হরতালেও পত্রিকা পরিবহনে বাধা, গাড়ি ভাঙচুর
বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকে গতকাল মঙ্গলবারের হরতালে দেশের বিভিন্ন স্থানে পত্রিকাবাহী গাড়ি ভাঙচুর ও চলাচলে বাধা দেওয়া হয়েছে।পত্রিকাবাহী গাড়ি হরতালের আওতামুক্ত রাখার ঘোষণা দেওয়া হলেও পিকেটাররা গাড়িতে হামলা চালায়। এর আগে ৯ ডিসেম্বর একই জোটের ডাকা অবরোধের সময়ও পত্রিকাবাহী গাড়ি ভাঙচুর করা হয়।পাবনা অফিস জানায়, ঢাকা-পাবনা মহাসড়কের গঙ্গারামপুরে গতকাল পিকেটাররা একটি পত্রিকাবাহী গাড়ি ভাঙচুর করে; অপর একটি পত্রিকাবাহী গাড়িকে ফিরিয়ে দেওয়া হয়।প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, গতকাল সকাল আটটার দিকে সিরাজগঞ্জ থেকে ছেড়ে আসা দুটি পত্রিকাবাহী গাড়ি পাবনা সদর উপজেলার আতাইকুলায় পৌঁছালে হরতাল-সমর্থকেরা গাড়ি দুটি আটকে দেয়। এ সময় কয়েকজন লোক গাড়ি দুটি সড়ক পার করে দেওয়ার কথা বলে আতাইকুলা বাজার থেকে গঙ্গারামপুর বাজারে নিয়ে আসেন। সেখানে অবস্থানরত পিকেটাররা একটি গাড়িতে ভাঙচুর শুরু করে। পরে স্থানীয় লোকজন পিকেটারদের সরিয়ে ওই গাড়িকে পাবনার উদ্দেশে ছেড়ে দেয়; অপর গাড়িটির চালক গঙ্গারামপুরেই সব পত্রিকা রেখে ফিরে যান।ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি জানান, ঘাটাইলের বানিয়াপাড়া এলাকায় সংবাদপত্রবাহী গাড়িতে হামলা চালিয়েছে পিকেটাররা। হামলায় গাড়ির সামনের কাচ ক্ষতিগ্রস্ত হয়। এ ব্যাপারে গাড়ির তত্ত্বাবধায়ক আবদুস সাত্তার ঘাটাইল থানায় অভিযোগ করেছেন।নাটোর ও রাজশাহীতে প্রথম আলোবাহী গাড়িসহ আরও কয়েকটি পত্রিকাবাহী গাড়ি চলাচলে বাধা দেওয়া হয়। চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশে ছেড়ে যাওয়া একটি গাড়ি প্রায় এক ঘণ্টা আটকে রাখা হয়।খুলনা-যশোরগামী একটি গাড়ি লালন শাহ সেতুর কাছে পৌঁছালে পিকেটারদের হামলায় গাড়ির কাচ ভেঙে যায়।বগুড়ায় প্রথম আলোবাহী গাড়ি আটকে রাখে পিকেটাররা। অন্য পত্রিকাবাহী গাড়ি চলাচলেও বাধা দেওয়া হয়। এদিকে দৌলতদিয়া ফেরিঘাট পার হওয়ার পর দক্ষিণাঞ্চলের পত্রিকাবাহী সব গাড়ি তিন ঘণ্টা আটকে রাখে পিকেটাররা। পরেও বিভিন্ন স্থানে গাড়িগুলো বাধার মুখে পড়ে।