হরতালেই সীমাবদ্ধ থাকছে বিএনপির রাজনৈতিক কর্মসূচি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোট রাজনৈতিক কর্মসূচি হিসেবে আপাতত বহুল সমালোচিত হরতালকেই বেছে নিয়েছে। সরকারবিরোধী আন্দোলনের শুরুর দিকে বিএনপি হরতালের চেয়ে সমাবেশ, গণসংযোগেই বেশি গুরুত্ব দিয়েছিল। এখন জোটের নেতারা বলছেন, সমাবেশ বা মহাসমাবেশের মতো কর্মসূচি সফল করা বেশ কঠিন। সে তুলনায় হরতাল অনেক সহজ কর্মসূচি।বিএনপির নের্তৃত্বাধীন জোট গত মার্চে নয় দিন হরতাল দিয়েছে। আর এপ্রিলে এখন পর্যন্ত হরতাল দিয়েছে পাঁচ দিন।জোটের কর্মসূচির বাইরে শরিক দল জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবির পৃথকভাবে হরতাল দিয়েছে। কেবল পত্রিকা অফিস ও টেলিভিশনে সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়ে দিয়ে হরতাল আহ্বান করে তারা। এই কায়দায় বিভিন্ন জেলায় যখন-তখন হরতাল ডাকছে এই দলগুলো।১০ এপ্রিল ঢাকায় বড় সমাবেশের ঘোষণা দিয়েছিল বিএনপি। বলা হয়েছিল, খালেদা জিয়া তাতে উপস্থিত থাকবেন। কিন্তু সেই সমাবেশ বাতিল করা হয় এবং ওই দিন হরতাল ডাকা হয়। পরে দলটির স্থায়ী কমিটির এক বৈঠকে ১৫ এপ্রিল সমাবেশটি করার প্রাথমিক সিদ্ধান্ত হয়, কিন্তু তা আর কার্যকর হয়নি। সর্বশেষ খালেদা জিয়াকে প্রধান অতিথি করে চলতি মাসের শেষে ঢাকায় একটি বড় ধরনের সমাবেশের চিন্তা ছিল ১৮-দলীয় জোটের। কিন্তু তা-ও আর এখন হচ্ছে না।বিএনপি ও জোটের কয়েকজন দায়িত্বশীল নেতার সঙ্গে কথা বললে তাঁরা জানান, এই মুহূর্তে বড় ধরনের সমাবেশ করার মতো অবস্থা তাঁদের নেই। তাঁরা বলেন, এটা আর্থিক নয়, সাংগঠনিক ও লোকবলের সমস্যা। জ্যেষ্ঠ নেতাদের বেশির ভাগ কারাগারে। ফলে নেতা-কর্মীদের সরাসরি অংশগ্রহণ করতে হয় এবং ব্যাপক প্রস্তুতি ও পরিকল্পনা নিয়ে এগোতে হয় এমন কর্মসূচি দেওয়া থেকে আপাতত বিরত থাকছে বিএনপি। তাই হরতালের ওপর নির্ভরশীল হয়ে পড়ছে সরকার পতন ও তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহালের দাবিতে আন্দোলনরত বিএনপি।বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্য স্বীকার করেছেন, বড় ধরনের সমাবেশ করার মতো সাংগঠনিক প্রস্তুতি এই মুহূর্তে বিএনপির নেই। বিশেষ করে ঢাকায় হেফাজতে ইসলামের মহাসমাবেশ হওয়ার পর তাঁদের জোট চ্যালেঞ্জের মুখে পড়েছে। ওই নেতার মতে, হেফাজতের এত বড় সমাবেশের পর ১৮ দলের সমাবেশ যদি সে তুলনায় ছোট হয়, তাতে সাধারণ মানুষের কাছে সাংগঠনিক ক্ষমতা প্রশ্নের মুখে পড়বে। তার ওপর আছে সরকারের চাপ। এ জন্য সমাবেশ করা থেকে আপাতত বিরত থাকছে বিএনপি।বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান প্রথম আলোকে বলেন, সরকার তাঁদের দাঁড়াতেই দিচ্ছে না। এ জন্য মহাসমাবেশের মতো কর্মসূচি পালন করা সম্ভব হচ্ছে না। মূলত এ কারণেই তাঁদের হরতালের মতো কর্মসূচির দিকে যেতে হচ্ছে। তিনি বলেন, কেন্দ্রীয় নেতাদের অনেকেই আটক আছেন। কিন্তু মাঠপর্যায়ে তাঁদের সংগঠনের ভিত অনেক মজবুত।বিএনপির উচ্চপর্যায়ের সূত্র জানায়, খালেদা জিয়াকে প্রধান অতিথি করে ঢাকায় একটি মহাসমাবেশ করার চিন্তা মার্চ থেকেই করা হয়। এর অংশ হিসেবে ওই সময়ে খালেদা জিয়া মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, বগুড়া ও সাতক্ষীরা জেলায় সমাবেশ করেন। কিন্তু কয়েকবার উদ্যোগ নেওয়া হলেও সেই বড় সমাবেশ করা যায়নি। বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সমাবেশের জন্য ১০, ১৫ ও ২৯ এপ্রিল—মোট তিনবার সময় নির্ধারণ করা হয়। এর মধ্যে কেবল ১০ এপ্রিল সমাবেশ করার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়েছিল। কিন্তু ব্যাপক লোকসমাগম করা সম্ভব না-ও হতে পারে—এমনটা ভেবেই সেই সমাবেশ বাতিল করা হয়। এর পরিবর্তে ওই দিন হরতাল ডাকা হয়।বিএনপি সূত্রে জানা গেছে, জোটের মহাসমাবেশে ঢাকায় লোক আসতে বাধা দেওয়া হবে—এমনটা ধরে নিয়ই কর্মসূচি বাস্তবায়নের চেষ্টা চালানো হয়েছিল। কিন্তু মনস্তাত্ত্বিক বাধা হয়ে দাঁড়ায় হেফাজতের সমাবেশ। ব্যাপক বাধা সত্ত্বেও বিপুল লোকের সমাগম হয় ওই সমাবেশে। তার পরপর এর চেয়ে ছোট আকারের সমাবেশের রাজনৈতিক তাৎপর্য কী হবে, তা নিয়ে সন্দিহান হয়ে পড়ে বিএনপি।বিএনপির জন্য আরও চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য। হেফাজতের সমাবেশে আগত লোকদের মধ্যে অন্তত এক লাখ লোক তাঁদের জোটের বলে দাবি করেন তিনি। এখন নিজেদের কর্মসূচিতে অন্তত এক লাখ বা আরও বেশি লোকের সমাগম না হলে এই বক্তব্য নিয়ে বিপাকে পড়তে হতে পারে বিএনপিকে। সমাবেশ করার ক্ষেত্রে এসব বিষয় বিবেচনায় নেওয়া হচ্ছে বলে জানান একাধিক নেতা। এর মধ্যে শীর্ষস্থানীয় নেতারা একের পর এক কারাগারে গেলে বড় জমায়েতের সামর্থ্য নিয়ে আরও সন্দিহান হয়ে পড়েন তাঁরা।বিএনপির স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান প্রথম আলোকে বলেন, তাঁদের দল ও জোট মনে করে, দাবি আদায়ে হরতালই বেশি কার্যকর। হরতালের ভাষাটাই সরকার ভালো বোঝে। মহাসমাবেশ করা থেকে পিছিয়ে যাওয়ার কারণ সম্পর্কে তিনি বলেন, ‘এটা হবে। গুছিয়ে উঠতে সময় লাগে।’