হরতালের আগে ভাঙচুর-আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের হরতাল কাল মঙ্গলবার সকাল ৬টা থেকে শুরু হবে। শেষ হবে সন্ধ্যা ৬টায়। কাল ছাত্র শিবিরও হরতাল ডেকেছে। হরতালের আগের দিন আজ সোমবার নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে একটি সংবাদ মাধ্যমের গাড়িসহ তিনটি গাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে। বিস্ফোরণ ঘটানো হয়েছে কয়েকটি ককটেলের। ঢাকার ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষ সূত্র জানায়, গতকাল রাত পর্যন্ত কেবল রাজধানীতেই ১১ গাড়িতে আগুন দেওয়া হয়। আর সারা দেশে শিবিরের ঝটিকা মিছিল থেকে যানবাহন ভাঙচুর, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে। গত রোববার বিকেলে রাজধানী থেকে শিবিরের সভাপতি দেলাওয়ার হোসেনকে গ্রেপ্তারের পর থেকে শুরু হয় এ ধ্বংসযজ্ঞ। বিরোধীদলীয় নেতাকর্মীদের মুক্তি, ‘গণহত্যা’ বন্ধ, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন ও সরকার পতনের এক দফা দাবি আদায়ের লক্ষ্যে ১৮ দলীয় জোট হরতাল ডেকেছে। আর সংগঠনের সভাপতিকে গ্রেপ্তারের প্রতিবাদে হরতাল দিয়েছে ছাত্র শিবির। হরতালে আইন শৃঙ্খলা রক্ষায় সন্ধ্যা থেকে বিজিবি মোতায়েন করা হয়েছে।বিএনপি কার্যালয়ের সামনে আগুন: সকাল ১০টার দিকে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপির বিক্ষোভ সমাবেশ শুরু হয়। বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয় লক্ষ্য করে গতকাল রোববার রাতে দুর্বৃত্তদের গুলির প্রতিবাদে গতকাল দলটি এ সমাবেশের আয়োজন করে। দুপুর ১২টার দিকে সমাবেশে বক্তব্য শুরু করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি প্রায় সাড়ে ১২টা পর্যন্ত বক্তব্য দেন। সমাবেশ সমাপ্তি ঘোষণা করে মির্জা ফখরুল নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, ‘আপনারা সবাই শান্তিপূর্ণভাবে চলে যান।’ এ সময় নেতা-কর্মীদের মধ্যে হঠাত্ই হুড়োহুড়ি শুরু হয়। সমাবেশ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে কার্যালয়ের পশ্চিম দিকে গাজী টাওয়ারের কাছে একটি সাদা মাইক্রোবাসে আগুন ধরিয়ে দেওয়া হয়। পরপর বিস্ফোরিত হয় কয়েকটি ককটেল। এর কয়েক মিনিট পর পূর্ব দিকে আরও দুটি গাড়িতে আগুন দেওয়া হয়। এর মধ্যে একটি ছিল বিএনপির সমাবেশের খবর সংগ্রহের কাজে নিয়োজিত বেসরকারি টেলিভিশন এটিএন নিউজের গাড়ি এবং অপরটি একটি সাদা রঙের সিডান কার। এটিএন নিউজের গাড়ির ভেতর ওই সময় চালক ছিলেন। চালক সোলায়মানের মাথার চুল ও কিছু অংশ অগ্নিদগ্ধ হয়েছে। তাঁকে হাসপাতালে নেওয়া হয়। এটিএন নিউজের গাড়িতে আগুন ধরানোর পর অন্যান্য বেসরকারি টেলিভিশনের গাড়ি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। ওই স্থানে থাকা বিএনপির সমর্থক ও কর্মীদের বৈশাখী টেলিভিশন ও মাছরাঙা টেলিভিশনের গাড়ি লক্ষ্য করে ঢিল ছুড়তে দেখা গেছে।সহিংসতা শুরুর সঙ্গে সঙ্গে মির্জা ফখরুল ও ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানসহ কেন্দ্রীয় নেতারা কার্যালয়ের মধ্যে ঢুকে পড়েন। বেলা দুইটার দিকে তাঁরা কেন্দ্রীয় কার্যালয় ত্যাগ করেন। এ সময় সাংবাদিকেরা তাঁর কাছে জানতে চান, ‘আপনি শান্তিপূর্ণভাবে চলে যেতে বলার পরও কীভাবে এ ঘটনা ঘটল।’ তিনি এ প্রশ্নের উত্তর দেননি।প্রায় একই সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ্ হলের সামনে দুপুর সোয়া ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বহনকারী একটি দোতলা বাসে (বিআরটিসি) আগুন দেয় দুর্বৃত্তরা। বাসটি তখন রাস্তার পাশে ছিল। বেলা আড়াইটা ও বিকেল পৌনে পাঁচটার দিকে ক্যাম্পাসে ছয়টি ককটেলের বিস্ফোরণ ঘটে। এ ছাড়া মৃত্তিকা, পানি ও পরিবেশবিজ্ঞান ভবন, পদার্থবিজ্ঞান ভবন ও টিএসসি এলাকা থেকে ১১টি ককটেল উদ্ধার করা হয়েছে বলে জানান বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর আমজাদ আলী।দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তিনটি গাড়িতে আগুন দেওয়া হয়। সন্ধ্যায় ও রাতে কারওয়ান বাজারে বিজিএমইএ ভবনের সামনে একটি বাস, ওয়াসা ভবনের সামনে একটি ট্যাক্সিক্যাব, তেজগাঁও রেজিস্ট্রি অফিসের সামনে একটি বাস, রামপুরায় তুরাগ পরিবহনের একটি বাসে, সায়েদাবাদে শ্যামলী পরিবহনের বাসে, আদাবর থানার সামনে একটি বাসে ও বিজয়নগর পানির ট্যাংকির কাছে একটি গাড়িতে আগুন দেয় দুর্বৃত্তরা।বগুড়ায় বিস্ফোরণে প্রকৌশলী আহত: সন্ধ্যা থেকে রাত সোয়া ১১টা পর্যন্ত শহরের বিভিন্নস্থানে ১৪/১৫টি ককটেল বিস্ফোরিত হয়েছে। রাত সাড়ে আটটার দিকে বগুড়া সার্কিট হাউজের কাছে পরপর তিনটি ককটেল বিস্ফোরিত হয়। এতে বগুড়া গণপূর্ত বিভাগের উপসহকারী প্রকৌশলী খাদেমুল ইসলাম আহত হয়েছেন। তাঁকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।রাত সোয়া ১১টার দিকে বগুড়া রেল স্টেশনে স্টেশন মাস্টারের কক্ষে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। ফায়ার সার্ভিস আগুন নেভায়। সদর থানার ওসি সৈয়দ শহীদ আলম বলেন, জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা এসব নাশকতা ও বিস্ফোরণ ঘটাচ্ছে।এর আগে শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়কে রোববার সন্ধ্যায় যানবাহন ভাঙচুর করেন ও ককটেলের বিস্ফোরণ ঘটান শিবির কর্মীরা। এ সময় আতঙ্কে মহাসড়কে প্রায় ৪০ মিনিট যান চলাচল বন্ধ থাকে।শিবিরের ঝটিকা মিছিল থেকে হামলাদেশের বিভিন্ন স্থানে আজ ছাত্রশিবির ঝটিকা মিছিল থেকে যানবাহন ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে এবং ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে। রাজশাহীতে পুলিশের এক উপপরিদর্শকের মাথা থেঁতলে দিয়ে গুরুতর আহত করেছেন শিবিরের কর্মীরা। রোববার সন্ধ্যা থেকে বিভিন্ন স্থান থেকে ৮৪ জনকে আটক করেছে পুলিশ। পুরান ঢাকার বংশাল মোড়ে বেলা সাড়ে তিনটার দিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের ঝটিকা মিছিল থেকে ১০টি বাস ভাঙচুর করা হয়। পুলিশ ধাওয়া করলে শিবিরকর্মীরা দুটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যান।সিলেট: বিকেলে সিলেট নগরের দরগা গেটের আম্বরখানা থেকে শিবির ঝটিকা মিছিল শুরু করে। চৌহাট্টা মোড়ের দিকে যাওয়ার পথে মিছিলকারীরা রাস্তার মাঝখানে টিনের কৌটাভর্তি ভাঙা কাচ ফেলে আগুন দেয়। এতে আতঙ্কের সৃষ্টি হয়। ওই রাস্তায় প্রায় আধা ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।মহানগর শিবিরের সেক্রেটারি আবদুর রাজ্জাক দাবি করেন, তাঁদের মিছিল শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। সহিংসতা ছড়াতে অন্য কেউ এ কাজ করতে পারে।সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, নাশকতার পরিকল্পনায় এমনটি করা হয়ে থাকতে পারে।নরসিংদী: শিবির কর্মীরা হরতালের সমর্থনে ঝটিকা মিছিল থেকে শহরের আদালতপাড়া ও কলেজ সড়কে ছয়টি অটোরিকশা ও একটি ওষুধের দোকান ভাঙচুর করেন। পুলিশ এ সময় তিনজনকে আটক করে।ফরিদপুর: বেলা তিনটার দিকে ২৫-৩০ জন শিবির কর্মী লাঠিসোটা ও ইট হাতে ঝটিকা মিছিল নিয়ে মুজিব সড়কে ছয়টি যানবাহন ও একটি দোকান ভাঙচুর করেন। স্থানীয় লোকজন ও পুলিশের ধাওয়ায় তাঁরা পালিয়ে যান। সেখান থেকে দুজনকে পুলিশ আটক করে।টাঙ্গাইল: দুপুরে টাঙ্গাইলের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় ৩০-৪০ জনের ঝটিকা মিছিল থেকে দুটি গাড়ি ও সাতটি অটোরিকশা ভাঙচুর করেন শিবির কর্মীরা।ফেনী: বেলা সোয়া ১১টার দিকে ২৫-৩০ জন শিবির কর্মী ফেনী শহরের শহীদুল্লা কায়সার সড়কে ঝটিকা মিছিল করে। মিছিল থেকে চার-পাঁচটি যানবাহন ভাঙচুর করা হয়। পুলিশ শটগানের ১৩টি গুলি ছুড়ে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে সাতজনকে আটক করে। ফেনী সদর থানার ওসি মোয়াজ্জেম হোসেন বলেন, আটককৃতদের তথ্য যাচাই করা হচ্ছে।খুলনা: সকাল আটটার দিকে নগরের টুটপাড়া কবরখানা মোড়ে শিবিরের ১০০-১৫০ জন নেতা-কর্মী মিছিল বের করে সড়ক অবরোধ করেন। তাঁরা একটি বাস ও একটি ব্যাটারিচালিত অটোরিকশা ভাঙচুর এবং একটি অটোরিকশায় অগ্নিসংযোগ করেন। এ সময় তাঁরা সাত-আটটি ককটেলের বিস্ফোরণ ঘটান। ঘটনার পর বিভিন্ন স্থান থেকে পুলিশ পাঁচজনকে গ্রেপ্তার করে।সদর থানার ওসি শাহাবুদ্দিন আজাদ বলেন, মহানগর জামায়াতের নায়েবে আমির আবদুল মতিনের নেতৃত্বে মিছিলটি বের হয়।বসুপাড়ায় দেলাওয়ার হোসাইন সাঈদীর প্রতিষ্ঠিত দারুল কুরআন সিদ্দিকিয়া মাদ্রাসার ছাত্রাবাস থেকে পুলিশ গতকাল আলিম শ্রেণীর ৫২ জন ছাত্রকে গ্রেপ্তার করে।সন্ধ্যা সাতটার দিকে নিউমার্কেট এলাকায় জামায়াত-শিবিরের ঝটিকা মিছিল থেকে পুলিশের একটি গাড়ি ও তিনটি ইজিবাইকে আগুন দেওয়া হয়। এ ছাড়া কয়েকটি দোকান ভাঙচুর ও পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করা হয়।দিনাজপুর: রাত আটটার দিকে জামায়াত-শিবিরের কর্মীরা শহরের উপজেলা পরিষদের সামনে মহাসড়কে হাজী দানেশ বিশ্ববিদ্যালয়ের একটি বাস ভাঙচুর করেন।চট্টগ্রাম: জামায়াত-শিবির কর্মীরা গত রোববার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ছোট কমলদহ ও বারইয়ারহাট বিএসআরএম এলাকায় যাত্রীবাহী একটি বাস ও দুটি ট্রাকে আগুন দেন। এ ঘটনায় অজ্ঞাতনামা ৮০ জনের বিরুদ্ধে মিরসরাই থানায় দুটি মামলা হয়েছে। পুলিশ রোববার রাতে পাঁচ শিবির কর্মীকে গ্রেপ্তার করেছে।পটিয়ায় আজ দুপুরে শিবিরের মিছিল থেকে ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ ধাওয়া দিলে মিছিলকারীরা ককটেলের বিস্ফোরণ ঘটায়।চাঁদপুর: রোববার রাতে গাছের গুঁড়ি ফেলে ঘোষেরহাটে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়ক অবরোধের চেষ্টাকালে চারজন শিবির কর্মীকে আটক করে পুলিশ। শিবিরের কেন্দ্রীয় সভাপতিকে গ্রেপ্তারের প্রতিবাদে তাঁরা অবরোধের চেষ্টা করেছিলেন।আজ সকালে কচুয়া থানার পুলিশ শিবিরের আরও এক কর্মীকে আটক করে।মামলা ও গ্রেপ্তারনীলফামারী: জেলার জলঢাকায় রোববার রাতে পাঁচটি বাস-ট্রাক ভাঙচুরের ঘটনায় জামায়াত-শিবিরের ৩৭ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা করেন শ্রমিক নেতা জসিয়ার রহমান। পুলিশ এ ঘটনায় জয়নাল আবেদীন ও নাজমুল ইসলাম নামে দুজনকে গ্রেপ্তার করে।পটুয়াখালী: গতকাল রোববার রাতে শহরের সদর রোড থেকে পৌর জামায়াতের সেক্রেটারি কামাল হোসেনকে আটক করে পুলিশ। তাঁর বিরুদ্ধে ফরিদপুর ও পটুয়াখালী থানায় যানবাহনে আগুন দেওয়াসহ একাধিক নাশকতার মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।বাগেরহাট: বাগেরহাট-খুলনা সড়কের বকুলতলায় গতকাল রোববার বিকেলে বিআরটিসির বাস ভাঙচুরের ঘটনায় জামায়াত-শিবিরের ১১ নেতার নামোল্লেখসহ অজ্ঞাতনামা ৩০০-৪০০ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা করেছে পুলিশ।মেহেরপুর: জেলার গাংনী থানার পুলিশ গতকাল রোববার রাতে জাহাঙ্গীর আলম ও মহিবুল ইসলাম নামের দুই জামায়াত সমর্থককে আটক করে।[প্রতিবেদন তৈরিতে তথ্য দিয়ে সহায়তা করেছেন প্রথম আলোর ঢাকার বাইরের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিরা]