হরতালের আগে ছয় গাড়িতে আগুন
হেফাজতে ইসলাম ও বিএনপির ডাকা হরতালের আগে আজ রোববার রাজধানীর মতিঝিল, ফকিরাপুল, কাকরাইল, রাজারবাগ, বাসাবোতে ছয়টি গাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষ এসব খবর জানা গেছে। রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের সামনে ব্যাংকের একটি স্টাফ বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। পরে মতিঝিলের এজিবি কলোনির সামনে আরেকটি বাসে আগুন দেওয়া হয়। বাসটি সম্পূর্ণ পুড়ে গেছে। ফকিরাপুলে পানির ট্যাংকির সামনে একটি লেগুনায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পরে স্থানীয় লোকজন আগুন নিভিয়ে ফেলেন। মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বি এম ফরমান আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। কাকরাইলে একটি স্কুলের সামনে বাসে ও বাসাবোতে বৌদ্ধমন্দিরের সামনে একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রাজারবাগেও একটি গাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে এসব ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এ ছাড়া প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সন্ধ্যা সোয়া ছয়টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে পাঁচটি ককটেল বিস্ফোরণ করা হয়েছে।