবাহন ভাঙচুরের ঘটনায় দুই বিএনপি নেতাকে আটক করা হয়।নাটোর: সকাল থেকে জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ের প্রধান ফটকে পুলিশ মোতায়েন ছিল। জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল হক অভিযোগ করেছেন, পুলিশি বাধার মুখে বিএনপি নেতা-কর্মীরা হরতালে রাস্তায় নামতে পারেনি। দিনাজপুর: বিএনপির ডাকা হরতালের কারণে ঢাকাসহ বাইরের জেলা থেকে ঈদ উপলক্ষে ঘরে ফেরা মানুষদের বহনকারী নৈশ কোচগুলো সকালে দিনাজপুর শহরে ঢুকতে পারেনি। শহরের বিভিন্ন মোড়ে বিএনপি ও সহযোগী সংগঠনের কর্মীরা সক্রিয় ছিলেন। রিকশা-সাইকেল ভাঙচুর এবং সড়ক অবরোধ করার চেষ্টা করায় পুলিশ ২২ জনকে আটক করে। যশোর: বিএনপির নেতা-কর্মীরা শহরের বকচর এলাকায় আট থেকে ১০টি যাত্রীবাহী পরিবহন ও পণ্যবাহী ট্রাক ভাঙচুর করে সড়কের ওপর টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে। পিকেটিং ও বিক্ষোভ মিছিল করার সময় শহরের বিভিন্ন পয়েন্ট থেকে বিএনপির ১২ জন কর্মীকে আটক করেছে পুলিশ। গত রাতে চারজনকে আটক করা হয়। সুনামগঞ্জ: সুনামগঞ্জে শান্তিপূর্ণ হরতাল পালিত হয়েছে। দূরপাল্লার বাসসহ কোনো যানবাহন চলাচল করেনি। হরতাল চলাকালে বিএনপির সাতজন কর্মীকে আটক করে পুলিশ। সিরাজগঞ্জ: পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের মধ্য দিয়ে আজ সিরাজগঞ্জে বিএনপির ডাকা হরতাল পালিত হয়েছে। ছাত্রদল ও বিএনপির কর্মীরা মিছিল করে শহরের প্রধান সড়কে আসতে চাইলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। হরতাল চলাকালীন পিকেটাররা শহরের এসএস রোডে দুটি দোকান ভাঙচুর করে। পুলিশ দুজনকে আটক করে।আমতলী (বরগুনা): আজ বরগুনার আমতলীতে বিএনপির ছয় নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। ব্রাহ্মণপাড়া (কুমিল্লা): হরতালে নাশকতার আশঙ্কায় কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার বিভিন্ন গ্রাম থেকে পুলিশ পাঁচজনকে আটক করেছে। নোয়াখালী: সকাল নয়টায় হরতালের সমর্থনে নোয়াখালী শহরে একটি বিক্ষোভ মিছিল বের করে ছাত্রদল ও যুবদলের কর্মীরা। মিছিলটি শহর প্রদক্ষিণ করে জেলা জামে মসজিদের সামনে গেলে পুলিশ ধাওয়া ও লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দেয়। সেখান থেকে একজনকে আটক করে পুলিশ। গত রাতে ২৭ জনকে আটক করা হয়। চাঁদপুর: চাঁদপুরে বিএনপির ডাকা সকাল-সন্ধা হরতাল চলাকালে পুলিশ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ইব্রাহিম কাজী জুয়েলসহ ছাত্রদলের তিন নেতাকে আটক করেছে। এ ছাড়া একই সময়ে শহরের কালীবাড়ি এলাকায় বিএনপির নেতা-কর্মী ও পুলিশের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া এবং ইটপাটকেল নিক্ষেপ হয়।