হরতালের আগুনে দগ্ধ তরুণের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হরতালের আগুনে শরীরের শতকরা ৯০ ভাগ পুড়ে যাওয়া তরুণ ব্যবসায়ী মোশাররফ হোসেন (২২) মারা গেছেন। গতকাল শনিবার রাত দেড়টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।বার্ন ইউনিট সূত্র ও নিহতের পরিবার বিষয়টি নিশ্চিত করেছে।প্রসঙ্গত, গত বুধবার রাতে চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকায় আম নিয়ে আসার সময় নাটোরে ট্রাকে আগুন দেয় হরতালকারীরা। এতে তাঁর শরীরের ৯০ ভাগ পুড়ে যায়। জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থাকা মোশাররফকে ওইদিনই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। হাসপাতালের বেডে শুয়ে ভাঙা গলায় মোশাররফ প্রথম আলোকে ঘটনার বর্ণনা দেন এভাবে, ‘আমরা কানসাট হাট থিকা আইতাছিলাম। নাটোর শহরের কাছাকাছি আইছি (নাটোর শহরে ঢোকার মুখে, তেবাড়িয়ায়)। হঠাৎ দেহি রাস্তার উপরে কয়ডা গাছ ফেলানো। ড্রাইভার জায়গায় ব্রেক করল। গাড়ি থামার লগে লগে ১০-১৫টা পোলা দৌড়ায়া আইল। কয়েকজনের হাতে লাডি আর বোতল। কয়েকজন ঢিলাইতে শুরু করল। আর কয়েকজন আইয়াই বাইড়ানি শুরু করল। এর মধ্যে একজন বোতল মারল। এক মিনিটের ভিতরেই পুরা গাড়ির ভিতরে আগুন ধইরা গেল। আমি পড়ছি আগুনের মইধ্যে। আমি বাইরাইতে পারতাছিলাম না। জানালা দিয়া লাফ দিলাম, পড়লাম জঙ্গলের (ঝোপ) ওপর। হেরপর দুইডা পোলা দৌড় দিয়া আয়া আমারে উডাইল। আমারে পুড়া দেইখা হ্যারা আমারে ফালাইয়া দৌড় দেয়।’মোশাররফের গ্রামের বাড়ি শরীয়তপুরের জাজিরায়। ঢাকার হাজারীবাগ, কোম্পানীঘাটে বাবা-মার সঙ্গে থাকতেন তিনি। মোশাররফের বাবা আইয়ুব আলী ফুটপাতে কলা বিক্রি করেন।