সম্মিলিত ইসলামী ও সমমনা ১১টি দল সংবাদ সম্মেলনে বলেছে, হরতালের প্রথম দিনে আজ রোববার পুলিশ সারা দেশে তাঁদের ৫০০ নেতা-কর্মীকে আটক করেছে। পুলিশের হামলায় সারা দেশে আহত হয়েছেন ২০০ জন নেতা-কর্মী।আজ রোববার বিকেলে রাজধানীর পুরানা পল্টনে বাংলাদেশ খেলাফত মজলিশের কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন ডাকা হয়।সংবাদ সম্মেলনে খেলাফত আন্দোলনের মহাসচিব জাফরুল্লাহ খান বলেন, ৩০ ঘণ্টার হরতালের প্রথম দিন সফল হয়েছে। মানুষ স্বতঃস্ফূর্তভাবে হরতাল করেছে।দলের আরেক নেতা আবদুর রব ইউসুফি বলেছেন, হরতালে সরকার পুলিশকে লেলিয়ে দিয়ে অযথা পরিবেশকে উত্তপ্ত করার চেষ্টা করেছে। বিদেশিদের ইঙ্গিতেই সরকার এমনটা করেছে বলে তিনি দাবি করেন।সংবাদ সম্মেলনে খেলাফত আন্দোলনের আমির আহমেদ উল্লাহ আশরাফ সভাপতিত্ব করেন।এদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মো. রেজাউল করিম পৃথক এক সংবাদ সম্মেলনে বলেছেন, আজকের হরতালে পুলিশ সারা দেশ থেকে তাঁদের এক হাজার ২৫৩ জন কর্মীকে গ্রেপ্তার করেছে। এর মধ্যে রাজধানী ঢাকা থেকেই পুলিশ গ্রেপ্তার করেছে ২০০ জন নেতা-কর্মীকে। তিনি বলেন, পুলিশের লাঠিপেটা ও হামলায় সারা দেশে দুই হাজার ৫৭১ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে গুরুতর আহত হয়েছেন ৩৭১ জন।আজ রোববার রাজধানীর পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।সৈয়দ মো. রেজাউল করিম আরও বলেন, হরতালের প্রথম দিনে আজ দলের নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে চার দিনের কর্মসূচি দেওয়া হবে। ইসলামী আন্দোলন বাংলাদেশ ১২ জুলাই চট্টগ্রামে সমাবেশ, ১৩ জুলাই রাজধানী ঢাকায় বিক্ষোভ মিছিল, ১৪ জুলাই সারা দেশের জেলা শহরে বিক্ষোভ সমাবেশ ও ১৫ জুলাই রাজধানীর মুক্তাঙ্গনে সমাবেশ ও গণমিছিল করবে।সংবাদ সম্মেলনে দলের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানি, মহাসচিব ইউনুছ আহাম্মদ প্রমুখ ছিলেন।