হরতালে হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ
বিএনপি ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর ডাকা ৪৮ ঘণ্টার হরতালের কারণে দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি স্থলবন্দর দিয়ে আজ বুধবার সকাল থেকে আমদানি-রপ্তানি বন্ধ আছে। ফলে সীমান্তের উভয় পাশে শতাধিক পণ্যবাহী ট্রাক আমদানি-রপ্তানির অপেক্ষায় আটকা পড়েছে।ভারতে হিলি এক্সপোর্টার অ্যান্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি অশোক কুমার মণ্ডল প্রথম আলোকে জানিয়েছেন, হরতালের কারণে সকাল থেকে বাংলাদেশে কোনো পণ্য রপ্তানি করা হয়নি। এ কারণে বিভিন্ন পণ্যবাহী শতাধিক ট্রাক ভারত অংশের সীমান্তে আটকা পড়েছে।বন্দরের কাস্টমস সহকারী কমিশনার মো. মিনহাজ উদ্দিন পাহলোয়ান জানান, হরতালের কারণে ২৫টি ট্যাংক-লরি পানামা হিলি পোর্টে ভারতে রপ্তানির অপেক্ষায় আটকা পড়ে আছে।হিলি ইমিগ্রেশন চেকপোস্টের অফিসার ইনচার্জ মো. নূরুল ফেরদৌস জানান, হরতালের কারণে বন্দরের আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও পাসপোর্টের মাধ্যমে দুই দেশের মধ্যে যাত্রী পারাপার হচ্ছে। তবে অন্যান্য দিনের তুলনায় যাত্রীর সংখ্যা ছিল অনেক কম।