হরতালে হামলা, ২০ পোশাক কারখানায় ছুটি
টঙ্গীর গাজীপুরা এলাকায় আজ মঙ্গলবার সকালে হরতাল সমর্থনকারীরা ভিয়েলাটেক্স, তারাটেক্স, ইউনিভার্স নিটিং, ইএইচ ফেব্রিকসসহ প্রায় ১০-১২টি কারখানায় ভাঙচুর করেছে। হামলায় ওই কারখানাগুলোর অর্ধশতাধিক শ্রমিক আহত হয়েছেন। ঘটনার খবর পেয়ে শিল্প পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকাল সাড়ে নয়টার দিকে হরতালের সমর্থক ২৫-৩০ জনের একটি দল লাঠিসোঁটা ও রড হাতে মিছিল নিয়ে গাজীপুরা এলাকায় প্রবেশ করে। এ সময় তারা বিভিন্ন কারখানায় ইট পাটকেল ছুড়ে ভাঙচুর চালায় ও শ্রমিকদের মারধর করে। এতে শ্রমিকদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার পর কারখানা কর্তৃপক্ষ ওই এলাকায় কমপক্ষে ২০টি কারখানায় ছুটি ঘোষণা করে। গাজীপুর জেলা শিল্প পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. মানিক প্রথম আলো ডটকমকে জানান, ‘পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’